০৪:০৮ পি.এম
জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান অগাস্ট হ্যানিংয়ের সঙ্গে চীনের সাবেক এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দীর্ঘকালীন যোগাযোগ ছিল। গুপ্তচরবৃত্তির সন্দেহে হ্যানিংয়ের গ্রেপ্তারের পর এই তথ্য প্রকাশ করেছে জার্মান সাময়িকী স্পিগেল।
রয়টার্সের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, ২০০৫ সালে জার্মানির বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অবসরে যাওয়ার পর হ্যানিং চীন সফর করেন একাধিকবার। এই সফরের সময় তার পরিচয় ঘটে চীনের সাবেক মেজর জেনারেল ওয়াং জিয়াংঝেংয়ের সঙ্গে। ওয়াং পূর্ব জার্মানিতে চীনের দূতাবাসে কাজ করেছেন এবং তিনি জার্মান ভাষার কিছু বই চীনা ভাষায় অনুবাদ করেছেন।
চলতি সপ্তাহে সাবেক এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছ থেকে গোপন নথি বিদেশি গোয়েন্দা সংস্থার সদস্যদের কাছে দেওয়ার সন্দেহে হ্যানিংকে গ্রেপ্তার করা হয়। অবসরের পর তিনি স্বাধীন নিরাপত্তা পরামর্শক হিসেবে কাজ করতেন। অভিযোগ করা হচ্ছে যে, এই সময়েই এসব ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: নিজ কার্যালয়ের সামনে গাড়িচাপায় গুরুতর আহত অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইনস, আটক ১
তবে সরকারি কৌঁসুলিরা জানায়নি, কোন ধরনের গোপন তথ্য অন্যের কাছে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তারা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
হ্যানিংয়ের আইনজীবী এ ব্যাপারে মন্তব্যের জন্য পাঠানো অনুরোধের তাৎক্ষণিক জবাব দেননি। তবে স্পিগেলকে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, তার মক্কেল জার্মানির স্বার্থের কোনো ক্ষতি করেননি এবং তাকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন