আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৫৪ পি.এম
কুলাউড়ায় ব্যক্তিগত দখলে থাকা ২৯ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের নসিরগঞ্জ বাজারের পাশে বিলেরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জমি উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই এলাকায় সরকারি ২৯ শতক খাস জমি বিভিন্ন ব্যক্তির দখলে থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে জমিগুলো উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। এ সময় সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে রফু মিয়া নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রাখার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিরাই উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক ও তৃণমূল নেতা জনাব মঈন উদ্দিন চৌধুরী মাসুককে ঘিরে আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।
নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ সময় ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের পাশে থেকে এবং সুখে-দুঃখে তাদের খোঁজখবর রেখে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন মঈন উদ্দিন চৌধুরী মাসুক। এ কারণে তৃণমূল বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মীর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছে।
নেতাকর্মীরা আরও বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে মঈন উদ্দিন চৌধুরী মাসুক এগিয়ে আছেন—এমন আলোচনা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে রয়েছে। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মাঠপর্যায়ে সক্রিয়তার বিষয়টি স্থানীয় রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ১৩জন মাদক কারবারী ও বিভিন্ন অপরাধে ৩৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা ও এসকাফ সিরাপসহ মাদক বিক্রির নগদ অর্থ মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৫৯পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৬ হাজার ৬৭০ টাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: মানিক চাঁদ সওদাগর (৩৫), সাব্বির হোসেন (২০) ও সাদ্দাম হোসেন (১৯)।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সাব্বির ও সাদ্দাম মানিকের সহযোগী হিসেবে মাদক বিক্রিতে যুক্ত রয়েছে।
এদিকে কাটাখালী, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা, শাহমখদুম, পবা ও মতিহার থানা পুলিশের পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। এসব অভিযানে ১৯০ গ্রাম গাঁজা, ২৪পিস ট্যাপেন্টাডল, ৭পিস ইয়াবা ও একটি এসকাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। নগরীর শাহমখদুম থানা এলাকায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযানে একজন পালিয়ে গেলেও তাকে গ্রেফতারে অভিযান চলছে।
গ্রেফতারকৃতদের মধ্যে সাগরের বিরুদ্ধে তিনটি মাদক মামলা, সাব্বিরের বিরুদ্ধে দুটি মাদক ও একটি পেনাল কোডের মামলা এবং রনির বিরুদ্ধে পাঁচটি মাদক ও একটি পেনাল কোডের মামলা রয়েছে।
এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ এর মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত, ১৬ জন মাদক মামলার আসামি এবং অন্য মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির লক্ষ্যে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সৌদি আরবে স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগানোর জন্য এই আহ্বান জানান।
আজ সোমবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম বাসস-কে এ তথ্য জানান।
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করে যে, সৌদি আরবে ভিশন ২০৩০, ওয়ার্ল্ড এক্সপো এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০৩৪-কে কেন্দ্র করে বিশাল উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড, অবকাঠামো নির্মাণ এবং দক্ষ জনশক্তির চাহিদা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কার্যকর অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে তারা।
রাষ্ট্রপতি এই বিপুল সম্ভাবনা ও সুযোগ কাজে লাগানোর জন্য প্রতিনিধিদলকে পরামর্শ দেন এবং এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় সংগঠনটি জানায়, চেম্বারের ব্যবসায়ী ও উদ্যোক্তারা কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত দক্ষ জনশক্তিকে সম্পৃক্ত করে সৌদি আরবের পাঁচটি বড় শহরে বাংলাদেশের পণ্য, সেবা ও সম্ভাবনাময় খাতগুলোর পরিচিতি তুলে ধরতে কাজ করছে। তারা দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার পাশাপাশি ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ প্রতিষ্ঠায় কাজ করছে।
সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে ঢাকায় অনুষ্ঠিতব্য আসন্ন আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন এবং পরিচালক প্রীতি চক্রবর্তী, এ বি এম সিদ্দীক, মো. সাজ্জাদ উন নেওয়াজ প্রমুখ।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিব উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হয়েছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। এটি ঘটেছে হোয়াইট হাউসের এক রাষ্ট্রীয় নৈশভোজ মিস করার পর। গত রবিবার ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে তারা একটি বিশেষ নৈশভোজে অংশ নেন।
সিএনবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সম্মানে আয়োজিত হোয়াইট হাউসের রাষ্ট্রীয় নৈশভোজে ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, স্পেসএক্সয়ের ইলন মাস্ক এবং গুগলের সুন্দর পিচাইয়ের মতো শীর্ষ প্রযুক্তি নির্বাহীরা উপস্থিত ছিলেন। কিন্তু শিডিউল জটিলতার কারণে আমোদেই সেখানে উপস্থিত হতে পারেননি। এই পরিস্থিতিতে ট্রাম্প তাকে বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানান।
বৈঠকটি একটি গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন অ্যানথ্রপিক শেয়ার বাজারে বড়ভাবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এর পাশাপাশি, মাত্র দুদিন আগে একটি মার্কিন ফেডারেল আপিল আদালত পেন্টাগনের পক্ষে রায় দিয়ে অ্যানথ্রপিককে ‘সাপ্লাই চেইন রিস্ক’ (সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি) হিসেবে বহাল রেখেছে। এর ফলে মার্কিন সামরিক বাহিনীতে তাদের এআই মডেল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
এআই-এর আন্তর্জাতিক নিয়মনীতি প্রণয়ন নিয়েও ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমোদেইর মতবিরোধ বিদ্যমান। আমোদেই যেখানে কড়া বৈশ্বিক নিয়ন্ত্রণের পক্ষে, ট্রাম্প প্রশাসন সেখানে এআই খাতের ওপর থেকে সরকারি বিধিনিষেধ শিথিল করার পক্ষে। এর উদ্দেশ্য হলো, চীন যেন এই প্রযুক্তির দৌড়ে আমেরিকাকে ছাড়িয়ে যেতে না পারে।
অ্যানথ্রপিকের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক বর্তমানে টানাপড়েনের মধ্যে রয়েছে। তাই প্রেসিডেন্টের সঙ্গে আমোদেইর এই একান্ত বৈঠকটি দুই পক্ষের মধ্যকার উত্তেজনা কমানোর একটি সুযোগ হতে পারে।
রবিবারের এই নৈশভোজ নিয়ে সিএনবিসির এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা একদম পরিষ্কার। "গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করে আমেরিকা এআই প্রযুক্তিতে বিশ্বে নেতৃত্ব দেবে। আমরা নতুন নতুন আবিষ্কারকে উৎসাহিত করব, আমেরিকার প্রতিযোগিতার সক্ষমতা বাড়াব এবং নিশ্চিত করব যেন এই রূপান্তরমূলক প্রযুক্তি আমেরিকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করে," বিবৃতিতে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ