০২:৪০ এম
হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলে নতুন বন্দর নির্মাণের পরিকল্পনা করছে দেশটির বহুজাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ উদ্দেশ্যে ফুজাইরাহ উপকূলে একটি নতুন বহুমুখী বন্দর এবং বিদ্যমান বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণের বিষয়ে আলোচনা করা হচ্ছে। এই তথ্যটি জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।
প্রতিবেদনে দেশের বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার ঝুঁকি মোকাবিলা এবং হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমানোর উদ্দেশ্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে হরমুজে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনার মধ্যে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
নতুন বন্দর চালু হলে ওমান উপসাগরের মাধ্যমে হরমুজ প্রণালি ব্যবহার ছাড়াই আমিরাতে পণ্য আনা-নেওয়া করা সম্ভব হবে। এরপর সড়কপথে এই পণ্যগুলোকে দুবাই, আবুধাবি এবং উপসাগরীয় অন্যান্য দেশে পরিবহন করা হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সহযোগিতা স্মারক সই
বর্তমানে প্রকল্পের শর্তাবলি নিয়ে আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে প্রকল্পের কাঠামো ও অর্থায়ন সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ডিপি ওয়ার্ল্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নতুন বন্দরটি দেড় বছরের মধ্যে নির্মাণ সম্পন্ন হতে পারে।
ফেব্রুয়ারির শেষ দিকে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর আমিরাতের জেবেল আলি বন্দরের কার্যক্রম ৯০ থেকে ৯৫ শতাংশ কমে যায়। এরপর থেকেই বিকল্প রুট ও অবকাঠামো গড়ে তোলার জন্য ডিপি ওয়ার্ল্ড উদ্যোগ নেয়।
তবে প্রতিষ্ঠানটি জানিয়ে দিয়েছে, নতুন বন্দর নির্মাণের অর্থ হচ্ছে জেবেল আলি বন্দরের গুরুত্ব কমে যাওয়া নয়। তাদের পরিকল্পনা ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী নতুন স্থাপনাগুলোর সক্ষমতা আরও বাড়ানো হবে।
আরও পড়ুন: রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন