ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ধ্বংসের জন্য ৪৫ টন কোকেন গেল যুক্তরাষ্ট্রে


ধ্বংসের জন্য ৪৫ টন কোকেন গেল যুক্তরাষ্ট্রে

মার্কিন বিমানবাহিনীর একটি সি-১৭ গ্লোবমাস্টার-৩ উড়োজাহাজ কোস্টারিকায় বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ৪৫ টন কোকেন ধ্বংসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। এই বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে দুই দেশের মাদকবিরোধী সহযোগিতার আওতায়। কোকেনগুলো ইনসিনারেশনের মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা রয়েছে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিসে রিওয়ার্ল্ড সলিউশন্সের শিল্পকারখানায়।

কোস্টারিকার বিচার বিভাগের নথি অনুযায়ী, ধ্বংসের জন্য পাঠানো মাদকের সঠিক ওজন ৪৪ হাজার ৬৯৭ দশমিক ১৩ কেজি। এটি প্রায় ৪৪ দশমিক ৭ মেট্রিক টন বা ৯৮ হাজার ৬০০ পাউন্ড কোকেন একসঙ্গে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। বিভিন্ন সময়ে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানগুলোর মাধ্যমে এসব মাদক জব্দ করা হয়েছে।

চালানটি কোস্টারিকার আলাজুয়েলায় অবস্থিত এয়ার সার্ভেইলেন্স সার্ভিসের বেস-২ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হয়। ঘাঁটিটি রাজধানী সান হোসের নিকটবর্তী হুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত। এই অভিযানে কোস্টারিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) ও অন্যান্য আন্তর্জাতিক অংশীদার সহযোগিতা করেছে।

আরও পড়ুন: টিকটক ইলন মাস্কের তথ্যচিত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে

কোস্টারিকার বিচার বিভাগ জানিয়েছে, এত বিপুল পরিমাণ মাদক একসঙ্গে ধ্বংস করার মতো সক্ষমতা দেশটির নেই। স্থানীয় ইনসিনারেটরের সীমিত ক্ষমতা এবং মাদক সংরক্ষণের গুদামগুলোর ওপর বাড়তে থাকা চাপের কারণে দ্রুত ও নিরাপদে বড় চালান ধ্বংস করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া, বিপুল পরিমাণ কোকেন একসঙ্গে পোড়ানোর ক্ষেত্রে নিরাপত্তা ও পরিবেশগত ঝুঁকির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

কোস্টারিকার অ্যাটর্নি জেনারেল কার্লো দিয়াজ জানিয়েছেন, বাজেট সীমাবদ্ধতার কারণে দেশে এই পরিমাণ মাদক ধ্বংস করা সম্ভব হচ্ছিল না। যুক্তরাষ্ট্রের সরকার, দেশটির দূতাবাস ও ডিইএর সহযোগিতায় মাদকগুলো যুক্তরাষ্ট্রে নেওয়ার ব্যবস্থা করা হয়।

মাদক পরিবহনের আগে পুরো চালান গণনা ও যাচাই করে আলাদা করে শনাক্ত করা হয়। এরপর প্যাকেটগুলো সিল ও লেবেল করে প্যালেটে সাজানো হয়। সশস্ত্র নিরাপত্তার মধ্যে সেগুলো বিমানবন্দরের রানওয়েতে নেওয়া হয় এবং সামরিক উড়োজাহাজের কার্গো ডেকে তোলা হয়। পুরো প্রক্রিয়ায় মাদকের ‘চেইন অব কাস্টডি’ অক্ষুণ্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কোস্টারিকার একটি আদালতের আদেশে চালানটি যুক্তরাষ্ট্রে নেওয়া ও ধ্বংসের প্রক্রিয়া অনুমোদন করা হয়। নথি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর মাদকগুলো যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা ছিল এবং ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৬টা থেকে ইন্ডিয়ানাপোলিসের রিওয়ার্ল্ড সলিউশন্সের কারখানায় ইনসিনারেশন শুরু করার সময় নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের আহ্বান, ‘চলুন ফ্রান্সে বিপ্লবে যোগ দিই’

মাদকের নিরাপদ হস্তান্তর ও ধ্বংসের প্রক্রিয়া সরাসরি তদারকিতে কোস্টারিকার একজন বিচারকও যুক্তরাষ্ট্রে যান। ডিইএর কর্মকর্তাদের পাশাপাশি কোস্টারিকার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং মার্কিন বিমানবাহিনীর লোডমাস্টাররা পরিবহন ও হস্তান্তর প্রক্রিয়ায় অংশ নেন। যুক্তরাষ্ট্রে ধ্বংসের পর পুরো প্রক্রিয়ার আইনগত নথিপত্র সংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়।

বিপুল পরিমাণ মাদক একবারে সরিয়ে নিতে সি-১৭ ব্যবহারের বিষয়টি এ অভিযানে বিশেষভাবে নজর কেড়েছে। উড়োজাহাজটির বড় কার্গো ধারণক্ষমতার কারণে প্রায় এক লাখ পাউন্ড ওজনের এই চালান একবারে পরিবহন করা সম্ভব হয়েছে। কোস্টারিকার কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এই সহযোগিতা দুই দেশের মধ্যে মাদকবিরোধী সমন্বয় আরও জোরদারের বিষয়টিও তুলে ধরছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোস্টারিকার মাদকবিরোধী সহযোগিতা সাম্প্রতিক সময়ে আরও জোরদার হয়েছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছিল, কোস্টারিকাকে ব্যবহার করে বিপুল পরিমাণ কোকেন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে এক বড় মাদক পাচারকারীকে কোস্টারিকা থেকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের বিভিন্ন মামলার নথিতেও কোস্টারিকাকে কোকেন পাচারের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু, শোকার্ত টালিগঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন’, বললেন কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ এম


‘নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন’, বললেন কাতারের প্রধানমন্ত্রী

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি মন্তব্য করেছেন যে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সীমা অতিক্রম করেছেন’। তিনি দোহায় ইসরাইলি বিমান হামলার প্রসঙ্গে এই কথা বলেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী উল্লেখ করেন, যখন কাতার যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছিল এবং দোহায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখনই ইসরাইল কাতারে হামলা চালায়। তিনি হামলাটিকে অগ্রহণযোগ্য হিসেবে চিহ্নিত করেন।

শেখ মোহাম্মদ বলেন, ‘আমরা যখন মধ্যস্থতা করছিলাম এবং দোহায় ট্রাম্পের প্রস্তাব এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম, তখন ইসরাইল আমাদের ওপর হামলা চালায়।’

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, মধ্যস্থতার দায়িত্ব পালনরত একটি দেশের ওপর হামলা আন্তর্জাতিক কূটনীতির জন্য বিপজ্জনক নজির তৈরি করেছে। তাঁর মতে, যুদ্ধের ইতিহাসে মধ্যস্থতাকারীর ওপর এ ধরনের হামলার নজির নেই। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দোহায় ইসরাইলি বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় হামাসের পাঁচ সদস্য এবং কাতারের একজন নিরাপত্তাকর্মী নিহত হন। কাতার হামলাটিকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং মধ্যস্থতার ওপর আঘাত হিসেবে নিন্দা জানিয়েছিল।

সাক্ষাৎকারে শেখ মোহাম্মদ গাজায় ইসরাইলের সামরিক কর্মকাণ্ডেরও সমালোচনা করেন। তিনি বলেন, হাসপাতাল ও বিদ্যালয়ে হামলার মতো কর্মকাণ্ড কোনো যুক্তি দিয়ে ন্যায্যতা দেওয়া যায় না। গাজায় সংঘটিত কর্মকাণ্ডের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ইসরাইল অবশ্য দোহায় হামলাটিকে হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে পরিচালিত অভিযান হিসেবে দেখিয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষের বক্তব্য ছিল, দোহায় অবস্থানরত হামাসের নেতৃত্ব ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার সঙ্গে যুক্ত ছিল এবং ইসরাইলের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করছিল।

তবে হামলার পরও কাতার মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসেনি। শেখ মোহাম্মদ বলেন, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখবে দোহা এবং বন্ধ দরজার আড়ালে আলোচনা চালিয়ে যাওয়াকেই জটিল সংঘাত নিরসনের কার্যকর পথ হিসেবে দেখছে তাঁর দেশ। তথ্যসূত্র: আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪১ এম


ফেনীতে বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকা থেকে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে মাশুকুর রহমান ইমন (১৫) নামে এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। 
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নিখোঁজের একদিন পর শহরতলীর ফতেহপুর এলাকায় রাস্তার পাশ থেকে ব্যাটারি ছাড়া পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। 
তবে ইমনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মাদরাসা থেকে বাড়িতে ফেরে ইমন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। ওইদিন তার পরনে প্যান্ট ও গেঞ্জি ছিল।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ইমনের বাবা শহীদুল ইসলাম সুজন ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তারপর থেকে পুলিশও ইমনকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ফতেহপুর এলাকায় রাস্তার পাশ থেকে ব্যাটারি ছাড়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।
ইমনের বাবা শহীদুল ইসলাম সুজন ঢাকা পোস্টকে বলেন, আমি শহরের সহদেবপুর, বিরিঞ্চিসহ আশপাশের এলাকায় রিকশা চালিয়ে পরিবার চালাই। বাড়িতে এলে আমার ছেলে মাঝেমধ্যে অটোরিকশাটি নিয়ে বাড়ির আশপাশে চালাত। কিন্তু সোমবার সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাচ্ছি না। এ ঘটনায় আমি থানায় নিখোঁজ ডায়েরি করেছি।
এ ঘটনায় কাউকে সন্দেহ করছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কাউকে সন্দেহ করছি না। তবে গত কয়েকদিন ধরে আমার ছেলের এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। বিষয়টি আমার ছেলে আমাকে সরাসরি জানায়নি, অন্যভাবে শুনেছি। আমার ছেলে নিখোঁজ হওয়ার সঙ্গে ওই ঘটনার কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা আমি জানি না। আমি শুধু চাই, আমার ছেলে সুস্থভাবে ফিরে আসুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তি কমিটির সাতক্ষীরা জেলা প্রবাসী কল্যাণ সম্পাদক হলেন কালীগঞ্জের আল মামুন

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ , (কালিগঞ্জ) সাতক্ষীরা

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৪৩ এম


আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তি কমিটির সাতক্ষীরা জেলা প্রবাসী কল্যাণ সম্পাদক হলেন কালীগঞ্জের আল মামুন

'মানবতার ডাকে সাতক্ষীরা আজ এক কাতারে, স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের বার্ষিক সম্মেলন ও কার্ড বিতরণ কর্মশালা।

২৮ সেপ্টেম্বর (সোমবার) বিকালে দেবহাটা উপজেলার গাজীরহাটে এ কর্মশালায় চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আলম। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মী ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সুসংগঠিত মানুষ হিসেবে এবার প্রবাসী কল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের প্রবাসী মোঃ আল মামুন। তিনি মুঠো ফোনে সাংবাদিকদের বলেন, "আমাদের প্রবাসী ভাই-বোনেরা শুধু আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি বা রেমিট্যান্স যোদ্ধাই নন, তারা বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের প্রকৃত দূত। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটে তারা দেশের অর্থনীতিকে সচল রাখছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রবাসে পাড়ি জমানো থেকে শুরু করে কর্মক্ষেত্র, এমনকি দেশে ফেরার পরও তারা নানাবিধ হয়রানি, আইনি জটিলতা এবং অধিকার লঙ্ঘনের শিকার হন।"
তিনি আরও উল্লেখ করেন, এই পদে থেকে তার মূল লক্ষ্য হবে প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, প্রবাসে নির্যাতনের শিকার বা আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করা।
বিবৃতির শেষে তিনি প্রবাসীদের অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫২ এম


দক্ষিণ ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা

বরিশালের বানারীপাড়া উপজেলার ৯৩ নম্বর দক্ষিণ ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুর রহমান দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলুহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চাঁন। সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন্নাহারসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নবগঠিত ম্যানেজিং কমিটির সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সামসুল হক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলালসহ অনেকে।

সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে শাকিল আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এরই মধ্যে বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল কার্যক্রম চালু করা হয়েছে। অতি শিগগিরই শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

তিনি ৯৩ নম্বর দক্ষিণ ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ম্যানেজিং কমিটির সহসভাপতি মেহেদী হাসান মিঠু বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সভা শেষে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%