১১:১৫ পি.এম
বরগুনার আমতলী উপজেলায় স্বামী জীবিত থাকা সত্ত্বেও কিছু নারীর নাম বিধবা ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে সদ্যবিদায়ী সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে।
এছাড়া, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. জসিম উদ্দিন ও সহকারী এপিপি মাহবুবুল আলম এসব অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নোটিশ প্রদান করেছেন।
আরও পড়ুন: ভারত শেখ হাসিনাকে নীরব থাকার নির্দেশ দিতে পারে: শফিকুল আলম
নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, নোটিশে উল্লেখ করা হয়েছে যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য অনুসন্ধান করে জানা গেছে, ২০২০ সালে আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন মাঞ্জুরুল হক কাওসার। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, উপজেলার অর্ধশতাধিক বয়স্ক ও বিধবা ভাতাভোগীর তালিকায় থাকা ব্যক্তিদের টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগ করেছেন আমতলী পৌরসভার কয়েকজন নারী। তাদের মধ্যে ৪নং ওয়ার্ডের অর্পনা রানী শীল, শিলা রানী কুণ্ডু ও রাধা রানী হাওলাদার এবং ৫নং ওয়ার্ডের হোসনেয়ারা বেগম, বকুল বেগম ও ঝুমুর বেগম অন্তর্ভুক্ত রয়েছেন।
অভিযোগকারীদের দাবি, ভাতার তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা কেউ টাকা পাননি, অথচ তাদের নামে নিয়মিত ভাতার টাকা উত্তোলন করা হয়েছে।
অর্পনা রানী শীল, শিলা রানী কুণ্ডু ও রাধা রানী হাওলাদার জানান, তাদের স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা কখনো এই ভাতার টাকা উত্তোলন করেননি। ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই করতে আসা কর্মীদের কাছ থেকে তারা জানতে পারেন, তাদের নামে বিধবা ভাতার টাকা তোলা হয়েছে।
আরও পড়ুন: ‘চোরের দশদিন, গৃহস্থের একদিন’ প্রবাদের সত্যতা মিলল ২৪ ঘণ্টায়, পিবিআই’র হাতে ৫ গ্রেপ্তার
অন্যদিকে, হোসনেয়ারা বেগম, বকুল বেগম ও ঝুমুরের অভিযোগ, বয়স্ক ভাতার তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা কোনো টাকা পাননি। কিভাবে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়ে তাদের কোনো তথ্য নেই।
মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগও রয়েছে। গত আগস্ট মাসে তিনি ১১০ জনকে এসব পদে নিয়োগ দেন। অভিযোগ উঠেছে, ওই নিয়োগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে নিয়োগ সংশোধনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগকারীদের দাবি। নিয়োগ পাওয়া ব্যক্তিরা নভেম্বরের শুরুতে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন।
চাওড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান মোমেন আকন বলেন, মাঞ্জুরুল হক কাওসার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোসরদের নিয়োগ দিয়েছেন।
এদিকে, গত ২৬ নভেম্বর মাঞ্জুরুল হক কাওসারকে বরিশাল শিশু পরিবারের (বালক) তত্ত্বাবধায়ক পদে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: জন্মদিনে এলাকাবাসীকে নতুন বিদ্যালয় উপহার দিলেন কবি সৈয়দ জাহিদ হাসান
বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. জসিম উদ্দিন বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া এবং প্রকৃত উপকারভোগীদের পরিবর্তে অন্যদের নামে বয়স্ক ও বিধবা ভাতার টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের অভিযোগে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
অভিযুক্ত মাঞ্জুরুল হক কাওসার আইনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই।
বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম শাহাজাদা এই বিষয়ে বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে বদলি করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের উদ্যোগ: প্রতিমন্ত্রী টুকু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন