বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১০:৪৪ পি.এম
যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহ-দপ্তর সম্পাদক আলমগির মিনা (৬৪) এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিককে (৪৬) নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলমগির মিনা উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার মৃত আব্দুল মালেক মিনার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে, গ্রেপ্তার হওয়া নান্নুর মল্লিক উপজেলার রানাগাতী গ্রামের আব্দুল সোবহান মল্লিকের ছেলে। তিনি শুভরাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি পদে আছেন।
এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগির মিনা এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের অভয়নগর উপজেলার বাশুয়াড়ী থেকে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার চালককে আটক করেছে পুলিশ। আটককৃত সিরাপের মধ্যে ৯৯ বোতল ফেয়ারডিল এবং ৯৯ বোতল উইনকোরেক্স অন্তর্ভুক্ত রয়েছে।
সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামের একজন
প্রাইভেটকার চালককে আটক করার সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের চৌরাস্তা চেকপোস্টে তল্লাশি চালিয়ে চালককে আটক করা হয়। দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেন অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান। আটককৃত রকিবুল ইসলাম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সোনা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাশুয়াড়ী গ্রামের চৌরাস্তা চেকপোস্টে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪৩-৬২১৬) তল্লাশি করা হয়। তল্লাশীর এক পর্যায়ে প্রাইভেটকারের ভেতরে লুকিয়ে রাখা একটি ট্র্যাভেল টলিব্যাগ থেকে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মধ্যে ৯৯ বোতল ফেয়ারডিল ও ৯৯ বোতল উইনকোরেক্স সিরাপ রয়েছে। এ সময় প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়।
অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, আটক প্রাইভেটকার চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া ফেয়ারডিল ও উইনকোরেক্স সিরাপ ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত হত। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আঠারো বাকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনের জন্য ব্যবহৃত ড্রেজারের পাইপ ভেঙে বিনষ্ট করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার আঠারো বাকি নদীতে এই অভিযানটি পরিচালিত হয়। চরকান্দী গ্রামের মোহাম্মদ আলী শেখ নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত পাইপ ভেঙে অকেজো করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা অঞ্চল দীর্ঘদিন ধরে গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে শিল্পায়নে পিছিয়ে রয়েছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে সরকার ২০৩০ সালের মধ্যে পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস খুলনায় আনার লক্ষ্যে কাজ করছে। পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং বন্ধ ও অলস পড়ে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, একসময় খুলনা অঞ্চলের পাটকলগুলো বিশ্বজুড়ে এ বিভাগের পরিচিতি বৃদ্ধি করেছিল। এসব শিল্পকারখানা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা এবং গ্যাস ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাবে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। খালিশপুর, দৌলতপুর ও মোংলায় শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা থাকলেও জ্বালানির অভাবে তা কাজে লাগানো যাচ্ছে না।
তিনি আরও বলেন, মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যশোরের অভয়নগরেও বড় অর্থনৈতিক অঞ্চল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে গ্যাস সরবরাহ নিশ্চিত না হলে এসব উদ্যোগ কার্যকর হবে না। তাই ভোলা থেকে পাইপলাইনে গ্যাস আনার পাশাপাশি এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এ উদ্যোগের অনুপ্রেরণা হিসেবে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণার কথা উল্লেখ করেন। ওই সময় ২০০৭ সালের মধ্যে খুলনা বিভাগে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা ছিল।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, রূপসার ৮৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রসহ খুলনায় প্রায় ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার আরও দুটি বিদ্যুৎকেন্দ্র জ্বালানির অভাবে অলস পড়ে রয়েছে। এসব কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মোংলা, খালিশপুর, দৌলতপুর, যশোরের অভয়নগর ও ভৈরববাজারের বিদ্যুৎকেন্দ্রগুলো চালু করতে সরকার কাজ করছে।
শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, লবণসহিষ্ণু ধান উৎপাদন, বন্যার আগাম সতর্কবার্তা, রান্নাঘরের বর্জ্য ও বায়োমাস থেকে জ্বালানি তৈরি, মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গবাদিপশুর রোগ শনাক্তকরণে শিক্ষার্থীদের উদ্যোগগুলো মানুষের বাস্তব সমস্যার সমাধান দিতে পারে। প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া প্রকল্পের পাশাপাশি যেসব উদ্ভাবন মানুষের জীবন বদলে দিতে সক্ষম, সেগুলোর বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।
তিনি জানান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রান্নাঘরের বর্জ্য থেকে বায়োফুয়েল তৈরির পাইলট প্রকল্পে মন্ত্রণালয় অর্থায়ন করেছে। প্রকল্পটি সফল হওয়ায় বাণিজ্যিকভাবে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে খুলনা সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন কোম্পানিগুলোর সিএসআর কার্যক্রমের কাঠামো পরিবর্তন করে মেধাবীদের শিক্ষাবৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রগুলোতে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের এক থেকে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, খুন-গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার ব্যক্তিদের সন্তানদের পড়াশোনার ব্যয় নির্বাহ, অসচ্ছল মানুষের চিকিৎসা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে কাজ করছে। এ সময় তিনি খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এর বিকাশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে আট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এমএ মুনীব।
অভিযানের অংশ হিসেবে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে খান ফার্মেসির মালিক সালিক সোহেল রানাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মাহিম ফার্মেসির মালিক মাসুদ রানাকে ২ হাজার টাকা এবং নিউ লাকী ফার্মেসির মালিক আব্দুর রহমানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের যথাক্রমে ৫, ৩ ও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া বিশ্বাসপাড়া এলাকার আব্দুর রাজ্জাককে ২ হাজার টাকা, রোস্তমপুর গ্রামের মোহাম্মদ ইসলামকে ১ হাজার ৫০০ টাকা, একই গ্রামের ফারুক হোসেনকে ৩ হাজার টাকা, গরিবপুর গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনকে ৫ হাজার টাকা এবং শহরের বিশ্বাসপাড়া এলাকার সাইফুল বিশ্বাসকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রয় এবং আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ