০৩:৫৫ পি.এম
ঝালকাঠি, ৬ নভেম্বর, ২০২৬ : ‘সুস্থ শিশু, সুন্দর আগামী’ এই স্লোগানকে সামনে রেখে জেলায় দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
সামাজিক ও মানবিক সংগঠন ‘উই ক্যান চেঞ্জ’ (ডব্লিউসিসি)-এর উদ্যোগে পরিচালিত ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল চিকিৎসাসেবা প্রদান করে।
আরও পড়ুন: সিলেটে যুক্তরাষ্ট্রপ্রবাসী নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সংগঠনটির চেয়ারম্যান, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক এবং বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকেরা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন।
ক্যাম্পে শিশুদের বিভিন্ন সাধারণ ও জটিল রোগের চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং সুস্থ জীবনযাপনের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণও করা হয়।
অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, "শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে শৈশব থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক চিকিৎসা প্রয়োজন। অনেক পরিবার আর্থিক অসচ্ছলতার কারণে শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারে না।"
তিনি আরও বলেন, এসব শিশুর কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। রোগের চিকিৎসার পাশাপাশি শিশুদের পুষ্টি, পরিচর্যা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা শাখা পুনর্গঠন সম্পন্ন -
আয়োজকরা জানান, সমাজের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন