বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৫০ এম
মুক্তির এক সপ্তাহের আগেই বিশ্বব্যাপী ৮০০ কোটির বেশি আয় করেছে ‘রামায়ণ’ পার্ট ১। নির্মাতারা ছবিটি ৯৯তম অস্কারের মূল প্রতিযোগিতায় বিবেচনার জন্য জমা দিয়েছেন। দীপাবলির আবহে গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি।
ছবিটির সাফল্য কেবল আয়েই সীমাবদ্ধ নয়, বরং মুক্তির পরপরই এটি একটি বিরাট নজির স্থাপন করেছে। রণবীর কাপুর এবং সাই পল্লবী অভিনীত এই মহাথ্রিলার ছবিটি অস্কারের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
নির্মাতাদের পক্ষ থেকে সরাসরি অস্কার কমিটির কাছে জমা দেওয়া হয়েছে ‘রামায়ণ’ পার্ট ১। তবে উল্লেখ্য, ছবিটি চলতি বছরে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে অস্কারে পাঠানো হয়নি। ভারতের পক্ষ থেকে এবার ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে একটি মারাঠি ছবি, ‘গোন্ধাল’, পাঠানো হয়েছে।
ভারতের সরকারিভাবে মনোনীত না হলেও, নির্মাতারা স্বতন্ত্রভাবে ছবিটি অস্কারের জন্য জমা দিতে পারবেন। অ্যাকাডেমির নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারলে যে কেউ মনোনয়ন জমা দিতে পারেন। এই মূল বিভাগে এন্ট্রি পাওয়ার জন্য একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে—আমেরিকার নির্দিষ্ট শহরে ছবিটি পরপর ৭ দিন প্রদর্শিত হতে হবে।
এই শহরগুলির মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, স্যান ফ্রান্সিসকো, শিকাগো, ডালাস ফোর্ট ওয়ার্থ এবং আটলান্টা। যদি ছবিটি যেকোনো একটি শহরে একটানা সাত দিন প্রদর্শিত হয়, তবে ডিস্ট্রিবিউটর বা নির্মাতারা এন্ট্রি ফর্ম পূরণ করে মনোনয়ন জমা দেওয়ার যোগ্যতা অর্জন করেন।
পরিচালক নীতীশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রার হাত ধরে নির্মিত এই বিগ বাজেটের ছবিতে তারকাদের সমাগম ঘটেছে। রাম ও সীতার ভূমিকায় রণবীর কাপুর ও সাই পল্লবীর পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন রবি দুবে, সানি দেওল, রকুলপ্রীত সিং, কাজল আগরওয়ালসহ আরও অনেক প্রথম সারির তারকা।
ছবিটি মুক্তির পর এক সপ্তাহও পূর্ণ হয়নি, অথচ এর মধ্যেই বিশ্বজুড়ে বক্স অফিসে ৮০০ কোটি টাকারও বেশি আয়ের মাইলফলক অতিক্রম করেছে ‘রামায়ণ’ পার্ট ১। বক্স অফিসে এই সাফল্যের পর আন্তর্জাতিক অঙ্গনে অস্কারের দৌড়ে ছবিটির এন্ট্রি সিনেপ্রেমীদের উৎসাহকে আরও বাড়িয়ে দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে পরিচিত। ব্যবসা-বাণিজ্য মানুষের জীবিকা অর্জনের বৈধ উপায়গুলোর মধ্যে অন্যতম। অনেক সময় দেখা যায়, ক্রেতা এবং বিক্রেতা সরাসরি একে অপরকে খুঁজে পান না, কিংবা পণ্যের উপযুক্ত ক্রেতা বা বিক্রেতার মাঝে দূরত্ব বিদ্যমান থাকে। এই দূরত্ব দূর করতে তৃতীয় ব্যক্তি হিসেবে মধ্যস্থতাকারী কাজ করে। এই মধ্যস্থতাকারী বা দালাল তার শ্রম, সময় এবং মেধার বিনিময়ে পারিশ্রমিক বা সুবিধা গ্রহণ করতে পারেন, যা শরিয়তের দৃষ্টিতে বৈধ, যদি তা সততা, স্পষ্টতা এবং উভয় পক্ষের সন্তুষ্টির ভিত্তিতে পরিচালিত হয়।
১. মধ্যস্থতা বা দলালি করে সুবিধা গ্রহণের সাধারণ হুকুম
ইসলামি শরিয়তের মূলনীতি অনুযায়ী, মধ্যস্থতা বা দালালি করে পারিশ্রমিক বা সুবিধা গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ ও বৈধ। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে— লেনদেনে কোনো ধরনের প্রতারণা, ধোঁকাবাজি, অতিরিক্ত মূল্যবৃদ্ধি বা এক পক্ষকে অন্ধকারে রেখে অন্য পক্ষের ক্ষতি করার চক্রান্ত থাকা যাবে না।
হাদিসের পরিভাষায় এই প্রক্রিয়াকে ‘সিমসার’ বা ‘দল্লাল’ বলা হয়। সাহাবিদের যুগেও ব্যবসার ক্ষেত্রে মধ্যস্থতার প্রচলন ছিল এবং তারা এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করতেন। ইমাম বুখারি (রহ.) তার সহিহ বুখারিতে ‘দল্লাল বা মধ্যস্থতাকারীর পারিশ্রমিক’ নামে একটি স্বতন্ত্র অধ্যায় সংযোজন করেছেন, যা এর বৈধতার পক্ষে জোরালো প্রমাণ।
২. কুরআন ও সুন্নাহর আলোকে দলিল ও প্রমাণ
ইসলাম ব্যবসায়িক লেনদেন, মধ্যস্থতা এবং হালাল উপার্জনের বিষয়ে অত্যন্ত পরিষ্কার নির্দেশনা প্রদান করেছে। অন্যের হক নষ্ট না করে সততার সঙ্গে কাজ করলে তাতে বরকত হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা হালাল উপায়ে সম্পদ অর্জনের নির্দেশ দিয়ে ইরশাদ করেন—
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً عَنْ تَرَاضٍ مِنْكُمْ
‘হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসার মাধ্যমে হলে ভিন্ন কথা।’ (সুরা আন-নিসা: আয়াত ২৯)
শ্রমিক বা মধ্যস্থতাকারীর পারিশ্রমিক ও সততা রক্ষা প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَن النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَعْطُوا الأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أنْ يَجِفَّ عَرَقُهُ
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করীম (সা.) ইরশাদ করেছেন— ‘শ্রমিক তার গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দাও।’ (ইবনু মাজাহ ২৪৪৩)
মধ্যস্থতাকারী বা দালাল যেহেতু তার শ্রম ও সময় ব্যয় করেন, তাই নির্ধারিত বা প্রচলিত নিয়মে তার এই পারিশ্রমিক বা কমিশন পাওয়ার অধিকার রয়েছে।
ব্যবসা ও লেনদেনে সততা এবং স্বচ্ছতার পুরস্কার সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেছেন—
التَّاجِرُ الصَّدُوقُ الأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ
‘সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী পরকালে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সঙ্গে থাকবে।’ (তিরমিজি ১২০৯)
৩. মধ্যস্থতার ক্ষেত্রে যেসব শর্ত ও সতর্কতা জরুরি
দালালি বা মধ্যস্থতা করে সুবিধা বা পারিশ্রমিক গ্রহণের ক্ষেত্রে কিছু নৈতিক ও শরয়ি শর্ত মেনে চলা আবশ্যক।
সংক্ষেপে বলা যায়, সততা, স্বচ্ছতা এবং উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে বেচাকেনায় মধ্যস্থতা বা দালালি করে নির্দিষ্ট পারিশ্রমিক বা সুবিধা গ্রহণ করা সম্পূর্ণ জায়েজ ও বৈধ। এটি আধুনিক ব্যবসায়িক কাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে লেনদেনে কোনো ধরনের প্রতারণা, লুকোচুরি বা একপক্ষের ওপর জুলুম করা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য, যেন অর্জিত উপার্জন সম্পূর্ণ হালাল ও বরকতপূর্ণ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য সময়সীমা বৃদ্ধি করেছে। পূর্বে এই কাজের জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল, তবে নতুন সিদ্ধান্ত অনুসারে, এখন ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট লাগানো যাবে।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএ’র অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধির বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনে এবং সম্মুখভাগে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এই প্রেক্ষিতে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
নম্বরপ্লেটের মাপ ও শর্তাবলি
বিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের দুই ধরনের জন্য নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপ ও নিয়ম উল্লেখ করা হয়েছে—
মোটরসাইকেল (স্কুটার) : ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা অবশ্যই ২০ মিলিমিটার হবে।
স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেল : নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। এই ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।
বিআরটিএ নির্ধারিত অন্যান্য আবশ্যিক শর্তও রয়েছে।
ম্যানুয়াল নম্বরপ্লেটটি অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।
সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লেখা আবশ্যক।
নম্বরপ্লেটের ওপর অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।
স্কুটার ব্যতীত অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্কটি একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে (যেমন : ঢাকা মেট্রো-প-১১-১২২৯)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদে প্রশ্নের জবাব দেওয়ার সময় মন্ত্রীর বক্তব্যের মধ্যে হৈচৈ করার কারণে সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি মন্তব্য করেছেন, ‘এভাবে হৈচৈ করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন।’
বুধবার (১১ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় সংসদে হৈচৈ শুরু হলে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সম্পূরক প্রশ্ন করেন। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তিনি কৃষিমন্ত্রীর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘সারের ডিলার নিয়োগে উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি করা হয়েছে। উপজেলা পর্যায়ে ইউএনও এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে। এরপর জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।’
মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হৈচৈ শুরু করেন। এ সময় মন্ত্রী বলেন, ‘তিনি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে তার অসুবিধা হয়।’ তিনি আরও মন্তব্য করেন, তার জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে।
হৈচৈ বাড়তে থাকলে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ‘সংসদ সদস্যদের কথা বলার অধিকার রয়েছে, জবাব দেওয়ারও অধিকার রয়েছে।’ বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এরপর ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। সদস্য, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরো একটা প্রশ্ন নেব। কিন্তু এভাবে হৈচৈ করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন। মাননীয় মন্ত্রী, আর এদিকে এভাবে দাঁড়াবেন না প্লিজ।’
এরপর মন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখেন। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান, তাহলে তাকে দেশের প্রচলিত আইন অনুসরণ করেই ফিরতে হবে, এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (১১ নভেম্বর) বিকেলে তিনি এই তথ্য প্রকাশ করেন।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে অবশ্যই আইনের বিধিবিধান মেনে তাকে দেশে ফিরতে হবে। তবে দেশে ফিরে তার আপিল করার সুযোগ থাকবে কি না, তা নিয়ে পূর্বে ঘটে যাওয়া আবুল কালাম আজাদের (বাচ্চু রাজাকার) মামলার দৃষ্টান্তেই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, রায় ঘোষণার পর নির্দিষ্ট সময়সীমার (৩০ দিন) মধ্যে আসামি সশরীরে উপস্থিত হয়ে আপিল না করলে পরবর্তীতে আপিল করার আর আইনি সুযোগ থাকে না।
শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পর্কে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর পুরো প্রক্রিয়াটি মূলত আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ওপর নির্ভর করে। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায় এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ইতিমধ্যেই সব আইনি ও প্রশাসনিক দিক পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন।’
সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা যুক্তরাজ্যভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়ে নতুন ট্রাভেল ডকুমেন্ট/পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। গত সোমবার (৯ নভেম্বর) ওই আবেদনপত্র পাঠানোর খবর প্রকাশের পর থেকেই তার দেশে ফেরা এবং রায় কার্যকরের আইনি প্রক্রিয়া নিয়ে নতুন করে আইন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ