মিজানুর রহমান প্যাদা পটুয়াখালী
মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৫৩ পি.এম
পটুয়াখালীর দুমকি উপজেলার ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় আয়োজিত এ বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জনাব রানা হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন হাওলাদার, পাঙ্গাশিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোশারফ চৌকিদারসহ স্থানীয়রা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে হত্যা করার অভিযোগ উঠেছে ২৪ বছর বয়সী যুবক ইমনের বিরুদ্ধে। এ ঘটনার সময় তাকে থামাতে গিয়ে গুরুতর আহত হন তার ভাবী। পুলিশ এই ঘটনায় ইমনকে আটক করেছে।
এই ঘটনা সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নে ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন, ইমনের মা পেয়ারা বেগম (৬০) এবং তার ৮ মাস বয়সী ভাতিজি। আহত রাবেয়া আক্তার, নিহত শিশুটির মা এবং ইমনের ভাবী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ইমন আত্মহত্যার চেষ্টা করলে তার মা পেয়ারা বেগম ও ভাবী রাবেয়া আক্তার তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমন দা দিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তিনি মাকে কুপিয়ে হত্যা করেন এবং ৮ মাস বয়সী ভাতিজিকে ছুড়ে ফেলে দেন।
ইমনকে থামাতে গিয়ে গুরুতর আহত হন রাবেয়া আক্তার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ইমন আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাকে বাধা দেওয়ার কারণে তিনি তার মা ও ভাবীকে আঘাত করেন এবং ভাতিজিকে ছুড়ে ফেলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি বলেন, ঘটনাস্থলেই ইমনের মা ও ভাতিজির মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। এই ঘটনায় ইমনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে কুমিল্লা থেকে সিআইডির একটি দল গিয়ে আলামত সংগ্রহ করেছে।
পুলিশ জানায়, সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, ইমন দিনমজুর হিসেবে কাজ করতেন। সম্প্রতি একটি দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। সোমবার সকালে পায়ে তীব্র ব্যথা অনুভব করলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে স্থানীয়দের দাবি। এ সময় মা ও ভাবী তাকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস নতুন একটি সরাসরি সম্প্রচার চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু করেছে।
চ্যানেলটির সম্প্রচার শুরু হয় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায়। এএফপির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রাম্প টিভিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন ভিডিও এবং উল্লেখযোগ্য মুহূর্ত ২৪ ঘণ্টা সরাসরি সম্প্রচার করা হবে। এসব বিষয় নিয়মিতভাবে হালনাগাদ করা হবে।
চ্যানেলটি চালুর পর সেখানে গত ৩ জুলাই মাউন্ট রাশমোরে ট্রাম্পের দেওয়া একটি বক্তব্যের পুরোনো ভিডিও সম্প্রচার করা হচ্ছিল।
এই চ্যানেলটি চালুর ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংবাদমাধ্যমগুলোর বিরোধ তীব্র আকার ধারণ করেছে। গত শুক্রবার ট্রাম্প সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দেন। পরে ওই তিন সংবাদমাধ্যম প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।
এর প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পাঁচটি বড় টেলিভিশন নেটওয়ার্ক—এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স ও এনবিসি—হোয়াইট হাউসের যৌথ সংবাদ সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখে। সেদিন সিএনএন হোয়াইট হাউসের টেলিভিশন সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকার কথা ছিল।
সাধারণত হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও প্রেসিডেন্টের কার্যক্রমের ভিডিও ধারণের জন্য এক বা একাধিক সংবাদমাধ্যমকে দায়িত্ব দেওয়া হয়। পরে অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো সেই ভিডিও ব্যবহার করতে পারে। এই ব্যবস্থাকেই যৌথ সংবাদ সংগ্রহ বলা হয়।
পাঁচটি বড় সংবাদমাধ্যম এক বিবৃতিতে উল্লেখ করেছে, "সরকারের কার্যক্রম সম্পর্কে সঠিক ও স্বাধীন তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে।" তারা আরও বলেন, "কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন পছন্দ না হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা উচিত নয়।"
ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রচলিত সংবাদমাধ্যমের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে মিথ্যা বা নেতিবাচক খবর প্রকাশ করে।
সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে নিষিদ্ধ করার ঘোষণার পরও তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি। সংবাদমাধ্যমকে তিনি ‘ক্যানসার’ এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন।
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে পক্ষপাতমূলক প্রচারণা চালানোর অভিযোগ করেছেন। তবে তিনি বলেন, এসব সংবাদমাধ্যম এখনো খবর প্রকাশ করতে পারবে এবং মতপ্রকাশের স্বাধীনতাও থাকবে।
ট্রাম্পের ঘোষণার পর শনিবার সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের সংবাদকর্মীদের প্রবেশপত্রও বাতিল করা হয়।
এই তিন সংবাদমাধ্যম আদালতে গিয়ে এই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করার আবেদন করেছে। তাদের দাবি, হোয়াইট হাউসে প্রবেশাধিকার বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে থাকা সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। বুধবার এ বিষয়ে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
এদিকে সোমবার (২১ সেপ্টেম্বর) ওই তিন সংবাদমাধ্যম জানিয়েছে, তারা হোয়াইট হাউসের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই করবে।
সংবাদমাধ্যমগুলোর বিরোধের মধ্যে সোমবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে নতুন হেলিপ্যাড উদ্বোধন করেন ট্রাম্প। তবে বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো যৌথ সংবাদ সংগ্রহ বন্ধ রাখায় অনুষ্ঠানটি তাদের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়নি।
হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হলেও ট্রাম্পের বক্তব্যের পুরো শব্দ শোনা যায়নি।
এএফপিসহ কয়েকটি আলোকচিত্র সংবাদমাধ্যমও নিষিদ্ধ তিন সংবাদমাধ্যমের প্রতি সংহতি জানিয়ে হেলিপ্যাড উদ্বোধনের ছবি প্রকাশে বিলম্ব করে।
সংবাদমাধ্যমগুলোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের এই বিরোধের মধ্যেই ‘ট্রাম্প টিভি’ চালু হলো। নতুন চ্যানেলটিতে ট্রাম্পের বক্তব্য, ভিডিও এবং হোয়াইট হাউসের বিভিন্ন কার্যক্রম সরাসরি সম্প্রচারের পাশাপাশি পুরোনো গুরুত্বপূর্ণ বক্তব্যও দেখানো হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের বড় টেলিভিশন নেটওয়ার্কগুলো হোয়াইট হাউসের সংবাদ সংগ্রহ থেকে সরে দাঁড়ানোর ঘটনা দেশটির সংবাদমাধ্যম ও প্রশাসনের সম্পর্কের ক্ষেত্রে বিরল পরিস্থিতি তৈরি করেছে।
সূত্র: এএফপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের মাঝে বিতরণকৃত প্রসপেক্টাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের বন্দনার অভিযোগে অধ্যক্ষসহ তিন শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছিল শিক্ষার্থীরা। পরে প্রশাসনের আশ্বাসে ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের হস্তক্ষেপে রাত সাড়ে ৯টায় তাদের পুলিশের জিম্মায় দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর নবীন ছাত্র-ছাত্রীদের মাঝে কলেজ থেকে প্রসপেক্টাস বই বিতরণ করা হয়। বইটির চতুর্থ পাতায় বিগত সরকারের সময়ের একটি লেখায় শেখ হাসিনাকে গণতন্ত্রের মানসকন্যা’ ও তাঁর বদৌলতে কাউখালী মহাবিদ্যালয়টি সরকারীকরণ হয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া মহাবিদ্যালয়ের শপথবাক্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ গড়ে তুলবো’ মর্মে উল্লেখ থাকায় সাধারণ শিক্ষার্থীদের নজরে আসে।
বিষয়টি জানাজানি হওয়ার সাথে সাথেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে প্রতিবাদ শুরু করে। একপর্যায়ে শত শত শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে কলেজ গেটে তালা ঝুলিয়ে দেন এবং অধ্যক্ষসহ প্রকাশনার দায়িত্বে থাকা শিক্ষকদের অবরুদ্ধ করেন। খবর পেয়ে পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাঃ জহিরুল ইসলাম এবং কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার সন্ধ্যায় কলেজে পৌঁছে তদন্ত শুরু করেন। এ সময় কলেজের বাইরে শিক্ষার্থীরা প্রকাশিত ওই বইয়ে আগুন ধরিয়ে বিকেল থেকে রাত পর্যন্ত বিক্ষোভ মিছিল ও স্লোগান দেয়।
বিক্ষোভকালে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ অভিযোগ করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং প্রকাশনার দায়িত্বে থাকা শিক্ষকরা আওয়ামী রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
পরবর্তীতে স্থানীয় সিনিয়র বিএনপি নেতৃবৃন্দের মধ্যস্থতায় এবং প্রশাসনের আশ্বাসে রাত সাড়ে ৯টার দিকে অবরুদ্ধ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, বই প্রকাশনা দায়িত্বে থাকা ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোহাঃ মনিরুল ইসলাম ও প্রভাষক রিপন কুমার দাসকে পুলিশের জিম্মায় সোপর্দ করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত তারা ফ্যাসিবাদের দোসর এবং গুপ্ত রাজনীতির সাথে যুক্ত। তারা ইচ্ছাকৃতভাবে বিষয়টি ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিয়েছে।
কাউখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কলেজের সাবেক ভিপি শাফিউল আজম দুলাল জানান, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত এবং এই কলেজে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। আমরা এ ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ বিচার দাবি করছি।
এ বিষয়ে কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, এই প্রকাশনার বিষয়ে আমি কিছু জানি না, আমি একটি কমিটি করে দিয়েছিলাম, সেই কমিটি এটি করেছে।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ জানান, এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাঃ জহিরুল ইসলামকে আহ্বায়ক এবং কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইস্তাম্বুল, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যাত্রা করার পথে ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলাহাত্তিন বিলগেন।
সাক্ষাৎকালে, বাংলাদেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়ন এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়েছে, যা প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের কয়েকজন উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে যাওয়ার পথে প্রধানমন্ত্রী ইস্তাম্বুল বিমানবন্দরে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি করেন। পরে তিনি তুরস্কের স্থানীয় সময় বেলা ২টা ১০ মিনিটে ইস্তাম্বুল বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ