১০:৪৫ এম
আজ ১৮ নভেম্বর আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস। প্রতিবছর এই দিবসটি পালিত হয় ইসলামী শিল্পকলার সমৃদ্ধ ঐতিহ্য, বৈচিত্র্য এবং মানবসভ্যতায় এর অবদান তুলে ধরার উদ্দেশ্যে।
২০১৯ সালে ইউনেসকোর ৪০তম সাধারণ সম্মেলনে ১৮ নভেম্বরকে আন্তর্জাতিক ইসলামী শিল্পকলা দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাহরাইনের উদ্যোগে গৃহীত এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ইসলামের অতীত ও সমকালীন শিল্পধারার প্রতি বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করা।
ইসলামী শিল্পকলা বলতে শুধুমাত্র মসজিদ বা ধর্মীয় স্থাপনার নকশাকে বোঝানো হয় না, বরং আরবি ক্যালিগ্রাফি, স্থাপত্য, জ্যামিতিক নকশা, চিত্রকলা, সিরামিক, বস্ত্রশিল্প, ধাতুশিল্প, সংগীতসহ শিল্পকলার প্রতিটি সৃজনশীল ধারা এর অন্তর্ভুক্ত। স্পেন থেকে মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া থেকে উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চল ও যুগের সাংস্কৃতিক সংযোগে এই শিল্পধারা সমৃদ্ধ হয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তানের বহুমাত্রিক সভ্যতার জনপদ: ইতিহাস, ধর্ম ও জাতিসত্তার বৈচিত্র্য
ইউনেসকোর মতে, ইসলামী শিল্পকলা বিভিন্ন শিল্প আন্দোলনকে অনুপ্রাণিত করার পাশাপাশি সাংস্কৃতিক বৈচিত্র্য, মত প্রকাশের স্বাধীনতা, ঐতিহ্য সংরক্ষণ এবং আন্তসাংস্কৃতিক সংলাপকে উৎসাহিত করে। দিবসটি পালনের মাধ্যমে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সাংস্কৃতিক নৈকট্য বৃদ্ধির প্রত্যাশা করা হয়।
এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে জাদুঘর, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও শিল্প সংগঠন প্রদর্শনী, কর্মশালা, আলোচনা ও শিক্ষামূলক আয়োজন করে থাকে। কাতারের দোহায় অবস্থিত মিউজিয়াম অব ইসলামিক আর্টও এই বছর দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে।
এ কর্মসূচির মধ্যে ক্যালিগ্রাফি ও অলংকরণবিষয়ক কর্মশালা, প্রদর্শনী পরিদর্শন, শিশুদের গল্পপাঠ এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে। এছাড়া, জাদুঘরের গ্রন্থাগারে থাকবে বুকমার্ক তৈরি ও শিল্পবিষয়ক ধাঁধার আয়োজন।
আরও পড়ুন: ইরানের অবরোধে উপসাগরে বিমা খরচ বেড়ে গেল, পরিবহন সক্ষমতা কমছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন