০২:৪০ পি.এম
সারাদেশে চলমান অবৈধ স্লিপার বাসের বৈধতার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির নেতাকর্মীরা। তারা রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের ফলে বনানী থেকে মহাখালীগামী যানবাহন চলাচলে বিঘ্ন তৈরি হয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
রবিবার দুপুরে, সংগঠনটির নেতাকর্মীরা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তর সেতু ভবনের সামনে সড়ক বন্ধ করে দেন। সড়ক অবরোধের আগে, তারা সাংবাদিকদের কাছে তাদের বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
তারা দাবী জানান, আদালতে চলমান মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে কোনো ধরনের বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার। এ খাতে বিনিয়োগ ও শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা করাসহ আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে স্লিপার বাস পরিচালনায় সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নেরও দাবি জানান তারা।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
তাছাড়া, ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান, আইনি প্রক্রিয়া চলাকালে অযৌক্তিক জরিমানা, তল্লাশি ও গাড়ি আটক বন্ধ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্লিপার বাসকে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার দাবিও জানানো হয়।
সমিতির নেতারা উল্লেখ করেন, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ হয়েছে। চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। কোনো বিকল্প ব্যবস্থা ছাড়া বাস চলাচল বন্ধ করে দেওয়া হলে মালিক ও শ্রমিকরা আর্থিক সংকটে পড়বেন।
তারা জানান, স্লিপার বাস চলাচল নিয়ে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ১২৯০/২০২৫ বিচারাধীন রয়েছে। তাই, মামলার চূড়ান্ত নিষ্পত্তির আগে স্লিপার বাসের বিরুদ্ধে বলপ্রয়োগ বা নিষেধাজ্ঞা আরোপ না করার আহ্বান জানান তারা।
বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখিত, স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে এর কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের জন্য বিআরটিএর কাছে নীতিমালা প্রণয়নের প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। তারা ফিটনেস ও রুট পারমিট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের দাবিও জানান।
আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩
সমিতির নেতারা উল্লেখ করেন, তারা আইন ও সরকারি নিয়ম মেনে চলতে প্রস্তুত। তবে আধুনিক পরিবহনসেবা বন্ধ না করে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে একটি কার্যকর নিয়ন্ত্রক কাঠামো প্রণয়নের দাবি করেন। স্মারকলিপি জমা দিতে বিআরটিএ কার্যালয়ে যান বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির সভাপতি আফতাব উদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুসহ আরও কয়েকজন নেতা।
এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার ইশরাকুল কবীর বলেন, স্লিপার কোচের মালিক ও কর্মচারীরা বনানী সেতু ভবনের সামনের সড়কে আন্দোলন করছেন তাদের বৈধতার দাবিতে।
তিনি আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।
আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন