০১:০৩ এম
খুলনায় চাঁদাবাজির শিকার হওয়া সত্ত্বেও ভয়ের কারণে কেউ মুখ খুলতে পারছে না বলে অভিযোগ করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি দাবি করেছেন, খুলনায় কিছু সন্ত্রাসী গ্রুপ লাখ লাখ ও কোটি কোটি টাকা চাঁদা আদায় করছে, মানুষকে জিম্মি করে রেখেছে।
অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কেসিসি প্রশাসক মঞ্জু বলেছেন, নগরজুড়ে একের পর এক হত্যা, হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, যা উদ্বেগ সৃষ্টি করছে। যদিও রাজনৈতিক নেতৃত্ব ও শীর্ষ পর্যায় থেকে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে পারছে না।
আরও পড়ুন: যশোরে ১৪ মামলার সন্ত্রাসীর বাড়ি থেকে বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার
মঞ্জু আরও বলেন, ‘খুলনা এখন সন্ত্রাসের কবলে। কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ১৪ লাখ মানুষকে জিম্মি করে ফেলেছে। এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন। অবিলম্বে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালানো এবং প্রয়োজনে কারফিউ জারি করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা প্রয়োজন।’
তিনি উল্লেখ করেন, ‘খুনিরা মানুষ খুন করছে, চাঁদাবাজি করছে এবং মাদকের বাজার তৈরি করেছে। প্রতিবাদ জানালে তাদের হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ থেকে ১০ জন কর্মীকে তারা হত্যা করেছে। যদি এই অবস্থা চলতে থাকে, খুলনার মানুষ বাঁচবে না, কোনো উন্নয়ন হবে না। মানুষ অন্ধকারে বসবাস করছে। ব্যবসায়ীরা খুলনা ত্যাগ করছেন। অনেকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পরিস্থিতি এমন যে, কার কাছে বলবে, যদি ফাঁস হয়ে যায়, তাহলে সে গুলির শিকার হবে। এজন্য চাঁদা দিচ্ছে সবাই, কিন্তু কেউ মুখ খুলছে না। খুলনা শহরে একটি নীরব চাঁদাবাজি চলছে। আবার এই চাঁদা কিন্তু ছোটখাটো অংকের নয়, লাখ লাখ, কোটি কোটি টাকা। পাঁচ-ছয়টি গ্রুপ চাঁদাবাজি করছে, মানুষকে জিম্মি করে। তবে আমরা এর অবসান চাই। এজন্য প্রধানমন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে। সব বাহিনী নিয়ে একটি যৌথ বাহিনী গঠন করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে হবে।’
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, ‘প্রয়োজনে খালেদা জিয়া ম্যাডামের সন্ত্রাস দমনের মডেলটি গ্রহণ করতে হবে, যেটি আমি একটি সংবাদ সম্মেলনে বলেছিলাম। ম্যাডাম দেড়শ পুলিশ ক্যাম্প খুলনা বিভাগে স্থাপন করেছিলেন এবং এই অঞ্চলে বিশেষ গোয়েন্দা নজরদারির জন্য গোয়েন্দাদের নিয়োগ দেওয়া হয়েছিল। ক্রসফায়ার অমানবিক, সরকার এটি বন্ধ করেছে। সরকারের এই অস্ত্রটি আওয়ামী লীগ আমলে অসৎভাবে ব্যবহার হওয়ার কারণে কোনো জনপ্রিয় সরকার এটি করতে চায় না। কিন্তু আজকে সবার হাততালিতে মনে হয়েছে যে বিশেষ প্রয়োজনে ক্রসফায়ার খুব জনপ্রিয়। এই অঞ্চলটি পরিষ্কার করতে হবে যেকোনো মূল্যে। পাবলিককে নিরাপদ শহর গড়ার অঙ্গীকার আমাদের প্রধানমন্ত্রীর, এটি বাস্তবায়ন করতে হবে।’
এর আগে, গত ১২ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় স্বল্পবাহিরদিয়া গ্রামের হিরকের দোকানে বসেছিলেন জাকির হোসেন। মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জাকির স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে।
আরও পড়ুন: কক্সবাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানের ৬ লাখ টাকা জরিমানা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন