কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
১০:৪০ পি.এম
শিক্ষার পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত করার উদ্দেশ্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে তিনি আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হন। সেখানে বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশে (অ্যাসেম্বলি) অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
সমাবেশ শেষে, সংসদ সদস্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রধান শিক্ষক আজাদুল ইসলাম বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয় তুলে ধরেন। সংসদ সদস্য সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরে, আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। সেখানে তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এরপর দুপুরে বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজ পরিদর্শন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ শেখ ফাতেমা অনন্যা প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনের বিষয় সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। তিনি দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. জাবেদ হোসেন, পৌর সভাপতি মো. ইউসুফসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা মন্তব্য করেন, "একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনের জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি।" তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আলফাডাঙ্গার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৫ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম।
সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির কোনো স্থান থেকেই অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ফটিকছড়িতে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।
এ সময় তিনি মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। পাশাপাশি, সংসদীয় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ফটিকছড়ি থানা ওসি রবিউল আলম খান, ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, নাজিরহাট হাইওয়ে থানার এস আই মো. আজিজ, চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ভুজপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম, প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্না প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা আলফাডাঙ্গা থানার পরিদর্শন করেন এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে আলফাডাঙ্গা থানায় পৌঁছালে, পুলিশ সদস্যরা ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। পুলিশ পরিদর্শক (তদন্ত) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে তাঁকে স্বাগত জানানো হয়।
পরে, থানার ওসির কার্যালয়ে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ড. ইলিয়াস মোল্লা।
এ সময় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা এবং পুলিশের কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ সদস্য বলেন, "আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে জনগণের আস্থা অর্জন করে কাজ করতে হবে।" অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, "এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশকে কোনো ধরনের পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে।" একই সঙ্গে সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি এবং একবিংশ শতাব্দীর কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে ‘Career GPS: Navigating Sectors, SWOT Analysis, and Your 21st Century Skillset’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিন ঘণ্টাব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অন-ক্যাম্পাস বিবিএ প্রোগ্রাম এবং বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষকসহ সংশ্লিষ্টরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা জরুরি। প্রয়োজনীয় দক্ষতা ছাড়া কর্মক্ষেত্রে সফলতা অর্জন কঠিন। এ কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম বিভিন্ন ধরনের দক্ষতাকে গুরুত্ব দিয়ে নতুনভাবে সাজানো হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর মো. লুৎফর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান এস. এম. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাহিদ মিয়া।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টির শিক্ষক এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের অধীনে জাপানি ও চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসন। এ লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন,কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলি এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিটির সাংবাদিকরা উপস্থিত ছিলেন
উপাচার্য জানান, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে আধুনিক ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালুর অনুমোদন নেওয়া হয়েছে। ইনস্টিটিউটের অধীনে জাপানি ও চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারিত হবে।
তিনি আরও বলেন, ইবিতে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন হাব স্থাপন, আইআইইআর সংলগ্ন পুকুরপাড় বাঁধাই করে ওয়াকিং ওয়ে নির্মাণ, ডরমিটরির পরিত্যক্ত ভবন সংস্কার করে ছাত্রীদের জন্য আবাসিক সুবিধা বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইউনিক আইডি ও ডিবেটিং স্পেস তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ