সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:১২ পি.এম
স্টিফেন ফ্লেমিং দীর্ঘ ১৬ বছর ধরে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছিলেন। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজিটিতে খেলোয়াড় হিসেবে যোগ দেন। গত জুলাইয়ে ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার পর তিনি সিএসকের পদ থেকে সরে দাঁড়ান।
জহির খান এবার ফ্লেমিংয়ের সেই পদে স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৭ আইপিএলের জন্য ভারতের সাবেক পেসারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা।
এটি জহিরের জন্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম সুযোগ। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে ক্রিকেট অপারেশন্সের পরিচালক হিসেবে কাজ করার পর, মালিকপক্ষের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি দল কেনার পর গ্লোবাল হেড অব ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করেন ২০১১ বিশ্বকাপজয়ী ভারতের বাঁহাতি পেসার।
জহির ২০১৯ ও ২০২০ সালে মুম্বাইয়ের টানা দুই শিরোপা জয়ের সময় প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে কাজ করেছেন। সর্বশেষ তিনি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আইপিএলে জহির তিনটি দলের হয়ে খেলেছেন। সেই তিনটি দল হলো—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলস। মোট ১০০ আইপিএল ম্যাচে তার উইকেট সংখ্যা ১০২টি। ২০১০ ও ২০১১ সালে তিনি দুইবার ফাইনাল খেললেও প্রতিবারই সিএসকের কাছে পরাজিত হয়েছেন। এবার সেই দলের চ্যাম্পিয়ন করার দায়িত্ব তার কাঁধে।
সিএসকের দায়িত্ব পেয়ে জহির সম্মানিতবোধ করছেন। ৪৭ বছর বয়সী সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলের অংশ হতে পারাটা সম্মানের। ক্রিকেটার হিসেবে মাঠে সিএসকের বিপক্ষে খেলেছি এবং সেই লড়াইগুলো উপভোগ করেছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে ১০০টিরও বেশি সোনার বার উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিজি-৫৮৫ ফ্লাইটে অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সোনার বারগুলো জব্দ করে।
বিপুল পরিমাণ সোনার উদ্ধার হওয়ায় বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তল্লাশি ও অভিযান এখনও অব্যাহত রয়েছে।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, জব্দকৃত সোনার পরিমাণ, ওজন এবং আনুমানিক মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি চালানটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত করতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইউক্রেনের অধিকৃত অঞ্চলে রাশিয়ার দ্বারা অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া, নির্বাচন আয়োজন এবং এতে অংশগ্রহণকারী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে জোটটি।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান মন্তব্য করেন যে, ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত রাশিয়ার স্টেট ডুমা নির্বাচন দেশটিতে ‘গণতন্ত্রের অব্যাহত ও গভীর ক্ষয়’ নির্দেশ করে।
বিবৃতিতে ক্রিমিয়া ও সেভাস্তোপোলসহ দোনেৎস্কা, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের রুশ-নিয়ন্ত্রিত এলাকায় অনুষ্ঠিত ভোটকে ‘তথাকথিত নির্বাচন’ হিসেবে চিহ্নিত করে এর তীব্র নিন্দা জানানো হয়েছে।
ইইউ জানায়, এসব অঞ্চলে নির্বাচন আয়োজন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার লঙ্ঘন। তাই ইউক্রেনের অধিকৃত অঞ্চলে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে ইইউ স্বীকৃতি দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।
জোটটি আরও উল্লেখ করেছে, এসব অঞ্চলে ভোট আয়োজন বা প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী ব্যক্তিদের পাশাপাশি রাশিয়ায় অবাধ ও সুষ্ঠ নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ইইউর অভিযোগ, রুশ কর্তৃপক্ষ বিরোধীদের নির্বাচনি প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার পাশাপাশি প্রশাসনিক ও বিচারিক ক্ষমতার অপব্যবহার এবং স্বাধীন তথ্যপ্রবাহ সীমিত করার মতো পদক্ষেপ গ্রহণ করেছে।
বিবৃতিতে রাশিয়ার ‘ইয়াবলেকো’ দলের কেন্দ্রীয় তালিকা থেকে প্রার্থীদের বাদ দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ইইউ দলটিকে রাশিয়ার টিকে থাকা বিরোধী শক্তিগুলোর একটি এবং যুদ্ধবিরোধী অবস্থান গ্রহণকারী দল হিসেবে চিহ্নিত করেছে।
এছাড়া, ২৭ সদস্যের জোটটি রাশিয়া কর্তৃক ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার পর্যবেক্ষকদের আমন্ত্রণ না জানানোর বিষয়টিও সমালোচনা করেছে।
ইইউ রাশিয়ার প্রতি ইউক্রেনে ‘পূর্ণাঙ্গ, তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতি’ কার্যকর করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ইউক্রেনের ভূখণ্ড থেকে রুশ সেনা ও সামরিক সরঞ্জাম প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ২ নম্বর আশুজিয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিবাদে একটি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামপুর বাজারে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়, যেখানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইঁয়া এবং সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইঁয়া মজনু।
এ ঘটনায় উপজেলা, কেন্দুয়া পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা মিছিল শেষে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নৈরাজ্য ও অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান ও হুশিয়ারি প্রদান করা হয়। এর আগে, কেন্দুয়া সদর থেকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বিপুলসংখ্যক মোটরসাইকেল বহর নিয়ে রামপুর বাজারে গিয়ে উক্ত মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২-এর উন্নয়নকাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে শুনেছেন এবং সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।
সোমবার পরিদর্শনকালে, তিনি অর্থনৈতিক অঞ্চলের দুইটি বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অবকাঠামো উন্নয়ন, ইউটিলিটি সেবা, নিরাপত্তা, নির্মাণকাজের মান, শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা, কাস্টমস কার্যক্রম এবং দ্রুত পণ্য ছাড়করণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বেপজা নির্বাহী চেয়ারম্যান ডিটিএ বিক্রয়, বন্ডেড সুবিধা, বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন।
পরিদর্শনের পর, মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও ২-এর চলমান উন্নয়ন ও অবকাঠামোগত কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনের সময়, বেপজা নির্বাহী চেয়ারম্যান চলমান উন্নয়নকাজ দ্রুত এগিয়ে নেওয়া, নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা, নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা এবং বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ