০৪:২২ পি.এম
বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী একটি শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে করা মামলায় পুলিশ মাদরাসা শিক্ষক মো. মাসুম বিল্লাহকে (২৬) গ্রেপ্তার করেছে। মাসুম বিল্লাহ নাটোরের সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। গ্রেপ্তার হওয়া মাসুম বিল্লাহ বাবুগঞ্জ উপজেলার আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাকে গত ৩১ জুলাই গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ১৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার সময় ঘটনার সময় ওই মাদরাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে নিয়ে পর্দার আড়ালে যৌন নির্যাতন করেন অভিযুক্ত শিক্ষক। পরে শিশুটি ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে, তার বাবা ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন অভিযান চালানোর পর গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই অভিযুক্ত শিক্ষকের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: দাবি-দাওয়ার টানাপোড়েনে সাজেক, ভুগছে সাধারণ মানুষ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন