ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

শনিবার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম


শনিবার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। তিনি শনিবার (১৭ অক্টোবর) ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়ার পর সেটি সলিসিটরের কাছে পাঠানো হয়।

শিউলি খানমের পদত্যাগের ফলে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা নতুন করে সামনে এসেছে। এর আগে ২১ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেন। এরও আগে গত ৯ সেপ্টেম্বর পদত্যাগ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা।

আরও পড়ুন: ফের অশান্ত ভারতের মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিহতদের লাশ রেখে বিক্ষোভ

গত ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন পাঁচ আইন কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এছাড়া সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন।

এর আগে গত জুন মাসে সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

আরও পড়ুন: ফ্রান্সের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের হাতে কারফিউ জারির ক্ষমতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংবিধান সংশোধন নাকি সংস্কার, দুই মেরুতে বিএনপি-জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


সংবিধান সংশোধন নাকি সংস্কার, দুই মেরুতে বিএনপি-জামায়াত

জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে রাষ্ট্রকাঠামো সংস্কারের উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনার পর জাতীয় সনদে স্বাক্ষর করে। তবে নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর সেই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতভিন্নতা দেখা দিয়েছে। সংবিধান সংশোধন নাকি সংস্কার- এই প্রশ্নে বিএনপি ও জামায়াতে ইসলামী মুখোমুখি অবস্থানে রয়েছে। ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রকাঠামো পরিবর্তনের যে প্রত্যাশা ছিল, তা রাজনৈতিক বিরোধের কারণে বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় সই করে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল। পরে গণফোরাম ও জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) সনদে সই করে। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশগ্রহণ করলেও বামধারার চারটি দল সনদে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়।

সনদে স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রকাঠামো সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের একটি ভিত্তি তৈরি হলেও বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে সনদের প্রস্তাবগুলো বাস্তবায়নে উদ্যোগী হয়েছে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দাবি, মৌলিক সংবিধান সংস্কার প্রয়োজন, কেবল সংশোধন নয়। এ নিয়ে সংসদে এবং সংসদের বাইরেও রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পাচ্ছে।

এই পরিস্থিতিতে সংবিধান সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। কমিটি পেশাজীবীদের সঙ্গে এখন পর্যন্ত সাতটি বৈঠক করেছে। এসব বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে সংসদে চূড়ান্ত প্রস্তাবনা দেয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রস্তাবগুলো নিয়ে আবারও গণভোট আয়োজনের পরিকল্পনার কথাও জানা গেছে।

দীর্ঘ মেয়াদে কার্যকর ও টেকসই সংবিধান সংশোধনের লক্ষ্যেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

তিনি বলেন, “সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বসেছে। আমরা যাদের কাছে মতামত জানতে চাচ্ছি, কী করলে দীর্ঘ সময়ের জন্য সংবিধান সংশোধন করতে পারি, সে বিষয়ে তাদের পরামর্শ নিচ্ছি।”

বিরোধী দলের জন্য কমিটির দরজা খোলা রয়েছে জানিয়ে চিফ হুইপ আরও বলেন, “বিরোধী দলের জন্য সবসময় দরজা খোলা রয়েছে। কমিটিতে তাদের আমরা স্বাগত জানাই। সবার মতামতকে গুরুত্ব দিয়ে আমরা সংবিধান সংশোধন করতে চাই।”

তবে সরকারের এই উদ্যোগ নিয়ে জামায়াতে ইসলামীর আপত্তি রয়েছে। দলটির দাবি, বিরোধী দলের মতামত উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নিলে তা ভবিষ্যতে নতুন রাজনৈতিক সংকট তৈরি করতে পারে। বিশেষ কমিটিকে বয়কট করে সংবিধান সংস্কারের দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিরোধী দল কমিটিতে না গেলেও সরকারের কার্যক্রম থেমে থাকবে না—এমন মনোভাব ক্ষমতাসীনদের মধ্যে ফ্যাসিবাদী প্রবণতার প্রতিফলন।’

অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিএনপি আগেও ক্ষমতায় থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা মানতে চায়নি। কিন্তু একপর্যায়ে সেই ব্যবস্থা মেনে নিয়ে সংশ্লিষ্ট বিল পাস করে ক্ষমতা ছাড়তে হয়েছিল দলটিকে। তাই এত অহংকার ভালো না।’

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘বিরোধী দলসহ সংসদে ৯০ জন সদস্য রয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১টি দল আন্দোলন করছে। তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

এদিকে, বিরোধী দলের মতামত ছাড়া সংবিধান সংশোধন করা হলে ১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে বলে সতর্ক করেছে জামায়াত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮, বিদ্যুৎবিচ্ছিন্ন ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৮, বিদ্যুৎবিচ্ছিন্ন ১০ লাখ মানুষ

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ৬০ জন আহত হয়েছেন। হামলার ফলে দুটি বিপণিবিতান ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। শুক্রবার ইউক্রেনের কর্মকর্তাদের মাধ্যমে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এই দিন ইউক্রেনের নয়টি অঞ্চলে হামলা চালানো হয়। পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিনটি জেলায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী এবং ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হন। আহতদের মধ্যে ১২ জন রয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ এই তথ্য নিশ্চিত করেন।

দোনেৎস্ক অঞ্চলের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে দুজন নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরও দুজনের মৃত্যু হয়েছে।

পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় ড্রোন হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন, আঞ্চলিক গভর্নর রোমান রোমানিউক এ তথ্য জানিয়েছেন।

কিয়েভ থেকে পোল্যান্ডগামী গুরুত্বপূর্ণ সড়কের পাশে কোভেল শহরে একটি শুল্ক টার্মিনালে ড্রোন হামলা হয়। হামলার ফলে প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়।

রিভনে শহরে একটি বড় বিপণিবিতানসহ বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন, আঞ্চলিক গভর্নর ওলেকসান্দর কোভাল এ তথ্য জানান। সম্মুখসারির নিকটবর্তী সুমি শহরের একটি বিপণিবিতানেও হামলা হয়েছে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখেরও বেশি মানুষের সংযোগ পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন মেরামতকর্মীরা।

ভোলিন অঞ্চলে প্রায় তিন লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এর মধ্যে অন্তত এক লাখ পরিবারের বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।

আঞ্চলিক রাজধানী লুৎস্কে বিদ্যুৎবিভ্রাট অন্তত ২৪ ঘণ্টা স্থায়ী হতে পারে বলে শহরের মেয়র আন্দ্রি রাজুমভস্কি জানিয়েছেন। রিভনে শহরের বড় অংশও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনাপোলে দেশীয় পিস্তলসহ ভ্যানচালক মিয়ারাজ গাইন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


বেনাপোলে দেশীয় পিস্তলসহ ভ্যানচালক মিয়ারাজ গাইন আটক

যশোরের বেনাপোলে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৭) নামের এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় এলাকায় বেনাপোল-যশোর মহাসড়কের মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মুরগিবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যানের তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাভারণ থেকে মুরগি ভর্তি একটি ইঞ্জিনচালিত ভ্যানে অস্ত্রের একটি চালান নিয়ে বেনাপোলের দিকে আসছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার একটি টহল দল ভবারবেড় নামক স্থানে মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে ওই ইঞ্জিনচালিত ভ্যানটি আসলে তার গতিরোধ করে তল্লাশির সময় ভ্যানটির চালকের সিটের নিচে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় তৈরি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ (দুই) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থানার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিকে যশোর আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এডেন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


এডেন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, দায় স্বীকার হুতিদের

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : শুক্রবার ইয়েমেনের এডেন শহরের বিমানবন্দর এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ তথ্য জানায় এডেনের কর্তৃপক্ষ, যা সৌদি সমর্থিত সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী। হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা।

হুতিরা বর্তমানে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং তাদের সৌদি মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।

এডেন থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে খবর প্রকাশ করেছে। হুতিদের এক সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, সৌদি বাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একটি অস্ত্রাগারকে লক্ষ্য করে হামলা পরিচালনা করা হয়েছে বদর শিবিরে।

এএফপি’র একজন সাংবাদিক বিমানবন্দরের আশপাশে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনেন। তবে তিনি নিশ্চিত করতে পারেননি ঠিক কোথায় আঘাত হানা হয়েছে।

ইয়েমেনের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কায়রোগামী ইয়েমেনিয়া এয়ারওয়েজের একটি বিমান অল্পের জন্য ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পেয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হুতি সশস্ত্র গোষ্ঠী বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে। ক্ষেপণাস্ত্র দুটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার এবং রানওয়ের কেন্দ্র থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘এটি কেবল একটি বেসামরিক বিমানবন্দরে হামলা নয়। বরং যাত্রী ও বিমানের ক্রুদের জীবন, বিমান চলাচলের নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির গুরুতর লঙ্ঘন।’

রাজধানী নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানায়, হুতি আন্দোলনের যোদ্ধাদের ছোড়া দুটি রকেট এডেন আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে আঘাত হেনেছে। এটি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই ধরনের দ্বিতীয় ঘটনা।

বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%