ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী কর্মরত আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক খাতে: ভিসি


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী কর্মরত আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক খাতে: ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, ৮৭ শতাংশ শিক্ষার্থী আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা বলা হয়, তবে বাস্তবতা ভিন্ন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে বিভিন্ন খাতে কাজ করছেন। তাদের অবদান দেশের রেমিট্যান্স বৃদ্ধিতেও রয়েছে।

আজ বুধবার, রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘কানেক্টিং এভরি ক্যাম্পাস’ সিম বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিভাগের স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল পর্যায়ের ৩৭০টি কলেজের অধ্যক্ষদের মধ্যে এই সিম বিতরণ করা হয়।

ভিসি আরও বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাসে বড় ধরনের সংস্কার চলছে। পাঠ্যক্রম এমনভাবে সাজানো হচ্ছে, যাতে শিক্ষার্থীরা চাকরির প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হন। পাশাপাশি, চাকরির ওপর নির্ভর না করে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসে আয় করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রাজশাহীর উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে মিনুর ৬ দফা দাবি

ড. আমানুল্লাহ সিলেবাস সংস্কারের অগ্রগতি তুলে ধরে বলেন, স্নাতক দ্বিতীয় বর্ষের সিলেবাস ভ্যালিডেশন শেষে আপলোড করা হয়েছে। প্রায় ৫০টি বিষয়ে পাঁচ হাজারের মতো কোর্স রয়েছে। এসব কোর্সের সংস্কারের কাজ শুরু হয়েছে, যার মধ্যে ৪০০টি কোর্সের সংস্কার সম্পন্ন হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে পাস কোর্সের সিলেবাস ভ্যালিডেশন শেষে আপলোড সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দিয়ে এই উন্নয়ন গবেষক জানান, শিক্ষকদের আইসিটিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেসব কলেজে আইসিটি ল্যাব নেই, সেসব কলেজে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, আধুনিক প্রযুক্তি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জ্ঞান ও পরিকল্পনা প্রশংসনীয়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গ্রামীণফোন পাশে থাকবে।

তিনি আরও বলেন, সম্প্রতি এআই অলিম্পিয়াডে মফস্বলের শিক্ষার্থীদের ভালো ফল বিশেষভাবে উল্লেখযোগ্য। কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সুযোগ কাজে লাগিয়ে তরুণদের বৈশ্বিক মানের শিক্ষায় গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষাপরিবারের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সমাধান ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে গ্রামীণফোন প্রস্তুত।

আরও পড়ুন: রাজনীতিবিদদের জনকল্যাণমুখী রাজনীতি করার আহ্বান জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে ডিজিটালভাবে সংযুক্ত করার লক্ষ্যে নেওয়া ‘কানেক্টিং এভরি ক্যাম্পাস’ উদ্যোগের মাধ্যমে কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের পাশাপাশি ডিজিটাল শিক্ষাসহায়ক সুবিধা পাবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ শেখ মো. জুলহাস উদ্দিন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন ও আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের উপপরিচালক মো. আকরাম হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা–রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সরকারের, পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে এমওইউ আলোচনায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


ঢাকা–রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সরকারের, পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে এমওইউ আলোচনায়

বাংলাদেশ এবং ইতালির মধ্যে আকাশপথে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নতুন উড়োজাহাজের সংযোজনের পর ঢাকা–রোম রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেল্লির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে বিমান চলাচল, এভিয়েশন খাতে বিনিয়োগ, উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং পর্যটন উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

ইতালি সরকারের পক্ষ থেকে ঢাকা–রোম রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করা হয়। এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী জানান, ইউরোপে বসবাসকারী বিপুলসংখ্যক প্রবাসীর যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হবে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে।

বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতে ইতালির বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টিও আলোচনা করা হয়। উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) সুবিধা গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এজ কোম্পানি, আতিতেক এসপিএ ও জিলারদোনির অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

এছাড়া কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন ও উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে যাতায়াত সহজ করার বিষয়টি আলোচনায় উঠে আসে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে বিশেষ ‘রেড জোন’ গঠনের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশে ইতালীয় পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। পর্যটন আকর্ষণ, যোগাযোগব্যবস্থা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা উন্নয়নের মাধ্যমে দুই দেশের মধ্যে পর্যটন বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন। এ লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়েও মত প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিমান চলাচল, এভিয়েশন খাতে বিনিয়োগ ও পর্যটন উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং পর্যটন খাতের বিকাশ ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির আগেই ১০০ কোটির লক্ষ্যে ‘জেলার ২’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


মুক্তির আগেই ১০০ কোটির লক্ষ্যে ‘জেলার ২’

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন ছবি ‘জেলার ২’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তীব্র হয়ে উঠেছে। মুক্তির পূর্বেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে দারুণ সাড়া মিলছে। ভারত ছাড়াও বিদেশের বাজারে টিকিট বিক্রির ক্ষেত্রে সিনেমাটি এগিয়ে রয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী অগ্রিম বুকিংয়ের মাধ্যমে সিনেমাটি ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সুপারহিট ‘জেলার’-এর সিক্যুয়ালটি আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর আগে থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বক্স অফিসের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনের জন্য বিপুলসংখ্যক টিকিট বিক্রি হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, উদ্বোধনী দিনের জন্য ভারতে ‘জেলার ২’-এর ১৪ লাখ ৪৭ হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়েছে। এতে দেশটির বক্স অফিসে আয় হয়েছে ৩০ কোটি ৯০ লাখ রুপি। অন্যদিকে, চার দিনের অগ্রিম বুকিংয়ে সিনেমাটির টিকিট বিক্রির পরিমাণ ৪০ কোটি রুপির কাছাকাছি পৌঁছেছে। সর্বশেষ হিসাবে, বিক্রি হয়েছে ৩৮ কোটি ৯ লাখ রুপির টিকিট। এর মধ্যে ৩৩ কোটি ১০ লাখ রুপি এসেছে অবরুদ্ধ আসন বাদে অন্যান্য আসনের টিকিট বিক্রি থেকে।

ভারতের বাইরেও সিনেমাটি নিয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদেশের বাজারে উদ্বোধনী দিনের অগ্রিম টিকিট বিক্রি ২৫ কোটি রুপি ছাড়িয়েছে। ফলে সব বাজার মিলিয়ে অগ্রিম বুকিংয়ের আয় ১০০ কোটি রুপি পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পাশাপাশি রজনীকান্তের পারিশ্রমিক নিয়েও আলোচনা চলছে। ফিল্মিবিট তামিলের প্রতিবেদন অনুযায়ী, ‘জেলার ২’-এ অভিনয়ের জন্য ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা। এর পাশাপাশি সিনেমার মুনাফার একটি বড় অংশও তিনি পেতে পারেন বলে জানা গেছে। সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেলে তার মোট আয় ১৮০ কোটি রুপি পর্যন্ত পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে সান পিকচার্সের ব্যানারে। রজনীকান্তের পাশাপাশি এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, রম্যা কৃষ্ণা ও যোগী বাবু। সিনেমাটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ২৬ জন অভিনয়শিল্পী রয়েছেন। এ ছাড়া অতিথি চরিত্রেও দেখা যাবে পাঁচজন তারকাকে।

আগের সিনেমার সাফল্যের পর ‘জেলার ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রির এই গতি উদ্বোধনী দিনের আয়েও প্রতিফলিত হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত থেকেই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


ভারত থেকেই বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিল ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভারত সফর শেষ করে বাংলাদেশে আসছে। এবারের সফরে তারা কেবল টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে। সিরিজ শুরুর আগে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে চ্যালেঞ্জ মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

বাংলাদেশ ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে রয়েছে। সর্বশেষ গত বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে টেস্টে হেরেছিল টাইগাররা। এরপর তারা টানা পাঁচটি টেস্টে জয়লাভ করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। এই সময়ে বাংলাদেশ আয়ারল্যান্ড ও পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে।

বোলিংয়ে তাইজুল ইসলাম, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। ব্যাট হাতে সেঞ্চুরি পেয়েছেন শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিম।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ গত রাতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। কোচ ড্যারেন স্যামি স্বীকার করেছেন, বাংলাদেশের মাটিতে লড়াই সহজ হবে না। তিনি ভারতের হায়দরাবাদ থেকে বলেন, "বাংলাদেশের মাঠে তাদের বিপক্ষে খেলা সব সময়ই চ্যালেঞ্জের।" তবে তিনি জানিয়েছেন, তার দল সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

বর্তমানে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ ৫৫.৫৬ শতাংশ সফলতা নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ২০.৮৩ শতাংশ সফলতার সঙ্গে আট নম্বরে অবস্থান করছে। বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও ক্যারিবীয়রা ইতোমধ্যে সেই লড়াই থেকে ছিটকে পড়েছে। তবে স্যামি বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে নিজেদের পয়েন্ট তালিকায় অবস্থান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন।

স্যামি জানিয়েছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রের শুরুতেই দলের কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে একটি ছিল পয়েন্ট তালিকার প্রথম অর্ধে জায়গা করে নেওয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পারলে ক্যারিবীয়রা সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল। সেবার তারা টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেও ওয়ানডে সিরিজে জয় পায়নি। বরং স্বাগতিক বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়। তবে টেস্টে বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০২১ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই সিরিজে ২-০ ব্যবধানে বাংলাদেশকে হারিয়ে ধবলধোলাই করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

এবারের টেস্ট সিরিজের দলে নির্বাচনে ক্যারিবীয়রা কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। দলে রাখা হয়নি শাই হোপ ও আলজারি জোসেফের মতো পরিচিত মুখদের। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন কেভিন উইকহাম। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের চার দিনের টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। সেখানে ১০৫ ও ১৫৩ রানের ইনিংস খেলার পর অপরাজিত ১০৮ রান করেন এই ব্যাটার। পুরো প্রতিযোগিতায় ৭৮.৬০ গড়ে তার সংগ্রহ ৩৯৩ রান।

এদিকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি আজ হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আগামী শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। ভারত সফর শেষ করে বাংলাদেশে আসবে ক্যারিবীয় দল।

সূচি অনুযায়ী, আগামী ৮ অক্টোবর মিরপুরে শুরু হওয়ার কথা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৫ নভেম্বর সিলেটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে আন্দোলন শুরু করেছে: আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


৭১ ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে আন্দোলন শুরু করেছে: আমান উল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি একত্রিত হয়ে আন্দোলন শুরু করেছে। তিনি বলেন, জনগণ এই পরিস্থিতি মেনে নেবে না। ২৪ এর পরাজিত শক্তিরা বর্তমানে হুংকার দিচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমান আরও বলেন, ষড়যন্ত্রের ঘটনা বাড়বে, তাই সজাগ থাকতে হবে। ইতিহাসের সাক্ষী, কোনো স্বৈরাচারী সরকার পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারেনি এবং তারা এবারও পারবে না।

এছাড়া, বিদেশে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় তিনি নিন্দা জানান।

দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিএনপির এই নেতা বলেন, দুর্গাপূজায় ৩ শিফটে ৮ ঘণ্টা করে নেতাকর্মীরা নিরাপত্তা দেবে। শারদীয় দুর্গা উৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর হবে।

তিনি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। দেশ বর্তমানে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।

আলোচনা সভায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম মন্তব্য করেন, নতুন একটি সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি দেওয়া অপ্রাসঙ্গিক। তিনি বলেন, চিন্তাভাবনা করে কর্মসূচি গ্রহণ করা উচিত যেন মাফিয়া সুযোগ নিতে না পারে। জুলাই ও আগস্টের খুনিদের সঙ্গে আঁতাত করে কর্মসূচি দিলে জনগণ তা মেনে নেবে না। বিরোধী দলকে দায়িত্বশীল সমালোচনা ও কর্মসূচি দেওয়ার আহ্বান জানান তিনি।

নাজিম উদ্দিন বলেন, বিএনপি ধ্বংস ও সন্ত্রাসের রাজনীতি করে না। এমনকি কারো বিরুদ্ধে প্রমাণ মিললে প্রধানমন্ত্রী তাকে বহিষ্কার করে শাস্তিও দিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%