ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুলিয়ারচরে মেধাবী প্রতিবন্ধী শাহিনের পাশে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি


কুলিয়ারচরে মেধাবী প্রতিবন্ধী শাহিনের পাশে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি

একটি সংবাদ কখনো কখনো শুধু খবর হয়ে থাকে না, হয়ে ওঠে একজন সংগ্রামী মানুষের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার। কিশোরগঞ্জের কুলিয়ারচরের প্রতিবন্ধী তরুণ শাহিন খানের চাকরির দীর্ঘ সংগ্রাম নিয়ে প্রকাশিত সংবাদটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপির নজরে গেলে শাহিনের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।

সংবাদটি প্রকাশের পর প্রথমে প্রতিমন্ত্রীর কার্যালয় থেকে শাহিনের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। পরে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপির নির্দেশনায় তার ব্যক্তিগত কর্মকর্তা নূরুল ইশরাক শাহিনের বাড়িতে গিয়ে সরাসরি তার ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

এ সময় নূরুল ইশরাক শাহিনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি শাহিনের পারিবারিক অবস্থা, শিক্ষাজীবন, সড়ক দুর্ঘটনায় দুই পা হারানোর মর্মান্তিক ঘটনা, সরকারি চাকরির বিভিন্ন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চূড়ান্ত নিয়োগ থেকে বারবার বঞ্চিত হওয়ার কষ্টের গল্প মনোযোগ দিয়ে শোনেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে তাদের বর্তমান বাস্তবতা সম্পর্কে অবগত হন।

আরও পড়ুন: রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা হবে ঐতিহাসিক: ভূমিমন্ত্রী

প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম শাহিনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন উপযুক্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলে সেখানে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তার যোগ্যতা ও মেধার ভিত্তিতে একটি সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়।

দীর্ঘদিনের হতাশার মধ্যে প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগ শাহিন ও তার পরিবারের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তারা বিশ্বাস করেন, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের এমন আন্তরিক সহযোগিতা একজন মেধাবী ও অসহায় তরুণের জীবন বদলে দিতে পারে।

উল্লেখ্য, শাহিন খান সড়ক দুর্ঘটনায় দুই পা হারানোর পরও জীবনযুদ্ধ থেকে পিছিয়ে যাননি। অসীম প্রতিকূলতার মধ্যেও তিনি একের পর এক সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন এবং একাধিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু শেষ ধাপে বারবার বাদ পড়ায় তার স্বপ্ন অধরাই থেকে যায়।

স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ শুধু শাহিনের জন্যই নয়, সমাজের অসংখ্য সংগ্রামী মানুষের জন্যও আশার বার্তা। এখন সবার প্রত্যাশা, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের দেওয়া আশ্বাস বাস্তবে রূপ নেবে এবং দীর্ঘ সংগ্রামের পর শাহিন একটি সম্মানজনক চাকরির মাধ্যমে নতুন জীবনের সূচনা করতে পারবেন।

আরও পড়ুন: শাহজাদপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ

মাননীয় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের পক্ষ থেকে তার ব্যক্তিগত কর্মকর্তা নুরুল ইসরাক কুলিয়ারচরের প্রতিবন্ধী তরুণ শাহিন খানের বাড়িতে গিয়ে তার ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন চার মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, মন্ত্রিসভায় আরও কিছু রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, শপথ অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ অনুষ্ঠানটি পরিচালনা করছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

শপথ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী, রাষ্ট্রপতি সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে প্রবেশ করবেন। এরপর জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হবে। পরে ভারপ্রাপ্ত স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে বিদুৎস্পৃষ্ট সিংহ বানর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


মৌলভীবাজারে বিদুৎস্পৃষ্ট সিংহ বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক শকে আহত একটি সিংহ বানর (উল্টোলেজি বানর) উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা নাগাদ উপজেলার শ্যামলী আবাসিক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে একটি বানর বৈদ্যুতিক শকে আহত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি এলাকার মানুষের নজরে আসার পর স্থানীয় লোকজন দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। সেখানে গিয়ে তারা বৈদ্যুতিক শকে আহত বানরটিকে দেখতে পান। পরে তারা নিশ্চিত হন যে, বানরটি একটি সিংহ বানর বা উল্টোলেজি বানর।

পরে আহত বানরটিকে দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা জানাচ্ছেন, বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বানরটি আহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত বানরটির চিকিৎসা ও পরবর্তী অবস্থার বিষয়ে বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উল্টোলেজি বানর আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী। সিংহের মতো কেশর থাকায় একে সিংহ বানরও বলা হয়ে থাকে। এরা সাধারণত বনাঞ্চল ও গাছপালায় সমৃদ্ধ এলাকায় বসবাস করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের বসতি ও বনাঞ্চলের কাছাকাছি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে অনেক সময় এসব বন্যপ্রাণী আহত বা মারা যায়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে আবাসিক এলাকা ও বনাঞ্চলে বৈদ্যুতিক তারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন। পাশাপাশি, যদি কোনো বন্যপ্রাণী আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়, তবে তাকে ধরতে বা বিরক্ত না করে দ্রুত বন বিভাগ কিংবা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় স্থানীয়রাও বন্যপ্রাণী রক্ষার জন্য বিদ্যুৎ সংযোগ ও খোলা বৈদ্যুতিক তারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে, তিনি বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণও জানিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) তার দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান আসিফ আলী জারদারি।

পাকিস্তানের প্রেসিডেন্ট তার বিবৃতিতে বলেছেন, আমার বিশ্বাস মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের উন্নয়ন অব্যাহত থাকবে।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটি ভালো সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কের শিকর একই ইতিহাস, বিশ্বাস এবং সংস্কৃতিতে নিহিত। আমার আশা, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আরও জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে আরও জোরদার করার জন্য, দুই দেশের মধ্যে বিনিময়কে আরও বর্ধিত করার জন্য এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পেতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে আসিফ আলী জারদারি আরও বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের প্রেসিডেন্টের পাকিস্তান সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং সহযোগিতামূলক সম্পর্ককে আরও গভীর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


নরসিংদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পরিদর্শন

জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার মানকে পর্যবেক্ষণ করা হয়েছে।

পরিদর্শনকালে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) সঙ্গে হাসপাতালে প্রদত্ত বিভিন্ন কার্যক্রম, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

এসময় হাসপাতালের শিশু, মহিলা ও পুরুষ ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেওয়া হয়।

চিকিৎসাসেবা গ্রহণ করতে আসা রোগীদের সাথে কথা বলে হাসপাতালের সেবার মান, চিকিৎসা প্রাপ্তি, ওষুধসহ বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা ও মতামত জেনে নেওয়া হয়।

হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, হাসপাতালে আগত প্রতিটি রোগী যাতে হয়রানিমুক্ত পরিবেশে যথাযথ চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করা উপজেলা প্রশাসনের অন্যতম দায়িত্ব। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি যোগ করেন, একই সঙ্গে হাসপাতালে দালালদের দৌরাত্ম্য সম্পূর্ণভাবে কমিয়ে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই পরিদর্শনকালে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%