০৪:১৮ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া প্রায় ১৮ ফুট লম্বা বিশাল আকৃতির অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে অজগরটি ঢুকে পড়ে।
জানা গেছে, অজগরটি খামারের ভেতরে প্রবেশ করার পর গরুগুলো হঠাৎ চিৎকার ও অস্বাভাবিকভাবে নড়াচড়া শুরু করে। গরুর চেঁচামেচির শব্দ শুনে খামারের মালিক জসীম উদ্দিন সেখানে গিয়ে খামারের ভেতরে বিশাল আকৃতির অজগর সাপটি দেখতে পান।
আরও পড়ুন: রাজশাহীতে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০
স্থানীয়দের দাবি, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৮ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি। গরুগুলোর চেঁচামেচি ও নড়াচড়ার কারণে কিছুক্ষণ পর অজগরটি খামারের ভেতর থেকে বাইরে চলে আসে। বিশাল আকৃতির সাপটি দেখে খামারে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে খামারের মালিক জসীম উদ্দিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।
তারা সতর্কতার সঙ্গে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার শেষে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, অজগরটি লোকালয়ে ঢুকে পড়ায় আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত। নিজেরা সাপটি ধরতে বা আঘাত করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে।
আরও পড়ুন: মীরসরাইয়ে হাসপাতালের লাইনে দাঁড়িয়ে স্বর্ণালংকার চুরির চক্রের ৭ নারী গ্রেফতার, স্বর্ণ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন