শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
১২:২৭ এম
সৌদি আরবের ঢাকা-রিয়াদ রুটে বৃহস্পতিবারও ফ্লাইটের কার্যক্রম শুরু হয়নি। সৌদি এয়ারলাইনসের পক্ষ থেকে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে সেটি বাতিল করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে বেশ কিছু ফ্লাইট বন্ধ রয়েছে।
গত বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মোট যাত্রীসংখ্যা ২২,৬৩৬।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাঠানো তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৭৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি।
অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৮টি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন ওরফে নাসরিন জাহান (২১) নামে এক গৃহবধূকে যৌতুকের বাকি ৪৫ হাজার টাকা না দেওয়ার কারণে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।
বুধবার (২৮ অক্টোবর) রাতে ওই দম্পতির মধ্যে যৌতুকের টাকা নিয়ে তীব্র বাক্বিতণ্ডা ঘটে। পরে পুলিশ স্বামীর বাড়ির শয়নকক্ষের বিছানা থেকে নিলুফার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে স্বামী আলমগীর হোসেন ও শাশুড়ি পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নিলুফা ওই ইউনিয়নের দোলন গ্রামের নুর ইসলামের কন্যা। প্রায় তিন বছর আগে নামার চর এলাকার আলমগীর হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের আড়াই বছর বয়সী লুজাই নামে একটি সন্তান রয়েছে।
নিহতের বাবা নুর ইসলামের অভিযোগ, বিয়ের সময় জামাইকে ২৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছিল। আরও ৪৫ হাজার টাকা দেওয়ার কথা ছিল। চলতি মৌসুমে ধান বিক্রি করে ওই টাকা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এর আগেই আলমগীর ও তার পরিবারের সদস্যরা নিলুফাকে প্রায়ই নির্যাতন করতেন। বুধবার রাতেও এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাক্বিতণ্ডা হয়। এরপরই নিলুফাকে পিটিয়ে হত্যা করে বিছানায় লাশ রেখে স্বামী ও শাশুড়ি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উলিপুর থানার ওসি শওকত আলী সরকার জানান, নিলুফার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের বাবা নুর ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের সখীপুরে মাটি খুঁড়ে দুটি বাক্সে ১২টি পরিত্যক্ত রকেট লঞ্চার ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কচুয়া থলচালা এলাকার একটি কৃষিজমি থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা সেখানে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা রকেট লঞ্চারসদৃশ বস্তুগুলো অনেক পুরোনো। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি শেল পাওয়া গেছে। এছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ইংরেজি অক্ষরে 'East Pakistan Police Tangail' লেখা একটি নেমপ্লেট রয়েছে।
জমির মালিক কৃষক আশ্রব আলী জানান, তার ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় তারা মাটির নিচে লোহার তৈরি দুটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন।
সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন, পুরাতন জং ধরা ১২টি গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। এগুলো গ্রেনেড নয় রকেট লাঞ্চার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাব, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে এক ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচির কথা জানান।
তিনি উল্লেখ করেন, ‘বর্তমানে এমন একটা পরিস্থিতি আমরা অতিক্রম করছি যেখানে আমাদের মন খারাপেরও অধিকার নেই। কেউ যদি মন খারাপও করে তাহলেও তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মত ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা না করে একাধিকবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের নাভিশ্বাস এবং নাগরিক জীবনে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, নিরাপত্তাহীনতা এবং যেই ধরনের আইনের শাসনের অনুপস্থিতি, প্রতিনিয়ত হত্যাকাণ্ডের ঘটনা, চাঁদাবাজি, লুটতরাজ, রাস্তাঘাটে ভয়ের সংস্কৃতি এখন আবার নতুন করে তৈরি হয়েছে- সেইসবের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আমরা একটি প্রতিবাদ সমাবেশ আমরা করছি। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।’
তিনি আরও বলেন, ‘এই লড়াই আমরা চালিয়ে যাব সুশাসনের জন্য, একটা সুস্থ সুন্দর সমাজের জন্য। সেই লড়াই আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমরা চাই। আগামীকাল ঠিক বিকাল ৩টায় শাহবাগের জাদুঘরের সামনে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৭ নভেম্বর ১৬তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা প্রজাপতির বৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। এই মেলায় প্রজাপতি এবং পোষক উদ্ভিদ বিষয়ক একটি নতুন বইও উন্মোচন করা হবে।
মেলার আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মনোয়ার হোসেন উল্লেখ করেন, এক সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১০ প্রজাতির প্রজাপতি দেখা যেত। বর্তমানে এই সংখ্যা কমে প্রায় ৭০ প্রজাতিতে নেমে এসেছে। প্রজাপতি রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের ঝোপঝাড় ও লতাগুল্ম নির্বিচারে কাটা বন্ধ করা এবং কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রজাপতির টিকে থাকার জন্য শুধু বড় গাছ সংরক্ষণ করলেই হবে না, বরং প্রয়োজনীয় ঝোপঝাড়, লতাগুল্ম এবং পোষক উদ্ভিদও সংরক্ষণ করা আবশ্যক। নতুন বইটিতে প্রজাপতির সঙ্গে উদ্ভিদের সম্পর্ক, উদ্ভিদ চেনার উপায় এবং প্রজাপতির শূককীট সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
অধ্যাপক মনোয়ার হোসেন জানান, প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ক উদ্যোগের স্বীকৃতি হিসেবে মেধাস্বত্ব বা কপিরাইটের জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে আবেদনটি প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ