০৩:৫৭ পি.এম
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন বলেছেন, তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক এবং সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে চান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ভূরঘাটা পৌর বাস টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
আনিছুর রহমান তালুকদার খোকন জানিয়েছেন, ‘আপনারা এই টার্মিনালকে এমনভাবে রক্ষণাবেক্ষণ করবেন, যাতে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বাস টার্মিনালে পরিণত হয়। পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সচেতনতার বিকল্প নেই।’
আরও পড়ুন: মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার আহ্বান সিরাজুল ইসলামের
এমপি খোকন মন্তব্য করেছেন, ভূরঘাটা ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। দীর্ঘ সময় ধরে এখানে নির্ধারিত কোনো বাস টার্মিনাল না থাকায় মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হতো। এর ফলে প্রায়ই যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধি পেত।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতায় ১৯টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ২০১৮ সালের মে মাসে ভূরঘাটা পৌর বাস টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। প্রায় ২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১ একর ৩০ শতাংশ জমির ওপর নির্মিত টার্মিনালটির কাজ ২০১৯ সালের ডিসেম্বরেই শেষ হয়ে গিয়েছিল, তবে নানা কারণে দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে এটি চালু করা সম্ভব হয়নি। অবশেষে প্রায় সাড়ে ছয় বছর পর টার্মিনালটি উদ্বোধন করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, কালকিনি পৌরসভার প্রকৌশলী রাকিব হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আরও পড়ুন: সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন