ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

অগ্নিসন্ত্রাস ও নাশকতার রাজনীতিকে ‘না’ বলুন


অগ্নিসন্ত্রাস ও নাশকতার রাজনীতিকে ‘না’ বলুন

১৪ বছরের একটি ছেলে বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তার মা বাইরে দাঁড়িয়ে দোয়া করছেন। তিনি বলেন, ‘আল্লাহ, ছেলেকে তোমার পথে দিয়েছি, তোমার কিতাব পড়তে দিয়েছি। তুমিই রহম করো।’

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চার তলায় আইসিইউর সামনে গিয়ে সোনিয়া আক্তার এভাবেই তার সন্তানের জন্য হাহাকার করছিলেন। তার ছেলের নাম আজিজুল ইসলাম সিয়াম। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় মাদরাসায় অগ্নিকাণ্ডের ফলে আহত আজিজুলকে ঢাকায় আনা হয়েছে। ধোঁয়ায় অসুস্থ আজিজুলের মতো ৬৩ ছাত্রকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এই ঘটনা অত্যন্ত ভয়াবহ এবং অমানবিক। সভ্য সমাজে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তারা জনগণের শত্রু। বাংলাদেশে হঠাৎ করেই সন্ত্রাস এবং নাশকতার রাজনীতি শুরু হয়েছে। গুপ্ত হামলা, ককটেল বিস্ফোরণ, বাসে আগুন, নাশকতার মতো ঘটনা ঘটছে দেশের বিভিন্ন স্থানে। বিশেষ করে ঢাকাকে টার্গেট করা হয়েছে।

গতকাল দেশের বিভিন্ন স্থানে হামলা এবং সন্ত্রাসের ঘটনা ঘটেছে। শ্রমিক বিক্ষোভ নতুন করে আবার শুরু হয়েছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চল আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সকালে জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ করেন শ্রমিকরা। একপর্যায়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় দুই পোশাকশ্রমিক আহত হয়েছেন। নেত্রকোনার মোহনগঞ্জে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে গেছে। ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ভিতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু হয়েছে। নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ঢাকা মেডিকেলে দালাল ধরতে অভিযান, ১১ জন আটক, ৭ জনের কারাদণ্ড

শরীয়তপুরের জাজিরায় নানা স্লোগান দিয়ে লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা অবরোধ, শতাধিক ককটেল বিস্ফোরণ এবং গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি হুমকি। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তারা গণতন্ত্রের শত্রু এবং দেশের মানুষের প্রতিপক্ষ।

বাংলাদেশ বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন এই অবস্থা থেকে উত্তরণের জন্য কাজ করছে, ঠিক তখনই এ ধরনের ঘটনা ঘটছে। আজকের বাংলাদেশের রাজধানী ঢাকা কিংবা মফস্বলের সড়কগুলোর দৃশ্যপট সাধারণ মানুষের মনে এক অদ্ভুত ও আতঙ্কজনক স্মৃতি জাগিয়ে তুলছে। গণপরিবহনে হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন, চলন্ত বাস থেকে যাত্রীদের হুড়োহুড়ি করে নেমে প্রাণ বাঁচানোর আকুল চেষ্টা, আর নির্জন রাজপথ কিংবা ব্যস্ত মোড়ে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ-এ যেন সেই পুরনো ও অতিপরিচিত কোনো চিত্রনাট্যের নতুন পর্ব। গত দেড় দশকের শাসনকালে জনমনে আতঙ্ক সৃষ্টি করা, প্রতিপক্ষ ও বিরোধী মতকে নির্মমভাবে দমন এবং শাসনতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে যে ‘অগ্নিসন্ত্রাস’ ও রাষ্ট্রীয় স্পন্সরশিপে নানা নাটকের মহড়া চালানো হতো, আজকের এই ককটেল এবং আগুনের ধরন ও চরিত্র ঠিক একই ধারাবাহিকতার সাক্ষ্য বহন করছে। ফলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে—গণ-অভ্যুত্থানের মুখে পরাজিত ও শক্তি কি তবে তাদের অস্তিত্বের শেষ ভরসা হিসেবে আবারও সেই চিরচেনা পথেই হাঁটছে? রাজনীতি যখন জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন কি কেবল ‘নাশকতা’ই হয়ে ওঠে নিষিদ্ধ কোনো গোষ্ঠীর শেষ অস্ত্র?

দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, দেশের ভেতর কিংবা বাইরে থেকে কোনো ধরনের ষড়যন্ত্রই জনগণের ঐক্য ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। জাতীয় স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: খিলগাঁও থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণ, নিশ্চিত করেছেন ওসি সাইফুল ইসলাম

এমন প্রেক্ষাপটে নাশকতা, সহিংসতা এবং দেশবিরোধী যেকোনো তৎপরতার বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথাই সামনে এসেছে। নাশকতা ও ষড়যন্ত্র মোকাবেলায় বিভাজনের পরিবর্তে জাতীয় স্বার্থে সমন্বিত অবস্থানই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই এখন সময় এসেছে অগ্নিসন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার। এসব দেশবিরোধী তৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসের রাজনীতিকে না বলতে হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগির দরজা খুলে পড়ায় আহত ২ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ এম


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগির দরজা খুলে পড়ায় আহত ২ যাত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা চলন্ত অবস্থায় খুলে পড়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ট্রেনের দুই যাত্রী আহত হয়েছেন। তবে দরজা পড়ে যাওয়ার ফলে হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দরজাটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কসবা উপজেলার সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি সময়ে ট্রেনের ‘ড’ বগির একটি দরজা খুলে পড়ে যায়। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। চলন্ত ট্রেনের দরজা খুলে পড়ার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচলের এমন ঘটনায় ট্রেনের বগির দরজার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দরজা না থাকা অবস্থায় ট্রেনটি ঢাকা পর্যন্ত চলে যায়।

ট্রেনের একাধিক স্টুয়ার্ড জানিয়েছেন, কসবার সালদানদী স্টেশন পার হওয়ার পর মন্দবাগ স্টেশনের কাছে ঢাকামুখী ট্রেনের ড বগির একটি দরজা খুলে পড়ে যায়। অনেক যাত্রী দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন। কিছু যাত্রী দাবি করেছেন যে একটি অটোরিকশার সঙ্গে সামান্য ধাক্কা লেগে দরজাটি খুলে পড়ে।

বিকেল পৌনে ৫টায় ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতির সময় ‘ড’ বগির ২ নং সিটে বসে থাকা যাত্রী মো. জহিরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ‘চলন্ত অবস্থায় শব্দ পাই। উঠে দেখি একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারো কোনো সমস্যা হয়নি।’

ট্রেনের পরিচালক (গার্ড) শমাস মো. লেলিন বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কালের কণ্ঠকে জানান, ‘ট্রেনে অনেক যাত্রীচাপ ছিল। বিশেষ করে কুমিল্লা স্টেশন পার হওয়ার পর আসনবিহীন যাত্রী আরো বেড়ে যায়। সালদানদী একটি লেভেল ক্রসিংয়ে অটোরিকশা আটকে যায়। স্থানীয় লোকজন এটিকে সরানোর চেষ্টা করছিলেন। এর মধ্যে দরজায় ধাক্কা লাগলে সেটি পড়ে যায়। এ সময় দরজার সামনে থাকা দুই যাত্রী পায়ে সামান্য ব্যথা পান। আমি গিয়ে দেখি যাত্রীরা এ নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে তারা দরজাটি উদ্ধার করেন। দরজার তেমন ক্ষতি হয়নি বলে জেনেছি।’

তিনি আরও বলেন, ‘যে বগিটি দুর্ঘটনা কবলিত হয়েছে, এগুলো দরজা সবসময় বন্ধ রাখা হয়। অনেক সময় যাত্রীরা দুই-চার আঙুল ফাঁকা করে রাখেন। তারা কথা শুনতে চান না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধীজোটে ভাঙনের গুঞ্জন, শীর্ষ নেতারা অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ এম


বিরোধীজোটে ভাঙনের গুঞ্জন, শীর্ষ নেতারা অস্বীকার

রাজনীতির মাঠে বিরোধীজোটের ভাঙন নিয়ে আলোচনা চলছে, যা এনসিপির শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং জামায়াতের বিরুদ্ধে এনসিপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যের কারণে সৃষ্টি হয়েছে। ১১ দলীয় জোটের লংমার্চে এই বিষয়গুলো সামনে এসেছে।

বিশ্লেষকরা মন্তব্য করছেন, স্থানীয় সরকার নির্বাচন আসন্ন হওয়ায় জোটের মধ্যে টানাপোড়েন অস্বাভাবিক কিছু নয়।

তবে জামায়াত-এনসিপির শীর্ষ নেতাদের দাবি, সরকার জোট ভাঙার ষড়যন্ত্র করলেও তারা ঐক্যবদ্ধ রয়েছে।

৭ দফা দাবিতে তিন বিভাগে বড় আকারে লংমার্চ করেছে ১১ দলীয় ঐক্য। চট্টগ্রাম থেকে শুরু করে রংপুরের কর্মসূচিতে অংশগ্রহণ করলেও, ৩১ অক্টোবর ঢাকা-কুষ্টিয়া লংমার্চে এনসিপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতি থেকেই জোট ভাঙার আলোচনা শুরু হয়েছে।

একই সময়ে, জোটের বৃহত্তর শরিক জামায়াতের বিভিন্ন বিষয় নিয়ে এনসিপি নেতাদের সমালোচনা শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে নতুন প্রশ্ন উঠছে, জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা কি একে অপরকে এড়িয়ে চলছেন?

রাজনীতি বিশ্লেষক ড. শিব্বির আহমেদ এ বিষয়ে মন্তব্য করেছেন যে, স্থানীয় সরকার নির্বাচন এবং জোটে দলের হিস্যা নিশ্চিত করার জন্য ১১ দলের মধ্যে কিছুটা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, জামায়াত-এনসিপির নেতারা জোটে দূরত্বের বিষয়টি মানতে নারাজ। জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ এবং এনসিপি নেতা আখতার হোসেন সময় সংবাদের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন।

জোটে ভাঙনের আলোচনা তারা গুঞ্জন হিসেবে উল্লেখ করেছেন, যা সরকারের তৈরি। একই সঙ্গে, গণভোটের রায় বাস্তবায়নসহ ৭দফা দাবিতে চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করছেন বিরোধীজোটের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রশাসনেই জনবলসংকট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


জনপ্রশাসনেই জনবলসংকট

সরকারি চাকরিতে নিয়োগ, বদলি, পদোন্নতি ও জনবল কাঠামো হালনাগাদের মূল চালিকাশক্তি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দেশের প্রশাসন পরিচালনার দায়িত্বে নিয়োজিত এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বর্তমানে তীব্র জনবলসংকটে ভুগছে। এমনকি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদিত পদের প্রায় ২০ ভাগ শূন্য রয়েছে। একেকজনের কাঁধে একাধিক অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে কাজ চালানো হচ্ছে, যার ফলে অনেক কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। মন্ত্রণালয় দ্রুত এই সংকট কাটানোর উদ্যোগ গ্রহণ করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র এবং সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপিত সারসংক্ষেপ থেকে জানা গেছে, মন্ত্রণালয়ে অনুমোদিত ৬২৯টি পদের মধ্যে বর্তমানে ১২৪টি ফাঁকা রয়েছে। এর ফলে দৈনন্দিন দাপ্তরিক ও প্রশাসনিক কাজ পরিচালনায় সমস্যা দেখা দিচ্ছে। তবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী জানিয়েছেন, "আমরা সব সরকারি প্রতিষ্ঠানেই জনবল নিয়োগের ওপর জোর দিয়েছি। এটা নিয়ে আমাদের বিভিন্ন মেয়াদি পরিকল্পনা আছে।" তিনি আরো বলেন, "জনবল নিয়োগে ১৮০ দিনের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা অনেকটাই পূরণ হয়েছে। মন্ত্রণালয়ের শূন্য পদগুলোও দ্রুত পূরণ হবে।"

তিনি আরও উল্লেখ করেন, নাগরিক সেবা নিশ্চিত করতে সারা দেশের সরকারি দপ্তরগুলোর শূন্য পদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

প্রাপ্ত একাধিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে শূন্য পদের মধ্যে সবচেয়ে বেশি খালি ক্যাডার পর্যায়ে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ হবে এমন ১৫৪ জন ক্যাডার কর্মকর্তার বিপরীতে বর্তমানে ৯০ জন কর্মরত আছেন। ফলে ৬৪টি ক্যাডার পদ ফাঁকা রয়েছে। এর ফলে একজনের দায়িত্ব একাধিক কর্মীর কাঁধে চাপছে। এছাড়া, ১১ থেকে ১৬ গ্রেডে শূন্য পদের সংখ্যা দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই গ্রেডগুলোতে ৩৩টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ ১৭১টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত আছেন ১৩৮ জন। দশম গ্রেডে ১৪৬টি অনুমোদিত পদের মধ্যে ১৩০ জন কর্মরত আছেন, ফাঁকা রয়েছে ১৬টি পদ। ১৭ থেকে ২০ গ্রেডের মধ্যে সবচেয়ে কম শূন্য রয়েছে, যেখানে অনুমোদিত ১৫৮ পদের মধ্যে ১১টি শূন্য। কর্মরত আছেন ১৪৭ জন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। ইতিমধ্যে অনেক পদ পূরণ হয়েছে। সরকারের প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ সময়ে পূরণ হয়েছে ২ হাজার ৬১টি পদ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এবং মাঠ প্রশাসনে ৪ হাজার ৪৫৯টি শূন্য পদে নিয়োগ দিতে চায় সরকার।

জনপ্রশাসন বিশেষজ্ঞ মো. ফিরোজ মিয়া বলেন, "যেকোনো শূন্য পদ দ্রুত পূরণ করা দরকার। সরকারি বিভিন্ন দপ্তরে অনেক পদ ফাঁকা আছে। সরকার ইতিমধ্যে উদ্যোগও নিয়েছে শুনেছি। তবে এসব দ্রুত হওয়া দরকার।" তিনি আরও বলেন, "একদিকে বেকারত্ব কমবে, অন্যদিকে অনেকগুলো পরিবার চাকরির মাধ্যমে উপকৃত হবে। শূন্য পদ থাকলে ওই প্রতিষ্ঠানের অন্য কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ থাকে।"

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে ৫৭ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৪ এম


দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে ৫৭ জন আহত

দক্ষিণ কোরিয়ার সেওংনাম শহরের বুন্দাং জেলায় একটি বাসের আঘাতে ৫৭ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে, একাধিক যানবাহনকে ধাক্কা দেওয়ার পর বাসটি সড়কের মাঝের ডিভাইডারে আছড়ে পড়ে। এই ঘটনায় ৯ জন গুরুতরভাবে আহত হয়েছেন, অন্যরা সামান্য আঘাত পেয়েছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৩৪ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষমাণ কয়েকটি যানবাহনসহ মোট ৩২টি যানবাহনে আঘাত করে। এর মধ্যে চারটি বাস, একটি ট্রাক এবং ২৭টি গাড়ি অন্তর্ভুক্ত ছিল।

দুর্ঘটনার খবর পাওয়ার পর, ঘটনাস্থলে ৮৮ জন উদ্ধারকর্মী এবং ৩৩টি যানবাহন পাঠায় দমকল বাহিনী। আহতদের চিকিৎসার জন্য সেখানে একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়।

স্থানীয় সম্প্রচারকারী সংস্থা কেবিএস জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসচালকও আহত হন। তাকে গাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য একটি সম্প্রচার মাধ্যম এসবিএস জানায়, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পুলিশ ক্ষতিগ্রস্ত বাসটির ব্ল্যাক বক্সের ডেটা এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করার পরিকল্পনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%