বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৮ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আরসানাল খান সানিকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক করেছে এসআরবি-২।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। আটক আরসানাল খান সানি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযানের অংশ হিসেবে এসআরবি-২ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাসুদ রানাকে (৩৭) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১টি স্মার্টফোন, কম্পিউটার, রাউটার, ইউপিএস ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, জব্দ ডিভাইসগুলো প্রাথমিকভাবে পর্যালোচনায় অনলাইন জুয়া, ক্রিপ্টোকারেন্সি, ভিপিএন ও টেলিগ্রামসহ বিভিন্ন অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে। দুটি আইফোনে Polymarket প্ল্যাটফর্ম ব্যবহার এবং ডলার লেনদেনের তথ্যও পাওয়া যায়। একটি ডিভাইসের টেলিগ্রাম হিস্টোরিতে পাঁচ শতাধিক জিমেইল আইডি ও পাসওয়ার্ড-সংক্রান্ত তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এদিকে বুধবার নগদ অর্থ চুরির অভিযোগে এয়ারপোর্ট থানায় গ্রেপ্তার হৃদয় হোসেনকে (২৪) সংক্ষিপ্ত বিচার শেষে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই দিন রাজপাড়া থানায় দুই গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার বাচ্চুকে (৫০) তিন মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর সাপাহারে কৃতি স্কাউট শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা ও গ্রুপ ক্যাম্পের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
সাপাহার মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি আব্দুর রহমান (কল্লোল) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্ত স্কাউটের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতি স্কাউট শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং গ্রুপ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় এবং সাধারণ সম্পাদক খন্দকার আরমানের সই করা পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কমিটির অনুমোদন সম্পর্কে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সলিমপুর, সাহাপুর, লক্ষীকুন্ডা, পাকশী, সাঁড়া, দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়নে আগামী এক বছরের জন্য এসব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সলিমপুর ইউনিয়নে ১২ সদস্যের কমিটি গঠনের জন্য রতন আলীকে সভাপতি এবং শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাকশী ইউনিয়নে তাসনিমুল হাসান অনিককে সভাপতি ও জান মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দাশুড়িয়ায় আহাদ আলীকে সভাপতি এবং হৃদয় ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
সাঁড়া ইউনিয়নে চার সদস্যের কমিটি গঠনের জন্য তৌহিদুর রহমান রিয়নকে সভাপতি এবং রাসেল আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মুলাডুলিতে আল-আমিন ইসলামকে সভাপতি ও আশরাফুল ইসলাম শাকিলকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। লক্ষীকুন্ডায় মিজানুর রহমান আলিফকে সভাপতি এবং ওমর ফারুক কমলকে সাধারণ সম্পাদক করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাহাপুরে রাফি হোসেন জিতুকে সভাপতি এবং হুমায়ুন কবির হিমেলকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে নতুন কমিটির পদপ্রাপ্ত নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার জন্য আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা নেতাদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নেতাকর্মীদের সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে জানতে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাগমারায় নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদারের কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ১০ জন অসহায় মানুষের হাতে এসব চেক বিতরণের উদ্বোধন করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্যাতিত, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল থেকে বাগমারা উপজেলার নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে অনুদান হিসেবে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণের সময় সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার অসহায় মানুষের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি আশা প্রকাশ করেন যে, সরকারি এ সহায়তা অসহায় ও দুস্থ মানুষের প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়ক হবে।
বাগমারা উপজেলার নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে অনুদান বাবদ ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ