ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী


বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

আন্তালিয়া (তুরস্ক), ১২ নভেম্বর ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি উল্লেখ করেন, ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের প্রেরণায় সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখছে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তা রয়েছে।

আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মচারীদের সম্মানী বাড়ল

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে।’

তিনি আরও জানান, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।’

সরকার সবুজ শিল্পায়নকে উৎসাহিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘দেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের প্রসার এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে।’

তিনি জানান, ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সরকার। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর মাধ্যমে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: করপোরেট সুশাসন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এর মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা সম্ভব হবে।’

বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যমান অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। এর পাশাপাশি ক্রমবর্ধমান ঋণ পরিশোধ এবং সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।’

তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।’

‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।’

আরও পড়ুন: ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশের আহ্বান ইউট্যাবের

তিনি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য জরুরি ঋণ ও ত্রাণ সুবিধা চালু, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও প্রযুক্তি হস্তান্তর নিশ্চিত এবং সাশ্রয়ী অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ত্বরান্বিত করার আহ্বান জানান।

এ ছাড়া ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আন্তালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব করেন তিনি।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কাজ করতে হবে।’

প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ আশা করে, এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য।’

আরও পড়ুন: সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে: তথ্যমন্ত্রী

বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি, বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইনে ২,৫১৮ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


গত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইনে ২,৫১৮ মামলা

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান চলাকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ২,৫১৮টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার, রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক বিভাগ এই অভিযান পরিচালনা করে, যার ফলে উল্লেখযোগ্য সংখ্যক মামলা দায়ের করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ট্রাফিক-রমনা বিভাগে ১১২টি মামলা, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫১টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩৪টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫৬টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৮টি মামলা, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮৪টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৪১৫টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ৬৭১টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে: ইরানের বাসিজ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে: ইরানের বাসিজ প্রধান

তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না যতক্ষণ না ইরানের উত্থাপিত সাত দফা শর্ত পূরণ হয়। এই মন্তব্যটি করেছেন ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেইন তাইয়েব। তিনি আরও বলেন, যুদ্ধে শত্রুপক্ষ বর্তমানে অসহায় অবস্থায় পৌঁছে গেছে।

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাইয়েব জানান, ইরানের সশস্ত্র বাহিনী যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পরিচালিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তিনি উল্লেখ করেন, চলতি বছর এবং ২০২৫ সালের ১২ দিনের যুদ্ধে ইরানের আইআরজিসির মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর ৬৫০ সদস্য নিহত হয়েছেন।

তাইয়েবের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একজন বিশেষ দূত পাঠিয়েছিলেন। এই উদ্যোগের উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে আলোচনার পথ তৈরি করা। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাদের নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না।

তিনি বলেন, "যুদ্ধে শত্রুপক্ষ অসহায় অবস্থায় পৌঁছে গেছে। এখন তারা আলোচনার মাধ্যমে তেলের দাম কমানোর চেষ্টা করছে।"

তাইয়েব আরও বলেন, হরমুজ প্রণালি বিশ্বশক্তির ভারসাম্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন যদি এই জলপথ পুনরায় খুলে দিতে চায়, তাহলে ইরানের সাত দফা শর্ত বাস্তবায়ন করতে হবে।

এদিকে, ইসরাইলের নিরাপত্তা মূল্যায়নের বরাত দিয়ে তাইয়েব দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুত প্রায় তিন হাজার থেকে বেড়ে ১০ হাজারে পৌঁছানোর বিষয়টি ইসরাইলের জন্য একটি বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নোয়াখালীর হাতিয়ায় মৃত অজিফা খাতুনের ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে ভবন নির্মাণ ও পুকুর খননের অভিযোগ উঠেছে এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের বিরুদ্ধে। এ ঘটনায় জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। তবে অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা দাবি বলে নাকচ করেছেন রফিকুল আলম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইমাম উদ্দিন।

সংবাদ সম্মেলনে বক্তব্যে ইমাম উদ্দিন বলেন, তিনি মৃত অজিফা খাতুনের ছোট মেয়ের জামাতা। তার শাশুড়ির আট মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। শাশুড়ির মৃত্যুর পর হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চর লক্ষীদিয়া মৌজার ৩৩০, ৩৩১, ৩৩২, ৩৩৩, ১৫৩২, ১৫৩৫, ১৫৩৬, ১৫৩৭ ও ১৫৩৮ নম্বর দাগের ৪৮ শতাংশ জমি দ্বীপ উন্নয়ন সংস্থা জোরপূর্বক দখলে রেখেছে।

অভিযোগ করে তিনি আরও বলেন, ওই জমিতে সংস্থাটির নির্বাহী পরিচালক রফিকুল আলম ভবন নির্মাণ ও পুকুর খনন করেছেন। এতে বাধা দিতে গেলে মামলা-হামলার ভয় দেখানো হয়। ফলে মৃত অজিফা খাতুনের আট মেয়ে তাদের ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জমি উদ্ধারে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে মৃত অজিফা খাতুনের বড় মেয়ে রিজিয়া বেগম উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম তা নাকচ করে বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা ও হাতিয়ার যুদ্ধকালীন কমান্ডার। এটি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা অভিযোগ। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তারা এ অভিযোগ তুলেছে। তাদের কোনো আপত্তি থাকলে আদালতে মামলা করতে পারে। এ বিষয় নিয়ে হাতিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কয়েকবার বৈঠক করেছেন। সিনিয়র আইনজীবীরাও কাগজপত্র পর্যালোচনা করেছেন। তাদের কাছে জমির মালিকানার কোনো কাগজপত্র নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৯ পি.এম


নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
রাগ করে ভাইয়ের বন্ধুর বাড়িতে গিয়ে এক সন্তানের জননী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেফতার ২


ভাইয়ের সঙ্গে রাগ করে ভাইয়ের বন্ধুর বাড়িতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক সন্তানের জননী (১৮)। ঘটনাটি ঘটেছে নড়াইল সদর উপজেলার তালতলা গ্রামে। ভুক্তভোগী নারী মামলা দায়েরের পর অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন-সদরের চিলগাছা-রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে আল আমিন শেখ সাব্বির (২২) এবং মূলদাইড় গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে নূরনবী মোল্যা (২৮)। তালাকপ্রাপ্ত ভুক্তভোগী নারীর একটি সন্তান রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ভুক্তভোগী নারী বাদী হয়ে গত ১০ নভেম্বর থানায় তিনজনের নামে মামলা দায়েরের পর ওইদিন দুপুরে সাব্বিরকে এবং গত মঙ্গলবার গভীর রাতে নূরনবীকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নূরনবী গত বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। অপর আসামী তালতলা গ্রামের মোমরেজের ছেলে বিপ্লবকে (৪০) গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে ভুক্তভোগী নারী মামলার এজাহারে উল্লেখ করেন, তারা পরিবারসহ শহরের ভওয়াখালী এলাকায় বসবাস করেন। ১নম্বর আসামী আল আমিন শেখ সাব্বির, ২নম্বর আসামী তালতলা গ্রামের মোমরেজের ছেলে বিপ্লব এবং অপর আসামী নূরনবী মোল্যার বিরুদ্ধে এজাহার দায়ের করছি।  

এর মধ্যে সাব্বির আমার ভাইয়ের বন্ধু। সেই সুবাদে সাব্বির মাঝে-মধ্যে আমাদের বাড়িতে বেড়াতে যেত। আমাকে ফোন করে ভালো-মন্দ খোঁজখবর নিত। আমিও মাঝে-মধ্যে তাকে ফোন করতাম। এর মধ্যে গত ৪ নভেম্বর বিকেলে বাড়িতে আমার ভাইয়ের সঙ্গে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহের সৃষ্টি হয়। এ কারণে আমি ওইদিন বিকেলে রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসি। আমার কাছে গাড়িভাড়া কম থাকায় সাব্বিরকে ফোন করে আমার সমস্যার কথা বলি। তখন সে নাকশী মাদরাসা বাজারে চলে আসতে বলে। আমি নাকশী মাদরাসা বাজারে পৌছালে সাব্বির ফোন করে বলে, সে একটি ভ্যান পাঠাচ্ছে। ওই ভ্যানে বিপ্লবের বাড়িতে যেতে বলে। এরপর তালতলা গ্রামে বিপ্লবের বাড়িতে নিয়ে যায়। এই বাড়িতে সাব্বির ও বিপ্লব ছাড়া অন্য কেউ ছিলেন না। এরপর রাত ৯টার দিকে সাব্বির ঘরের দরজা বন্ধ করে মোবাইল ফোন নিয়ে নেয়। সাব্বির আমাকে (ভুক্তভোগী নারী) হত্যার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরদিন ৫ নভেম্বর রাত ৮টার দিকে সাব্বির ও বিপ্লব ভ্যানে করে আমাকে ৩নম্বর আসামী নূরনবী মোল্যার বাড়িতে নিয়ে আসে।
 
এরপর নূরনবী আমাকে একাধিকবার ধর্ষণ করে। ৬ নভেম্বর গভীর রাতে আমি অসুস্থবোধ করলে নূরনবী ১নম্বর আসামী সাব্বিরকে ফোন করে আমার অসুস্থতার খবর জানায়। এরপর বিপ্লব এসে তার বাড়িতে নিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করে। আমি সুযোগ বুঝে আমার ভাইকে মোবাইল ফোন করে ঘটনাটি জানাই। গত ৭ নভেম্বর ভোরে নূরনবী আমাকে নড়াইল স্টেডিয়ামের পাশে একটি বাড়িতে রেখে চলে যায়। পরদিন (৮ নভেম্বর) রাত ১টার দিকে আমার ভাই লোকজন নিয়ে স্টেডিয়ামের পাশের বাড়ি থেকে আমাকে উদ্ধার করে। আসামীরা পরস্পর যোগসাজশে আমাকে হত্যার ভয়ভীতি দেখিয়ে ৪ থেকে ৮ নভেম্বর ধর্ষণ করেছে। এ ঘটনায় দুইজনকে সাক্ষী রাখা হয়েছে। #
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%