ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং
৭১ এর মানিবতাবিরোধী অপরাধ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, সে বিষয়ে আদেশ ৭ সেপ্টেম্বর জানানো হবে।

সোমবার (৩১ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে আপিল বেঞ্চে শুনানি শেষে ৭ সেপ্টেম্বর আদেশের দিন নির্ধারণ করা হয়।

মৃত্যুদণ্ডের রায়ের ৪ হাজার ৯১৫ দিন পর আবুল কালাম আযাদ আপিল করার সুযোগ পাবেন কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আদালতে আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক উপস্থিত রয়েছেন। প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে

আপিলে আবুল কালাম আযাদ বিলম্ব মার্জনার আবেদন করেছেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজা স্থগিত করার অনুরোধ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৯ এম


সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ

ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৫ বছর মেয়াদি জ্বালানি চুক্তি সম্পন্ন করেছে, যা দেশের প্রাকৃতিক সম্পদের ওপর পূর্ণ সার্বভৌমত্ব ও মালিকানা অক্ষুণ্ন রেখেই হয়েছে। এই তথ্য জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ। তিনি উল্লেখ করেন, এই চুক্তি দেশের অর্থনীতি পুনরুদ্ধার, সরকারি রাজস্ব বৃদ্ধি এবং জ্বালানি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ বিষয়টি তুলে ধরেন।

রদ্রিগেজ বলেন, অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অবস্থার মধ্যে থেকে ঘুরে দাঁড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চুক্তির আওতায় দেশের সম্পদ দেশের হাতে রেখে মার্কিন প্রযুক্তি ও মূলধন ব্যবহারের মাধ্যমে দৈনিক তেল উৎপাদন অন্তত ১৫ লাখ ব্যারেলে করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি এই চুক্তিকে দেশের ভবিষ্যৎ গড়ার জন্য একটি ‘ঐতিহাসিক মোড়’ হিসেবে বর্ণনা করেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই দ্বিপক্ষীয় প্রকল্পের আওতায় ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়নের পরিকল্পনা রয়েছে। দৈনিক ১৫ লাখ ব্যারেল উৎপাদনের লক্ষ্যটি প্রাথমিক পরিকল্পনার অংশ। বৃহত্তর কর্মসূচির আওতায় আরও আটটি নতুন বা অনুন্নত তেল ব্লক উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।

এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলসম্পদ নিয়ে একটি নতুন পরিকল্পনার ঘোষণা দেন। তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলোর অংশগ্রহণে দেশটির দীর্ঘদিন ধরে সংকটে থাকা জ্বালানি শিল্প পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।

তবে ট্রাম্প চুক্তির বিস্তারিত প্রকাশ করেননি। তিনি শুধু জানান, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি তেলের বড় অংশের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে এসেছে।

বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুত ভেনেজুয়েলায় রয়েছে। কিন্তু দীর্ঘদিনের বিনিয়োগ সংকট, অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি তার সক্ষমতা অনুযায়ী তেল উৎপাদন করতে পারেনি। বর্তমানে সেখানে দৈনিক প্রায় ১২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদিত হচ্ছে।

রদ্রিগেজের হিসাব অনুযায়ী, ব্যারেলপ্রতি তেলের দাম ৬৫ ডলার ধরে এই চুক্তি সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে কারাকাসের প্রায় ২০৯ বিলিয়ন ডলার রাজস্ব আসতে পারে। যদিও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করায় প্রকৃত আয়ের পরিমাণ পরিবর্তিত হতে পারে।

তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত ও বিক্রি হওয়া প্রতিব্যারেল তেল থেকে প্রায় ১৯ ডলার সরাসরি ভেনেজুয়েলা পাবে। এটি সরকারের রাজস্বে উল্লেখযোগ্য বৃদ্ধি নিশ্চিত করবে।

রদ্রিগেজ দাবি করেন, চুক্তি হলেও দেশের প্রাকৃতিক সম্পদের মালিকানা ও সার্বভৌমত্ব ভেনেজুয়েলার হাতেই থাকবে। একই সঙ্গে বিদেশি মূলধন, প্রযুক্তি ও ব্যবস্থাপনা দক্ষতা ব্যবহার করে নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত জ্বালানি শিল্পকে পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ এম


২০ বছর পর গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডেই জোকোভিচের বিদায়

রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন নিয়ে ইউএস ওপেনে অংশগ্রহণ করেছিলেন নোভাক জোকোভিচ। তবে শারীরিক অসুস্থতার কারণে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো সার্বিয়ান কিংবদন্তিকে। ম্যাচের শেষের দিকে কোর্টে কান্নায় ভেঙে পড়েন ৩৯ বছর বয়সী এই তারকা।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে আর্জেন্টিনার মারিয়ানো নাভোনের বিরুদ্ধে পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৬-৭, ৭-৫, ৬-৪, ২-৬, ১-৬ গেমে পরাজিত হন জোকোভিচ।

ম্যাচের শুরু থেকেই জোকোভিচের শারীরিক অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে বারবার মাথায় আইসব্যাগ রাখতে দেখা যায় তাকে। পরে ছাদ বন্ধ করার পর কোর্টের তাপমাত্রা নিয়ন্ত্রণে এসি চালানোর অনুরোধও করেন তিনি।

তৃতীয় সেটে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। ষষ্ঠ গেমে কয়েকবার বমি করেন জোকোভিচ। টুর্নামেন্টের ফিজিও তাকে ওষুধ দেন, এবং তার দল কোর্টসাইডে তরল পানীয় সরবরাহ করে। এত প্রতিকূলতার মধ্যেও তিনি লড়াই চালিয়ে যান।

প্রথম সেটের টাইব্রেকে হারানোর পর দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে ম্যাচে দারুণভাবে ফিরে আসেন জোকোভিচ। একসময় জয় থেকে মাত্র এক সেট দূরে ছিলেন তিনি। কিন্তু এরপর আর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি।

চতুর্থ সেটে নাভোনে দাপট দেখান। নির্ধারণী পঞ্চম সেটেও জোকোভিচের শারীরিক শক্তি যেন ফুরিয়ে যায়। ৪-১ গেমে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায় তার। শেষ পর্যন্ত সহজেই সেটটি জিতে ক্যারিয়ারের অন্যতম বড় জয় তুলে নেন নাভোনে।

ম্যাচের শেষদিকে আবেগ ধরে রাখতে পারেননি জোকোভিচ। কোর্টে কাঁদতে শুরু করেন তিনি। দর্শকসারিতে থাকা তার স্ত্রী জেলেনাকেও তখন বিচলিত দেখা যায়।

এই হারের মাধ্যমে গ্র্যান্ড স্ল্যামে জোকোভিচের টানা ৭৮টি প্রথম রাউন্ড জয়ের দৌড় থামল। প্রায় দুই দশক পর কোনো গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে হারলেন তিনি। এর আগে সর্বশেষ ২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের কাছে প্রথম রাউন্ডে হেরেছিলেন সার্বিয়ান এই তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪২ এম


শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিম পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ঢাকা-ভাঙ্গা রেলপথে চলাচলকারী কোনো ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শিবচরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এজারত হোসেন বলেন, ‘ওই যুবকের মাথায় গুরুতর আঘাত লেগে মৃত্যু হয়েছে। মাথা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়ায় এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নেপালের বন্যা

‘প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ’: ভেতর থেকে নেই কোনো সাড়া, তিন দিন পর টানেলের ওপরের অংশে উদ্ধারকারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৪ এম


‘প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ’: ভেতর থেকে নেই কোনো সাড়া, তিন দিন পর টানেলের ওপরের অংশে উদ্ধারকারীরা

নেপালের আকস্মিক বন্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে নিখোঁজ শ্রমিকদের সন্ধান মেলেনি। স্বজনদের অপেক্ষার সময় যত দীর্ঘ হচ্ছে, উদ্বেগও ততই বাড়ছে। উদ্ধারকাজে দেরি হওয়া নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন।

নুওয়াকোটের আপার ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে আটকা পড়েছেন জিবলাল অধিকারী। বুধবার সকালে কাজ শুরু করার আগে স্ত্রীর সঙ্গে তাঁর শেষ কথা হয়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ইলেকট্রিসিটি অথরিটি ও ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব নেপালের তথ্য অনুযায়ী, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৮৯৭ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

আপার ত্রিশূলি ৩এ প্রকল্পে বন্যার সময় ৩০ থেকে ৪০ জন প্রকৌশলী ও কারিগরি কর্মী ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে কাজ করছিলেন। স্বজনদের অভিযোগ, উদ্ধারকাজের শুরুতে আরও দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

শনিবার নেপালের অনুরোধে চীন থেকে নয়জন বিশেষজ্ঞ টানেল উদ্ধারকারী পাঠানো হয়েছে। উদ্ধারকারীরা টানেলের ভেতরে বাতাস পাঠানোর কাজ শুরু করেছেন।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র রাজরাম বাসনেত জানিয়েছেন, ড্রিলিং মেশিন, খননযন্ত্র ও হাইড্রোলিক কাটার ব্যবহার করে টানেলের ওপরের অংশে পৌঁছানো সম্ভব হয়েছে। সেখানে প্রায় সাত মিটার ব্যাসের একটি টানেলের ভেতরে পানি পাওয়া গেছে।

টানেলের ওপরের অংশ ভেদ করে উদ্ধারকারীরা ভেতরে প্রবেশ করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। উদ্ধারকাজ দ্রুততর করতে বড় সরঞ্জাম আনা হচ্ছে। প্রয়োজন হলে বিস্ফোরক ব্যবহারের প্রস্তুতিও চলছে।

কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভস্থ বিদ্যুৎকেন্দ্রে আটকা শ্রমিকদের কাছে অক্সিজেন ও পানি থাকার সম্ভাবনা রয়েছে। তবে ভেতরের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে ৩৬১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজদের মধ্যে কতজন টানেলের ভেতরে আটকা এবং কতজন বন্যা বা ভূমিধসে নিখোঁজ হয়েছেন, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্বজনেরা বলছেন, উদ্ধারকারীরা ভেতরে পৌঁছানোর পর প্রকৃত পরিস্থিতি না জানা পর্যন্ত তারা আশা ছাড়বেন না।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%