ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার! পরিবারের দাবী স্বামীর পরকীয়ার জেরে এ হত্যা


কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার! পরিবারের দাবী স্বামীর পরকীয়ার জেরে এ হত্যা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ভিটিগাঁও গ্রামে স্বামীর বাড়ি থেকে সুবর্ণা (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৭ আগস্ট শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ভিটিগাঁও গ্রামের সদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের পরিবার এটিকে স্বামীর পরকীয়ার জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে স্বামী মোমেন মিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

নিহত সুবর্ণা নরসিংদীর রায়পুরা উপজেলার ওলিপুরা ইউনিয়নের নবীয়াবাজ গ্রামের আব্দুল রউফ ভূঁইয়া ও শিল্পী বেগমের মেয়ে। প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে কুলিয়ারচরের ভিটিগাঁও গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোমেন মিয়া (২৮) এর সঙ্গে বিয়ে হয় সুবর্ণার। তাদের সংসারে সিন্থিয়া (৫) ও ছয় মাস বয়সী সারা মনি নামে দুই কন্যাসন্তান রয়েছে। মোমেন পেশায় একজন সিএনজি চালক।

নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর প্রায় সাত বছর তাদের সংসার স্বাভাবিকভাবে চললেও পরে স্বামীর কথিত পরকীয়ার জেরে দাম্পত্য কলহ শুরু হয়। এ নিয়ে প্রায় ছয় মাস আগে সুবর্ণা বাবার বাড়িতে চলে যান। চার দিন আগে মোমেন মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে আর নির্যাতন করবেন না বলে আশ্বাস দিয়ে তাকে আবার নিজের বাড়িতে নিয়ে আসেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মাজারের দানবাক্স ভেঙে টাকা ও মালামাল চুরি, ক্ষতি ১ লাখ ৪৫ হাজার টাকা

পরিবারের দাবি, বাড়িতে আনার পরও নির্যাতন বন্ধ হয়নি। কথিত পরকীয়ার বিষয়ে প্রশ্ন তুললে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও বিরোধ শুরু হয়। শুক্রবার সকালেও সুবর্ণাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরে ওড়না দিয়ে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।

নিহতের মা শিল্পী বেগম বলেন, আমার মেয়ের সংসার শুরুতে ভালোই চলছিল। কিন্তু স্বামীর পরকীয়ার জেরে প্রায় দুই বছর ধরে ওকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। ছয় মাস আগে মেয়ে আমাদের বাড়িতে চলে আসে। চার দিন আগে মোমেন এসে আর মারধর করবে না বলে কথা দিয়ে তাকে নিয়ে যায়। কিন্তু সেই কথা রাখেনি। শুক্রবার সকালে আবারও আমার মেয়েকে মারধর করা হয়েছে। আমরা এই মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার চাই।

নিহতের বাবা আব্দুল রউফ ভূঁইয়া অভিযোগ করেন, এটি আত্মহত্যা নয়, দীর্ঘদিনের নির্যাতন ও স্বামীর আচরণের কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে। মোমেনকে আমি নিজের ছেলের মতো দেখেছি। সংসারে দাঁড় করিয়ে দিতে সিএনজি গ্যারেজ করার জন্য টাকা দিয়েছি, পরে সিএনজি কিনতেও আর্থিক সহযোগিতা করেছি। বিভিন্ন সময় প্রয়োজন অনুযায়ী টাকা-পয়সা দিয়ে তাকে স্বচ্ছল করার চেষ্টা করেছি। অথচ সেই মেয়ের জীবনই আজ শেষ হয়ে গেল। আমি এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তি চাই।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সন্দ্বীপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমে উড়োজাহাজে কারিগরি ত্রুটি, বিলম্বিত টরন্টো ও ঢাকা-রোম ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৮ এম


রোমে উড়োজাহাজে কারিগরি ত্রুটি, বিলম্বিত টরন্টো ও ঢাকা-রোম ফ্লাইট

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো–রোম–ঢাকা রুটের একটি উড়োজাহাজের মধ্যে কারিগরি ত্রুটি দেখা দেয়ার কারণে আন্তর্জাতিক ফ্লাইট দুটি সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে।

আমাদের কাছে পৌঁছানো তথ্য অনুযায়ী, টরন্টো থেকে ঢাকাগামী বিজি-৩০৬ ফ্লাইটটি ইতালির রোম ফিউমিচিনো (এফসিও) বিমানবন্দরে পৌঁছানোর পরে উড়োজাহাজের মধ্যে একটি কারিগরি ত্রুটি ধরা পড়ে।

যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে উড়োজাহাজটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ত্রুটি মেরামতের কাজ শেষ করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ত্রুটি সম্পূর্ণভাবে দূর করে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিজি-৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে। একই উড়োজাহাজের মাধ্যমে পরিচালিত হওয়ার কারণে ঢাকা–রোম–টরন্টো রুটের বিজি-৩০৫ ফ্লাইটও বিলম্বিত হবে।

এদিকে, রোমে আটকে পড়া বিজি-৩০৬ ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

নতুন সূচি অনুযায়ী, ৮ আগস্ট দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩০৫ ফ্লাইটটি রওনা দেবে। যাত্রীদের সকাল ৯টার মধ্যে বিমানবন্দরে রিপোর্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বিজি-৩০৬ ফ্লাইটের সংশোধিত সময়সূচি পরে জানানো হবে। যাত্রীরা প্রয়োজনীয় তথ্যের জন্য বিমানের হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করতে পারবেন।

অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য ক্ষোভ প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাটাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোপা আমেরিকায় খেলতে মেসির ওপর কোনো চাপ দেবে না আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৯ এম


কোপা আমেরিকায় খেলতে মেসির ওপর কোনো চাপ দেবে না আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) লিওনেল মেসি ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলবেন কিনা তা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত বলে জানিয়েছে। এ বিষয়ে তারা মেসির ওপর কোনো চাপ সৃষ্টি করবে না বলে নিশ্চিত করেছেন এএফএর সভাপতি ক্ল Claudio তাপিয়া।

স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তাপিয়া বলেছেন, ২০২৮ সালের কোপা আমেরিকায় খেলা অথবা না খেলার সিদ্ধান্ত পুরোপুরি মেসির ব্যক্তিগত বিষয়। যদি তিনি খেলতে চান, তাহলে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

৩৯ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি পুরো আসরে আটটি গোল করেন এবং চারটি গোলে সহায়তা করেছেন। তবে, বিশ্বকাপের পর আর্জেন্টাইন মহাতারকা জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

তাপিয়া আরও বলেন, ২০২২ বিশ্বকাপের পরও আমরা জানতাম না যে মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। তখন তিনি বলেছিলেন, এক ম্যাচ করে এগোবেন। শেষে আমরা তার সেরা পারফরম্যান্সগুলোর একটি দেখেছি।

মেসির অর্জন আর্জেন্টিনার হয়ে অতুলনীয়। তিনি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকায় শিরোপা জয় করেছেন এবং ২০২২ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তিনি জাতীয় দলের জার্সিতে রেকর্ড ২০৭ ম্যাচে ১২৫ গোল করে আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

এদিকে, আর্জেন্টিনার অধিনায়ক ইন্টার মায়ামির সম্মানে তাপিয়া বলেন, মেসিকে নিয়ে আমাদের গর্ব করা উচিত। মেসি যেন ফুটবল খেলা উপভোগ করেন, আমরা যেন তাকে উপভোগ করতে পারি এবং তিনি যেটি সঠিক মনে করেন, সেই সিদ্ধান্তই নেন।

লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তাপিয়া। চলতি বছরের শেষের দিকে স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হবে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর স্কালোনি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনার কথা জানিয়েছিলেন।

তাপিয়া বলেন, আমার পরিকল্পনা হলো এ, বি এবং সি সবই স্কালোনির জন্য। আমি চাই তিনি দায়িত্বে থাকুন, এবং সবাই সেটিই চায়। তবে সিদ্ধান্ত তার। যদি তিনি মনে করেন নতুন করে সফল হওয়ার কিছু নেই, তাহলে তাকে জোর করে আটকে রাখা সম্ভব নয়।

২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া স্কালোনি আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সফল কোচ। তার অধীনে আর্জেন্টিনা টানা তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছে (২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা)। তাপিয়া বলেন, জাতীয় দলকে সর্বকালের সেরা আখ্যায়িত করেছেন। এই দল পুরো আর্জেন্টিনাকে আনন্দ দিয়েছে। তারা এমন একটি দল গড়েছে, যার সঙ্গে দেশের মানুষ নিজেদের সম্পৃক্ত মনে করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৪ এম


‘আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, "আমরা একটা সভ্য জগতের পার্লামেন্ট দেখতে চাই।" এজন্য, প্রথম দিন থেকেই বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা ছিল গঠনমূলক- এটা আমরা অব্যাহত রাখবো। কোনো উস্কানিতেই এ জায়গা থেকে আমরা সরে আসবো না। শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, "তারা রাজনীতিতে আসুক এটা আমরা মনে করি না। কারণ দেশের রাজনীতি তারা হত্যা করেছে।" তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছে। এ অবস্থায় আওয়ামী লীগ এখনও রাজনীতিতে চলে আসবে কীভাবে? এই ঘটনার জন্য আওয়ামী লীগ দুঃখ প্রকাশও করেনি।

সামান্য কোনো অনুশোচনাও তাদের নেই। যে দল এ দেশের অসংখ্য মানুষকে গুম করলো, খুন করলো, অসংখ্য মানুষকে পঙ্গু করলো, একটা জেনারেশনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল- তাদের কোনো অনুশোচনা দেখা গেল না। শুধু দল ভারী করার জন্য তাদের রাজনীতিতে আনা অন্যায়, জঘন্য অপরাধ। তিনি সরকারের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোকপাত করতে গিয়ে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। যত এই জায়গাটা সরকার সামাল দেবে, বাংলাদেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা সংসদের ভেতরে যেখানে সহযোগিতা করা দরকার, সেখানে অবশ্যই সহযোগিতা করছি। যেখানে বিরোধিতা করা দরকার, সেখানে বিরোধিতা করছি। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এখনো আমরা দুই মেরুতে আছি। দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অবশ্যই সম্মান করতে হবে।

কোনো অবস্থাতেই অপমান করতে দেয়া হবে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংসদে বিরোধী দলের ভূমিকা বিষয়ে তিনি বলেন, দেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি। বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের এমপি মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের এমপি শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের এমপি অধ্যক্ষ মো. আব্দুল আলীম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বাগেরহাট জেলা জামায়াতের নেতৃবৃন্দ। তারপরে তিনি ১২টায় বাগেরহাট কামিল মাদ্রাসা চত্বরে দলীয় রোকন সম্মেলনে যোগদান করেন। পরে ষাট গম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করে সার্কিট হাউজের মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর বিকাল ৪টায় সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

সূত্র: মানবজমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ক্রয় কমিটির বৈঠক

২১.৫৫ ডলারে এক কার্গো এলএনজি কিনছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪৮ এম


২১.৫৫ ডলারে এক কার্গো এলএনজি কিনছে সরকার

সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি প্রতি এমএমবিটিইউ এলএনজি ২১ দশমিক ৫৫ মার্কিন ডলারে কেনার অনুমোদন দিয়েছে।

সরকারি ক্রয়ের প্রক্রিয়ার মাধ্যমে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হবে।

গতকাল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্ম জুমে ক্রয় সংক্রান্ত কমিটির অষ্টম বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে ২০২৬ সালের ১১-১২ আগস্ট ডেলিভারির জন্য এক কার্গো এলএনজি কেনা হবে।

একটি এলএনজি কার্গোতে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ থাকে। সে হিসাবে এ কার্গোর মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%