মামুন বিল্লাহ , (কালিগঞ্জ) সাতক্ষীরা
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪৩ এম
'মানবতার ডাকে সাতক্ষীরা আজ এক কাতারে, স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের বার্ষিক সম্মেলন ও কার্ড বিতরণ কর্মশালা।
২৮ সেপ্টেম্বর (সোমবার) বিকালে দেবহাটা উপজেলার গাজীরহাটে এ কর্মশালায় চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আলম। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের মানবাধিকার কর্মী ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সুসংগঠিত মানুষ হিসেবে এবার প্রবাসী কল্যাণ সম্পাদক নির্বাচিত হলেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের প্রবাসী মোঃ আল মামুন। তিনি মুঠো ফোনে সাংবাদিকদের বলেন, "আমাদের প্রবাসী ভাই-বোনেরা শুধু আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি বা রেমিট্যান্স যোদ্ধাই নন, তারা বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের প্রকৃত দূত। বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খেটে তারা দেশের অর্থনীতিকে সচল রাখছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, প্রবাসে পাড়ি জমানো থেকে শুরু করে কর্মক্ষেত্র, এমনকি দেশে ফেরার পরও তারা নানাবিধ হয়রানি, আইনি জটিলতা এবং অধিকার লঙ্ঘনের শিকার হন।"
তিনি আরও উল্লেখ করেন, এই পদে থেকে তার মূল লক্ষ্য হবে প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, প্রবাসে নির্যাতনের শিকার বা আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত পাশে দাঁড়ানো এবং তাদের কল্যাণে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাথে সেতুবন্ধন হিসেবে কাজ করা।
বিবৃতির শেষে তিনি প্রবাসীদের অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীসহ দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার ৯৩ নম্বর দক্ষিণ ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুর রহমান দুলালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলুহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চাঁন। সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন্নাহারসহ ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, নবগঠিত ম্যানেজিং কমিটির সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিঠু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সামসুল হক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলালসহ অনেকে।
সভায় নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাকিল আহমেদ বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এরই মধ্যে বিদ্যালয়গুলোতে মিড-ডে মিল কার্যক্রম চালু করা হয়েছে। অতি শিগগিরই শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
তিনি ৯৩ নম্বর দক্ষিণ ইলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
ম্যানেজিং কমিটির সহসভাপতি মেহেদী হাসান মিঠু বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সভা শেষে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দেশের বাজারে সোনার দাম ফের বেড়েছে, যা টানা তিন দফা কমার পর ঘটেছে। ২২ ক্যারেটের সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে, ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির একটি বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
এর আগে ২৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছিল। এরপর ২৮ সেপ্টেম্বর দাম কমানো হয় ২ হাজার ১৫৮ টাকা। এখন আবার দাম বাড়ানোর ফলে, তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম মোট ৬ হাজার ৬৫ টাকা কমেছে।
বিস্তারিত আসছে...
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৪ জন, লালবাগ বিভাগ থেকে ৩৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৫১ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭৪ জন, মিরপুর বিভাগ থেকে ৭১ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় উদ্ধার করা হয়েছে ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির চাকতি, ১টি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন, ৬৬৮ গ্রাম গাঁজা এবং ১টি প্রাইভেট কার।
রাজধানীর বিভিন্ন থানার এলাকা থেকে অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি শিশু ডে কেয়ারে এক শিশু ব্যাগ থেকে একটি গুলি ভর্তি (লোডেড) পিস্তল বের করেছে। তবে সেখানে উপস্থিত শিক্ষকের দ্রুত পদক্ষেপের কারণে শিশুটির কাছ থেকে অস্ত্রটি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনায় কেউ আহত হয়নি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ডেট্রয়েট শহরের পশ্চিমে ক্যান্টন টাউনশিপের একটি শিশু ডে কেয়ারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শিশুটির ব্যাগের ভেতর একটি খাপে রাখা ভর্তি পিস্তল ছিল। যখন শিশু সেটি ব্যাগ থেকে বের করে, তখন সেখানে কর্মীরা দ্রুত অস্ত্রটি সরিয়ে নেন।
ক্যান্টন টাউনশিপের পুলিশ প্রধান জোসেফ বিয়ালি জানিয়েছেন, ঘটনার সময় কক্ষে একজন শিক্ষক উপস্থিত ছিলেন। তিনি শিশুটির হাতে অস্ত্র দেখতে পেয়ে দ্রুত এগিয়ে গিয়ে সেটি সরিয়ে নেন।
পুলিশ প্রধান বলেন, ঘটনার ভিডিও দেখে বোঝা যায় যে, দৃশ্যটি যে কারও কাছে ভয়াবহ মনে হবে। তবে ডে কেয়ার কেন্দ্রের কর্মীরা পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত ছিলেন এবং দ্রুত পদক্ষেপ নিয়ে সব শিশুকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছেন।
তিনি আরও বলেন, শিক্ষক দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, তা বলা কঠিন।
পুলিশ শিশুটির বাবা-মায়ের পরিচয় প্রকাশ করেনি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো ফৌজদারি অভিযোগও দায়ের হয়নি। তবে ওয়েন কাউন্টির সরকারি কৌঁসুলির দপ্তর জানিয়েছে, অভিযোগের আবেদন পর্যালোচনা করা হচ্ছে। ওই দিন কোনো শুনানি হবে না বলেও জানানো হয়েছে।
পুলিশ প্রধান জানান, শিশুটির বাবা-মায়ের একজন পাশের একটি এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা। তবে যাঁকে হেফাজতে নেওয়া হয়েছে, তিনি সেই কর্মকর্তা নন। তিনি মনে করেন, অস্ত্রটি ওই কর্মকর্তার সরকারি অস্ত্র ছিল না।
ঘটনার পর শিশু দিবাযত্ন কেন্দ্রটি পরিবারটিকে আর সেখানে রাখেনি। একই সঙ্গে ভবিষ্যতে ডে কেয়ার কেন্দ্রে প্রবেশের সময় শিশুদের ব্যাগ তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ প্রধান বলেন, ঘটনায় কারও ইচ্ছাকৃত ক্ষতি করার উদ্দেশ্য ছিল বলে তিনি মনে করেন না। তার মতে, মূল বিষয় হলো আগ্নেয়াস্ত্র নিরাপদে সংরক্ষণ করা।
তিনি আরও বলেন, কোনো বাড়িতে শিশু থাকলে বা শিশুর উপস্থিতির সম্ভাবনা থাকলে আগ্নেয়াস্ত্র নিরাপদভাবে সংরক্ষণ করা আইন অনুযায়ী বাধ্যতামূলক।
সূত্র: এনবিসি নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ