বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
১০:৩০ পি.এম
ব্যালন ডি’অর কার হাতে উঠবে—এটি জানার জন্য অপেক্ষার মুহূর্তগুলো পরিবারের জন্য কতটা মানসিক চাপের, তা অকপটে স্বীকার করেছেন হ্যারি কেইন।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৬১টি গোল এবং জাতীয় দল ইংল্যান্ডের হয়ে ১২টি গোল করার পর, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটি জেতার দৌড়ে ইংলিশ অধিনায়ক কেইন সবচেয়ে এগিয়ে রয়েছেন।
আগামী সোমবার রাতে লন্ডনের প্যালাডিয়ামে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। যদিও আগেভাগে ফল জানার আগ্রহ রয়েছে, কেইনের মতে, এই অনিশ্চয়তা এবং উত্তেজনা অনুষ্ঠানটির আসল মজাই।
কেইন বলেন, ‘আমি চেষ্টা করি এটা নিয়ে না ভাবতে; তবে শত চেষ্টা করলেও মাথায় চলে আসেই। চারপাশে সব সময়ই নানান গুঞ্জন ও খবর ছড়াতে থাকে, তাই এসব থেকে দূরে থাকাই ভালো।’
পরিবারের মানসিক চাপের কথা জানিয়ে কেইন আরও বলেন, ‘আমার মনে হয় ফলটা আগে জেনে যেতে পারলে আমার স্ত্রী ও পরিবারের জন্য খুব ভালো হতো। সবার জন্যই ব্যাপারটা বেশ টেনশনের।’
কেইন আরও বলেন, ‘তবে সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের হাতে, সেখানে আমার কোনো হাত নেই। তাই অহেতুক চিন্তায় না ভুগে আমাদের স্রেফ মুহূর্তটি উপভোগ করতে হবে।’
স্ট্যানলি ম্যাথিউস, ববি চার্লটন, কেভিন কিগান এবং মাইকেল ওয়েনের পর পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন কেইন। যদি সত্যি এই পুরষ্কার তার হাতে উঠে, তবে দীর্ঘ ২৫ বছর পর কোনো ইংলিশ ফুটবলার এই সম্মাননা পাবেন।
এই মর্যাদাপূর্ণ লড়াইয়ে হ্যারি কেইনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বার্সেলোনার উদীয়মান তারকা লামিন ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড তারকা সালমান খান এবং টাইগার শ্রফের বিরুদ্ধে একের পর এক হামলার ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম আলোচনায় উঠে এসেছে। গত তিন বছরে মুম্বাইয়ে অন্তত চারটি বড় অপরাধের সঙ্গে তাঁর গ্যাংয়ের সম্পর্ক প্রমাণিত হয়েছে। যদিও একাধিক ঘটনায় তাঁর নাম জড়ানো হয়েছে, মুম্বাই পুলিশ সরাসরি বিষ্ণোইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারছে না। এর পেছনে রয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ নির্দেশনা।
বর্তমানে লরেন্স বিষ্ণোই গুজরাটের আহমেদাবাদের সবরমতি কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। ২০২৩ সালের আগস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফৌজদারি কার্যবিধির ২৬৮ ধারায় একটি আদেশ জারি করেছে। এই আদেশের ফলে অন্য কোনো তদন্ত সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগারের বাইরে নিয়ে যেতে পারবে না। পরবর্তীতে নতুন আইন অনুযায়ী এই বিধিনিষেধের মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়েছে।
এই আদেশের কারণে আদালতের সাধারণ হাজিরা পরোয়ানা থাকা সত্ত্বেও বিষ্ণোইকে কারাগার থেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। তবে আদালতের নির্দেশে ভিডিও যোগাযোগের মাধ্যমে অথবা কারাগারের ভেতরে তাঁকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ রয়েছে তদন্তকারী সংস্থাগুলোর। কেন্দ্রীয় সরকারের যুক্তি হলো, তাঁকে এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় সম্ভাব্য সহিংসতা এড়ানো এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সালমান খানের বাসভবনের বাইরে গুলিবর্ষণের ঘটনা বিষ্ণোইকে নিয়ে মুম্বাই পুলিশের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। ২০২৪ সালের এপ্রিলে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলির ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। সম্প্রতি ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায়ও এই গ্যাংয়ের সদস্যদের নাম উঠে এসেছে। গ্যাংটির দাবি, সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে কয়েকজন তারকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
কৃষ্ণসার হরিণ শিকারসংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে সালমানের সঙ্গে বিষ্ণোইয়ের শত্রুতার বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচিত। সালমানকে ঘিরে হুমকির পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও ভয় দেখানোর অভিযোগ রয়েছে এই গ্যাংয়ের বিরুদ্ধে। তবে বিভিন্ন ঘটনায় বিষ্ণোইয়ের গ্যাংয়ের নাম এলেও তাঁকে সরাসরি জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আইনি বিধিনিষেধ মুম্বাই পুলিশের তদন্তে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
প্রথম আলো, এনডিটিভি ও সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদন অবলম্বনে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতে তিন বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাচার হওয়া ছয় বাংলাদেশি যুবক। ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বৃহস্প্রতিবার (২২ অক্টোম্বর) বিকেলে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা যুবকদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর আলম (২১), আব্দুল করিম (২৫), মোহাম্মদ আলী (২৬), সাব্বির ইসলাম (২৬), হাফিজুর (২৬) এবং আব্দুল সবুর (৪০)। তাদের বাড়ি গাজীপুর, বগুড়া, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, তারা চার বছর আগে ভালো কাজের আশায় দালালের খপ্পড়ে পড়ে সাতক্ষীরা ও সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীর গিয়েছিলেন। সেখানে তারা শ্রমিকের কাজ করছিলেন। পরে সেদেশের পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্প্রতিবার বিকেলে তারা দেশে ফেরেন।
ওসি আরও জানান, ভারত ফেরত ছয় বাংলাদেশিকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, ‘ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না। পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের জনগণ তাদের প্রতিহত করবে।’
তিনি বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। যারা জনগণকে হত্যা করেছে, গুলি করেছে এবং পালিয়ে গেছে, তারা আবার বলছে দ্বিগুণ ভয়ংকর হয়ে বাংলাদেশে আসবে। বাংলাদেশের জনগণই তাদের প্রতিরোধ করবে, প্রতিহত করবে। তাদের যে বিচার হয়েছে, জনগণ সেই বিচার কার্যকর করবে, ফাঁসির রায় কার্যকর করবে, ইনশাআল্লাহ।’
তিনি উল্লেখ করেন, ‘দেশের মানুষ বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পূর্ণ নিরাপদ। স্বাধীনতাবিরোধী, একাত্তরের রাজাকার কিংবা নব্য ফ্যাসিবাদী শক্তি—কারো কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।’
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘একটি দল স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, তাদের রাজাকার বলা হয়। আরেকটি দল নব্য ফ্যাসিবাদ হিসেবে বিদায় নিয়েছে। তারা অসংখ্য মানুষকে হত্যা করেছে, কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই। একইভাবে একাত্তরে যারা রাজাকার ছিল, তাদেরও কোনো অনুশোচনা নেই। তারা দেশে ষড়যন্ত্র করলেও সফল হতে পারবে না। কারণ, ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না।’
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশপ্রেমকে বুকে ধারণ করে সবাইকে পথ চলতে হবে। বাংলাদেশকে বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। আমরা যদি ঐক্যবদ্ধ ও সজাগ থাকি, তাহলে জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই।’
তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে আত্মনির্ভরশীল করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাদের ধারাবাহিকতায় জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি দেশকে একটি উন্নত ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যাবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু। এ সময় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও সফিকুর রহমান খান সফিক, টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে। চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে গত আগস্ট মাসের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ৮,৫১৩ জন হতাহত হয়েছেন। এই ভয়াবহ চিত্রটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) সর্বশেষ প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ডাব্লিউএইচও জানিয়েছে, আগস্টের শুরু থেকে চলমান এই সংঘাতে অন্তত ১,৫৭৪ জন প্রাণ হারিয়েছেন এবং ৬,৯৩৯ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সংস্থাটির সর্বশেষ আট দিনের প্রতিবেদনে কেবল ২৯২ জন নিহত এবং ১,০৪৮ জন গুরুতর আহত হয়েছেন। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে চলমান এই প্রাণঘাতী সংঘর্ষে নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। তবে হতাহতদের মধ্যে সাধারণ নাগরিক এবং সামরিক বাহিনীর সদস্যদের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট কিছু জানায়নি সংস্থাটি।
বর্তমানে দেশটির সংকটময় পরিস্থিতি এবং চিকিৎসাসেবার তীব্র ঘাটতি নিয়ে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ