ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন


কুয়েতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্ট (বিএমসি) ইন কুয়েতের সদর দফতর প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন দেশের প্রতিরক্ষা অ্যাটাশে, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা করেন কমান্ডার বিএমসি ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল আজিম। তিনি সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করেন। এছাড়াও, বাংলাদেশের সংসদ সদস্যদের কুয়েতের মাটিতে অবদান এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্কের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

আরও পড়ুন: ফ্যাসিস্টকে রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন আমিনুল হক

কুয়েতে সশস্ত্র বাহিনীর ডাইরেক্টর জেনারেল, জেনারেল মোবিলাইজেশন ডাইরেক্টরেটের ডেপুটি ডাইরেক্টরেট জেনারেল মোহাম্মদ সোলায়মান খালেদ ১৯৯১ সাল থেকে কুয়েতে বাংলাদেশি সেনাসদস্যদের অবদান ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

অনুষ্ঠানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস এবং কুয়েতে বিএমসির বিভিন্ন কার্যক্রমের ওপর একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ১৯৭১ সাল থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং ১৯৯১ সাল থেকে বিএমসির যাত্রা ও কার্যক্রমের ইতিহাস তুলে ধরে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়। প্রদর্শনীতে আগত অতিথিরা বাংলাদেশের সামরিক ইতিহাস ও অর্জন সম্পর্কে জানার সুযোগ পান।

এছাড়া ২০২৬ সালের মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রার মাধ্যমে সশস্ত্র বাহিনীর ঐক্য, শক্তি ও দায়িত্ববোধের পাশাপাশি দেশের প্রতি নিষ্ঠা ও দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গৌরবময় ইতিহাস, পেশাদারিত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে অবদানের প্রশংসা করেন।

আরও পড়ুন: হ্যালো ডিসি’তে আবেদনে সাড়া, পা হারানো শাহিনের পাশে জেলা প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাসাবো-কদমতলা খাল পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


বাসাবো-কদমতলা খাল পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ শুরু

রাজধানীর বাসাবো-কদমতলা খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ, পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু প্রতিরোধ এবং স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনতে আজ বুধবার সকালে বাসাবো এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

ডিএসসিসি সূত্র জানায়, আগামী তিন মাসের মধ্যে বাসাবো-কদমতলা খালের খিলগাঁও ও ছায়াবীথি হয়ে শকুননগর খাল পর্যন্ত মোট ২ দশমিক ১৫ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এ কার্যক্রমের আওতায় খালের তলদেশ থেকে প্রায় ২২ হাজার ২৬৫ ঘনমিটার পলি ও বর্জ্য অপসারণ করা হবে। খনন ও বর্জ্য অপসারণ শেষে পরিবেশের সৌন্দর্যবর্ধনে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ করা হবে।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম উল্লেখ করেন, দখল ও দূষণের কারণে একসময়ের প্রবহমান বাসাবো-কদমতলা খালটি বর্তমানে সরু ড্রেনে পরিণত হয়েছে। তিনি বলেন, "শুধু ওপরের আবর্জনা নয়, খালের তলদেশে জমে থাকা মাটিও অপসারণ করে ট্রাকের মাধ্যমে দ্রুত সরিয়ে নেওয়া হবে, যাতে পাড়ে বর্জ্য জমে না থাকে।"

খালের নিরাপত্তা ও সৌন্দর্য রক্ষায় পাড় বাঁধাই এবং সুরক্ষা দেয়াল বা গ্রিল স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানান। প্রশাসক এলাকাবাসীকে খালে ময়লা না ফেলতে অনুরোধ করেন।

তিনি আরও বলেন, "শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়। বাসাবো ও খিলগাঁওকে একটি আদর্শ ও পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন এবং সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।"

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানান, "ডেঙ্গু প্রতিরোধ ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে বাসাবো ও খিলগাঁও-সংলগ্ন খাল ও ঝিলগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসসিসি প্রশাসক সরেজমিনে এলাকা পরিদর্শন করে যেসব নির্দেশনা দিয়েছেন, তা নিয়মিত তদারকিও করা হচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকা-৯ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর সমাধান হবে বলে আমরা আশাবাদী।"

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার ও পুনঃখননের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল, ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল এবং ২৩ নভেম্বর কুতুবখালী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিএসসিসির অঞ্চল-৬-এর আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট থেকে ১৬১/৫ নম্বর হোল্ডিং পর্যন্ত নর্দমাসহ সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডিএসসিসি প্রশাসক ও প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার দ্বিতীয় দিনে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এই কথা জানান।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) করে দেয়া উচিত। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে তিনি সংবাদিকদের জানান, মৃত্যুদণ্ড দিয়ে জিয়াউল আহসানকে দুনিয়া থেকে ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, কেবল ক্যান্টনমেন্টের ভেতর নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

ট্রাইব্যুনাল-১-এর এই বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এমন একটি ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, ইচ্ছা করলেই কাউকে হত্যা করা যায়, ক্রসফায়ারের নামে প্রাণ কেড়ে নেয়া যায় কিংবা কাউকে বলপূর্বক গুম করে গায়েব করে দেয়া যায়।’

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণে এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করার সাহস পেয়েছিলেন। তিনি বলেন, ‘তারা একসময় ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছিলেন। দিনের পর দিন তারা এসব অপরাধ চালিয়ে গেছেন। মানুষের জানমাল তাদের হাতে জিম্মি হয়ে পড়েছিল। ইচ্ছা করলেই তারা যেকোনো ব্যক্তিকে তুলে নিয়ে যেতে পারতেন। জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব যাদের, তারাই রক্ষক থেকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।’

জিয়াউল আহসানকে কোনোভাবেই ছাড় না দেয়ার কথা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের মানুষকে শুধু ক্যান্টনমেন্ট নয়, পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।’

জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, জিয়াউল আহসান ১৫০ থেকে ২০০ জন মানুষকে হত্যা করেছেন। এ বিষয়ে পরবর্তী তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিষ্টি জান্নাত: শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো, বিতর্কে যেতে চান না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


মিষ্টি জান্নাত: শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো, বিতর্কে যেতে চান না

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত শাকিব খানকে নিয়ে নতুন বিতর্কে জড়াতে আগ্রহী নন। ঢালিউডের এই জনপ্রিয় তারকার সঙ্গে তার বন্ধুত্ব ও সুসম্পর্কের বিষয়টি তুলে ধরে তিনি জানান, অতীতে কিছু মন্তব্য ছিল মূলত রাগ ও অভিমানের প্রকাশ।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে সাংবাদিকদের মুখোমুখি হন মিষ্টি জান্নাত। সেখানে শাকিব খান সম্পর্কে বারবার একই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে বিষয়টিকে ‘বোকামি’ বলে অভিহিত করেন।

মিষ্টি জান্নাত তার পূর্ববর্তী বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘শাকিব আমাকে বলেছে, তুমি আমার নামে এ রকম উদ্ভট কিছু বলো না। আমি চাই না তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হোক। কারণ আমাদের খুবই ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব। ওই সময় তার ওপর আমার একটু রাগ ছিল। সে কারণেই অনেক কিছু বলে ফেলেছি।’

শাকিবের নাম ব্যবহার করে আলোচনায় থাকার অভিযোগ তিনি প্রত্যাখ্যান করে বলেন, ‘আমি শাকিব খানকে কেন বিক্রি করব? আপনারা হয়তো শাকিবের সঙ্গে আমাকে দেখতে ভালোবাসেন। দর্শকও আমার সঙ্গে শাকিবকে দেখতে ভালোবাসে। আর না করার কী আছে? একটা কিছু না হলে নিশ্চয়ই আমাকে বাসায় দাওয়াত দিতেন না, তার মা আমার জন্য খাবার রান্না করতেন না। তিনি আমার সঙ্গে ফ্লাইটে আসতেন না, হাত ধরে ছবি তোলা হতো না। সবকিছুই তো মিথ্যা নয়।’

শাকিব খানের ব্যক্তিত্ব ও দীর্ঘ সময় ধরে স্টারডম বজায় রাখার প্রশংসা করে মিষ্টি জান্নাত আরও জানান, শাকিবের কাছ থেকে তিনি সৌজন্যবোধ ও সংযম শিখেছেন। তার ভাষায়, ‘তিনি মানুষকে সম্মান করতে জানেন। তাঁর কাছ থেকে শিখেছি, মানুষের সামনে কারও সমালোচনা করা উচিত নয়। সবার সঙ্গে সৌজন্য বজায় রাখতে হয়। এত বছর ধরে নিজের স্টারডম ধরে রাখাও অনেক কঠিন ব্যাপার।’

ক্যারিয়ারের সংকটময় সময়ে শাকিবের উদাহরণ থেকে সাহস পাওয়ার কথাও উল্লেখ করেন মিষ্টি জান্নাত। তিনি জানান, একসময় অভিনয় ছাড়ার কথা ভাবলেও শাকিব খানের কঠিন সময় কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাকে অনুপ্রাণিত করেছে। মাঝপথে হাল না ছেড়ে নতুন করে শুরু করা যে সম্ভব, সে শিক্ষাই পেয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবন, বিয়ে ও সন্তান নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে স্পষ্ট কথা বলেন এই নায়িকা। তিনি জানান, এমন আলোচনায় ভেঙে পড়ার মানুষ তিনি নন এবং মজার ছলে বলেন, তাকে দেখে বিবাহিত মনে হয় কি না, সেই বিচার সাংবাদিকদেরই করতে হবে।

উল্লেখ্য, গত সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় মিষ্টি জান্নাতকে। চিকিৎসা শেষে তিনি বর্তমানে নিজ বাসায় অবস্থান করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই: শিশির মনির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ নেই: শিশির মনির

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মনির মন্তব্য করেছেন যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতার বাইরে শেখ হাসিনার দেশে ফেরার জন্য কোনো আইনগত বা বৈধ পথ নেই।

তিনি বিভিন্ন মহলে প্রদত্ত বক্তব্যের একটি বড় অংশকে গুজব ও আইন সম্পর্কে অজ্ঞতার ফল হিসেবে উল্লেখ করেছেন।

বুধবার দুপুরে বাগেরহাট সার্কিট হাউসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এই সময়ে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আইনি প্রক্রিয়া এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পথ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।

শিশির মনির জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয় এবং ২০১৬ সালে তা সংশোধন করা হয়। চুক্তির আওতায়, যদি কোনো ব্যক্তি এক দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায় কিংবা অবস্থান করে, তাহলে সংশ্লিষ্ট সরকারের অনুরোধে তাকে অপরাধ সংঘটিত হওয়া দেশে হস্তান্তরের বিধান রয়েছে। তবে, এ ক্ষেত্রে ওই ব্যক্তিকে কারাগারে বন্দি থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

তিনি আরও বলেন, অনেকের ধারণা যে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় কাউকে হস্তান্তর করতে হলে তাকে আগে কারাগারে বন্দি থাকতে হবে। কিন্তু এই ধারণা সঠিক নয়। চুক্তি অনুযায়ী, দণ্ডিত অপরাধী কিংবা অপরাধে অভিযুক্ত ব্যক্তিকেও প্রত্যর্পণ করা সম্ভব।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে শিশির মনির উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ পর্যন্ত তিনবার প্রত্যর্পণের অনুরোধ পাঠানো হয়েছে।

প্রত্যর্পণ প্রক্রিয়া ব্যাখ্যা করে তিনি বলেন, ভারত সরকার সংশ্লিষ্ট ব্যক্তিকে নিকটবর্তী একজন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। ওই ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা করবেন। সেখানে বাংলাদেশের পাঠানো নথিপত্র যাচাই-বাছাই করা হবে। নথিপত্র সঠিক ও গ্রহণযোগ্য হলে ম্যাজিস্ট্রেট প্রত্যর্পণের আদেশ দিতে পারেন।

তিনি আরো জানান, প্রত্যর্পণের আদেশের পর ভারত সরকার বাংলাদেশের সঙ্গে হস্তান্তরের দিন, সময় ও স্থান নির্ধারণ করবে। আইনি ভাষায় নির্ধারিত ওই স্থানকে ‘পয়েন্ট অব কনভেনিয়েন্স’ বলা হয়। পরে নির্ধারিত সময় ও স্থানে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব।

শিশির মনিরের বক্তব্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় পাসপোর্ট, ট্রাভেল পাস কিংবা বিশেষ বিমানের প্রয়োজন নেই। দুই দেশের সরকারের মধ্যে দিন, তারিখ ও হস্তান্তরের স্থান নির্ধারণের মাধ্যমেই প্রত্যর্পণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব।

তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির নির্ধারিত আইনি প্রক্রিয়ার বাইরে শেখ হাসিনার দেশে ফেরার অন্য কোনো বৈধ পথ নেই। এ বিষয়ে বিভিন্ন মহলে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে, তার বড় অংশই গুজব। আবার অনেকে আইন সম্পর্কে যথাযথ ধারণা না নিয়েই নানা ধরনের মন্তব্য করছেন। এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত।

মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আহমেদ আব্দুল্লাহসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%