১০:০৮ পি.এম
গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ের প্রতিবাদ জানানোয় ৬টি বাড়িতে কিশোর গ্যাং সদস্যরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী ছফির উদ্দিনের ছেলে সজীব ফকির শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলা তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ছফির উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ, বড় ক্ষতি হয়নি
অভিযুক্তদের মধ্যে রয়েছেন উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের সাকিব (২৫), মারুফ (২৩) ও মাহফুজ (২১)।
সজীব ফকির তার এজাহারে উল্লেখ করেন, শনিবার দিবাগত রাত ১০টার দিকে মোবাইল ছিনতাইয়ের সময় স্থানীয়রা প্রতিবেশী সাকিবকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় হট্টগোল শুনে ঘটনাস্থলে গেলে সজীব ফকিরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধরের হুমকি দিয়ে চলে যায়। এরপর রাত সাড়ে ১২টার দিকে সাকিব, মারুফ ও মাহফুজসহ অজ্ঞাত ১০/১২ জন কিশোর দেশীয় অস্ত্র (রড, দা, ছুরি, লাঠি) নিয়ে তার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। তারা ৬টি বাড়ির গেট, ঘর ও দরজা দা দিয়ে কুপিয়ে ছিদ্র করে ফেলে।
এ সময় তারা ফাঁকা গুলি ছুঁড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পাটের বস্তায় পেট্রোল ঢেলে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। যাওয়ার সময় তারা পুড়িয়ে মারার হুমকি দিয়ে যায়।
সজীব বলেন, শিল্প কারখানা ঘিরে এলাকায় বিভিন্ন জেলার মানুষ বসবাস করে। কারখানার ডিউটি শেষে বাড়ি ফেরার সময় প্রায়ই তারা মোবাইল ও বেতনের টাকা ছিনিয়ে নেয়। ভয়ের কারণে সাধারণ কেউ এসব বিষয়ে প্রতিবাদ করে না। শনিবার রাতেও এমন একটি ঘটনা ঘটেছিল। যাদের বাড়ির ভাঙচুর করা হয়েছে, তারা সবাই ছিনতাইয়ের পর ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানিয়েছিল।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার
জাতীয় জরুরি নম্বরের ফোনে রাতেই ঘটনাস্থলে যান শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনায় বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। হামলা ও ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন