০৬:৫৭ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, দলীয়করণ এবং বিভিন্ন সেক্টরে দখলদারিত্বের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘বিএনপির লোকজন কি পড়াশোনা করে না? পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন?'
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, হাটবাজার—সবকিছু দখল করা হচ্ছে এবং ব্যবসায়ীদের রুজি-রোজগারে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের পাশাপাশি চাকরির বাজারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
দেশ পরিচালনার ক্ষেত্রে কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশ চালাতে হলে অন্তত চাকরির বাজারটা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখা উচিত। মেধার পরিবর্তে দলীয় পরিচয়, যোগ্যতার পরিবর্তে তদবির এবং পরীক্ষার পরিবর্তে প্রশ্নফাঁস চলতে থাকলে দেশ কীভাবে চলবে? এ ধরনের দূরদর্শিতাহীন কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি মন্তব্য করেন, যদি এমনটা চলতে থাকে, তবে একসময় দল হিসেবে নিজেদের সর্বনাশ ডেকে আনবে, যা নিজের লেজ নিজেই খেয়ে ফেলার মতো পরিস্থিতি হবে।
আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান
পোস্টের শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী মেধাভিত্তিক সমাজ গঠনের দাবি জানিয়ে বলেন, সকল পরীক্ষা প্রশ্নফাঁসমুক্ত হতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া থেকে কোটার অপব্যবহার ও দলীয়করণের অবসান ঘটাতে হবে। তিনি চাঁদাবাজি ও দখলদারিত্ব পরিহার করে মেধা, যোগ্যতা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন