১১:২১ এম
আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলার প্রাদুর্ভাবের বিরুদ্ধে কিছু অগ্রগতি দেখা গেলেও নতুন করে উদ্বেগের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে রোগটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের আরও দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে। আক্রান্তের সংখ্যা ১১ হাজারেরও বেশি হওয়ায় স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন।
প্রাদুর্ভাবের শুরু হওয়ার ছয় মাস পর শুক্রবার (১৩ নভেম্বর) জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কঙ্গোর পূর্বাঞ্চলের বুনিয়ার মতো কিছু এলাকায় নতুন আক্রান্তের সংখ্যা কমছে। তবে গ্রামীণ ও দুর্গম অঞ্চলে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। একই সাথে নিরাপত্তাহীনতার কারণে সেখানে চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) স্বাস্থ্য জরুরি কর্মসূচির প্রধান চিকওয়ে ইহেকওয়াজু মন্তব্য করেছেন, পরিস্থিতিতে কিছু আশাব্যঞ্জক লক্ষণ দেখা যাচ্ছে। তবে দুর্গম এলাকায় রোগের বিস্তার এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বর্তমানে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ব্রিটেনে সামরিক ঘাঁটির আকাশে সন্দেহজনক ড্রোন, মার্কিন বাহিনী ব্যবস্থা গ্রহণ করেছে
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর ৮০টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ফলে আক্রান্তদের চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
এদিকে, ইবোলা মোকাবেলায় কাজ করা ফরাসি চিকিৎসা সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ) পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে এবং ভাইরাসের বিস্তার এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
জাতিসংঘের ইবোলা সমন্বয়কারী জুলিয়েন হার্নিস এসব সমালোচনার জবাবে বলেছেন, ইবোলা মোকাবিলার কার্যক্রম পরিচালনার এলাকা অত্যন্ত বিস্তৃত। এত বড় এলাকায় কাজ করা কঠিন হলেও প্রায় ৮০ শতাংশ সময় সেখানে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে কঙ্গোতে এই প্রাদুর্ভাব শনাক্ত হয়। ভাইরাসটির বিরল বান্ডিবুগিও প্রজাতির কারণে সংক্রমণ ছড়াচ্ছে। এই প্রজাতির বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত চিকিৎসা বা টিকা নেই। আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে যাওয়ায় এটি ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ইবোলা প্রাদুর্ভাব হিসেবে গণ্য হচ্ছে।
আরও পড়ুন: ইয়েমেন সংকটের কূটনৈতিক সমাধান ও হুথিদের সামরিক অভিযান বন্ধের আহ্বান যুক্তরাজ্যের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন