ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের


নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাড়িতে সংবাদ সম্মেলনটি করেন।

সংবাদ সম্মেলনে এমপি নুসরাত উল্লেখ করেন, ঘটনাটি পেট্রল বোমা হামলার মতো দেখাচ্ছে। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, হামলার পেছনে আওয়ামী লীগ রয়েছে।

আরও পড়ুন: সাংবাদিকের নৈতিক কর্তব্য পেশাগত সততা বজায় রাখা: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

তিনি বলেন, "দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, পরবর্তী সময়েও থাকবো। এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।"

নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর রাতে একটি স্প্যাম নম্বর থেকে তার কাছে হুমকি কল আসে। এর আগে-পরে তিনি আরও কয়েকটি হুমকি কল পান। গত মঙ্গলবার তিনি পুরো ঘটনা বর্ণনা করে ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই জিডির পরেও তার কাছে বেশ কিছু হুমকি এসেছে।

তিনি বলেন, "হামলাটি যখন হয়, তার তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়, অর্থাৎ একটি হুমকি পোস্ট দেওয়া হয়। আপনারা জানেন যে এ ধরনের হুমকিকে আমরা কখনোই গায়ে মাখিনি। যদি গায়ে মাখতাম, তাহলে আজকে আমরা যে জায়গায় আছি, সেখানে থাকতাম না।"

ঘটনার বিবরণে নুসরাত বলেন, "মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এইজন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো।"

আরও পড়ুন: মসলার আড়ালে হংকং থেকে ৩০ কেজি সিসা উদ্ধার, গ্রেপ্তার ৩

তিনি উল্লেখ করেন, বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মূলধারার চ্যানেলে প্রচার হচ্ছে। তিনি বলেন, "এই বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়। এই বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সাথে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন। তারা আমাদের এই বাড়িটি দেখভাল করতেন।"

নুসরাত বলেন, "এই বাড়িতেই আমি বড় হয়েছি। আমার ছোট ভাই বড় হয়েছে। আমার বাবা-মা এই বাড়িতেই তাদের সংসার করেছেন। এটা আমার দাদার হাতের তৈরি বাড়ি। এটাই আমাদের বসতবাড়ি। এই বাড়িটিতে বর্তমানে আমার গবাদিপশুর খামার ছিল। আমার আত্মীয়-স্বজন ছিল। সেই অসহায় পরিবারটি ছিল, যে পরিবারের একটি শিশু আহত হয়েছে। আমার অনেকগুলো গবাদিপশু মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই।"

তিনি জানান, পুলিশকে খবর দেওয়ার পর তারা আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে। তার ভাষ্য, "পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে। দৌলতপুর উপজেলাতে কোনো দমকল না থাকার কারণে দমকল আসতে আসতে আমার বাড়ির মোটামুটি সবই পুড়ে গিয়েছে।"

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জানিয়ে নুসরাত বলেন, "যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন যে কারা এই ঘটনার পেছনে রয়েছে। দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অস্বীকার আশা করছি না। কারণ আমাদের হাতে ইতোমধ্যেই যথেষ্ট পরিমাণে প্রমাণ এবং আলামত রয়েছে।"

আরও পড়ুন: ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশের আহ্বান ইউট্যাবের

এমপি নুসরাত বলেন, "মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ। বর্তমান বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেদিকে গিয়েছে, তাতে আসলে সাধারণ অসাধারণ বলে কিছু নেই। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ককটেল হামলাতে একজন সাধারণ ড্রাইভার যেভাবে আহত হয়েছে, ঠিক মধ্যরাতে আমার বাড়িতে একইভাবে পেট্রল বোমা হামলাতে একটি শিশু সেভাবে আহত হয়েছে। যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। কারণ শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে খুব স্মার্ট ওয়েতে কথা বললেই আর অস্বীকার করলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে, সেটা মিথ্যা হয়ে যাবে না।"

তিনি বলেন, "বাংলাদেশে ইতিপূর্বে মনে হয় না এরকম ঘটনা কখনো ঘটেছে যে বিরোধী দলেরই হোক না কেন, কিন্তু একজন রানিং এমপির বাড়িতে এ রকম মাঝরাতে চারটি পেট্রল বোমা মারা যেতে পারে। ঘটনাটি জুলাই এবং জুলাই সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সকলের জন্য একটি চিহ্ন।"

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নুসরাত বলেন, "বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে।"

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা এবং আওয়ামী লীগের সঙ্গে এ ঘটনার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নুসরাত বলেন, "আমি কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।"

আরও পড়ুন: সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী

শেখ হাসিনাকে নিয়ে তিনি বলেন, "আমি মনে করি খুনি হাসিনা খুব স্টুপিড একটা মানুষ। কারণ নাশকতা করে, জ্বালাও-পোড়াও করে, মানুষের বাড়ি নষ্ট করে কবে কে ফিরতে পেরেছে।"

স্থানীয় কোনো কারণের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নে নুসরাত বলেন, "আমি আমার স্থানীয় লোকজনকে, আমার এলাকাবাসীকে সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা আওয়ামী লীগেরই কাজ।"

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২টার পর দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে আগুন লাগে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে হঠাৎ করে বিকট শব্দ হয় পরে তারা গবাদি পশু রাখার ঘরে আগুনের শিখা দেখতে পান। সেটি সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের দাদার বাড়ি। তার পাশেই বাবা-মাসহ পরিবারের সদস্যরা বসবাস করেন। এতে পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। সেই বাড়িতে কেয়ারটেকার তার পরিবার নিয়ে বসবাস করেন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ও গবাদি পশুগুলো অন্য জায়গায় স্থানান্তরিত করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে কয়েকটি ছাগল এবং বেশকিছু মুরগি মারা গেছে।

আরও পড়ুন: দুদক পরিচালকের পদোন্নতি, যোগ্যদের বঞ্চিত করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

আন্তালিয়া (তুরস্ক), ১২ নভেম্বর ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি উল্লেখ করেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের প্রেরণায় সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখছে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে।

আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।’

তিনি আরও জানান, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।’

সরকার সবুজ শিল্পায়নকে উৎসাহিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।’

তিনি জানান, ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা সম্ভব হবে।’

বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। এর পাশাপাশি ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।’

তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।’

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।’

তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ ও ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত এবং সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার আহ্বান জানান।

এ ছাড়া ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব করেন তিনি।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ আশা করে, এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য।’

বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইনে ২,৫১৮ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


গত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইনে ২,৫১৮ মামলা

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান চলাকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ২,৫১৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মামলা দায়ের করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ১১২টি মামলা, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩৪টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৮টি মামলা, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮৪টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৪১৫টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ৬৭১টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে: ইরানের বাসিজ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে: ইরানের বাসিজ প্রধান

তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না যতক্ষণ না ইরানের উত্থাপিত সাত দফা শর্ত পূরণ হয়। এই মন্তব্যটি করেছেন ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব। তিনি আরও বলেন, যুদ্ধে শত্রুপক্ষ বর্তমানে অসহায় অবস্থায় পৌঁছে গেছে।

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাইয়েব জানান, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরিচালিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তিনি উল্লেখ করেন, চলতি বছর এবং ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ইরানের আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর ৬৫০ সদস্য নিহত হয়েছেন।

তাইয়েবের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একজন বিশেষ দূত পাঠিয়েছিলেন। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে আলোচনার পথ তৈরি করা। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।

তিনি বলেন, "যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে। এখন তারা আলোচনার মাধ্যমে তেলের দাম কমানোর চেষ্টা করছে।"

তাইয়েব আরও বলেন, হরমুজ প্রণালি বিশ্বশক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন যদি এই জলপথ পুনরায় খুলে দিতে চায়, তাহলে ইরানের সাত দফা শর্ত বাস্তবায়ন করতে হবে।

এদিকে, ইসরাইলের নিরাপত্তা মূল্যায়নের বরাত দিয়ে তাইয়েব দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় তিন হাজার থেকে বেড়ে ১০ হাজারে পৌঁছানোর বিষয়টি ইসরাইলের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ ও পুকুর খননের অভিযোগ উঠেছে এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। তবে অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা দাবি বলে নাকচ করেছেন রফিকুল আলম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইমাম উদ্দিন।

সংবাদ সম্মেলনে বক্তব্যে ইমাম উদ্দিন বলেন, তিনি মৃত অজিফা খাতুনের ছোট মেয়ের জামাতা। তার শাশুড়ির আট মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। শাশুড়ির মৃত্যুর পর হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর লক্ষীদিয়া মৌজার ৩৩০, ৩৩১, ৩৩২, ৩৩৩, ১৫৩২, ১৫৩৫, ১৫৩৬, ১৫৩৭ ও ১৫৩৮ নম্বর দাগের ৪৮ শতাংশ জমি দ্বীপ উন্নয়ন সংস্থা জোরপূর্বক দখলে রেখেছে।

অভিযোগ করে তিনি আরও বলেন, ওই জমিতে সংস্থাটির নির্বাহী পরিচালক রফিকুল আলম ভবন নির্মাণ ও পুকুর খনন করেছেন। এতে বাধা দিতে গেলে মামলা-হামলার ভয় দেখানো হয়। ফলে মৃত অজিফা খাতুনের আট মেয়ে তাদের ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে মৃত অজিফা খাতুনের বড় মেয়ে রিজিয়া বেগম উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম তা নাকচ করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা ও হাতিয়ার যুদ্ধকালীন কমান্ডার। এটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা অভিযোগ। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তারা এ অভিযোগ তুলেছে। তাদের কোনো আপত্তি থাকলে আদালতে মামলা করতে পারে। এ বিষয় নিয়ে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কয়েকবার বৈঠক করেছেন। সিনিয়র আইনজীবীরাও কাগজপত্র পর্যালোচনা করেছেন। তাদের কাছে জমির মালিকানার কোনো কাগজপত্র নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%