ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী


তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্র পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তিনি পরীক্ষামূলকভাবে তিনটি গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করেছেন।

 

সোমবার (১০ আগস্ট) দুপুরে, রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ২ বছরের বেতনবৃদ্ধি স্থগিত, ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ১৭টি প্রমাণিত

তিনি উল্লেখ করেন, যে ভাবে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে সাফল্যের পরিচয় দিয়েছে, সে ভাবেই সরকার এসডিজি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে চলেছে। এসডিজির মূলনীতি ‘কাউকে পেছনে ফেলে নয়’ বর্তমান সরকারের ‘সবার জন্য বাংলাদেশ’ নীতির সঙ্গে মিলে যায়।

বিএনপির রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে সরকারপ্রধান জানান, বিএনপির রাজনীতি সবসময় জনবান্ধব। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং বর্তমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার সঙ্গে এমডিজি ও এসডিজির মধ্যে অতি সামান্য অমিল রয়েছে।

তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসনের ফলে বাংলাদেশকে একটি ঋণনির্ভর ও আমদানিনির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং অন্যান্য ক্ষেত্রগুলোতে এই ভঙ্গুর রাষ্ট্রটি এখন পুনর্গঠনের জন্য যাত্রা শুরু করতে যাচ্ছে। এই পুনর্গঠনে এসডিজির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, জনগণের সমৃদ্ধি নিশ্চিত করতে সরকার পাঁচ বছর মেয়াদি কৌশলগত অর্থনৈতিক কাঠামো গ্রহণ করেছে, যা জাতিসংঘের এসডিজির সঙ্গে সমন্বিত। ‘সংস্কার ও উন্নয়নের পাঁচ স্তম্ভ’র মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সর্বজনীন সামাজিক সুরক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা, জলবায়ু সহনশীলতা এবং সুশাসন নিশ্চিত করা হবে। এছাড়া স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও এসডিজি বাস্তবায়নের অগ্রগতি সুসংহত করতে ‘থ্রি-আর’ বা ‘রিকভারি, রিহ্যাবিলিটেশন এবং রিকনস্ট্রাকশন’ কৌশল গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সাময়িক স্থিতিশীলতা থেকে শুরু করে দীর্ঘমেয়াদি কাঠামোগত রূপান্তর বাস্তবায়ন করা সম্ভব হবে।

আরও পড়ুন: বগুড়ায় 'হাত ধোয়ার নায়ক হোন' শ্লোগানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গণমাধ্যমে তিনি জানান, সরকার গঠনের পরদিন থেকেই সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষক কার্ড এবং স্বাস্থ্যসেবায় ই-হেলথ কার্ডের মতো কর্মসূচিগুলো চলমান রয়েছে। এর পাশাপাশি স্পোর্টস কার্ড চালু করা হয়েছে এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। চলতি মেয়াদের মধ্যেই পর্যায়ক্রমে সম্ভাব্য প্রতিটি নাগরিককে সামাজিক সুরক্ষা বলয় ও আর্থিক কাঠামোর আওতায় আনার সুচিন্তিত পরিকল্পনা রয়েছে।

সম্মেলনে প্রধানমন্ত্রী পরীক্ষামূলকভাবে তিনটি গ্রামে ‘এসডিজি ভিলেজ’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গ্রাম তিনটি হলো—রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর।

এই গ্রামগুলোতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ঋণ, স্কুল ড্রেস, মাদরাসাভিত্তিক শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি, গ্রাম পর্যটন, ব্লু-এমপ্লয়মেন্ট, ওয়ান ভিলেজ-ওয়ান প্রোডাক্ট, বৃক্ষরোপণ, খাল খনন ও ইকোট্যুরিজমসহ বিভিন্ন কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে দেশজুড়ে এই মডেল সম্প্রসারণ করা হবে এবং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ‘ডেভেলপমেন্ট মডেল’ হয়ে উঠবে।

আরও পড়ুন: ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে ৭৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মক্কা চুক্তি’ শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ: নিরাপত্তা বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


‘মক্কা চুক্তি’ শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ: নিরাপত্তা বিশ্লেষক

সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটি এখনও বাস্তব কার্যকারিতার পরীক্ষায় উত্তীর্ণ হয়নি, বলে মন্তব্য করেছেন নিরাপত্তা নীতি ও প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই। তার মতে, এই চুক্তিটি আপাতত ‘কাগজে লেখা কালির’ মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

পুস্তাই জানান, সৌদি আরবের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার পরও তুরস্ক বা পাকিস্তানের সেনাদের দেশটিতে মোতায়েন হতে দেখা যায়নি। ফলস্বরূপ, চুক্তিটি বাস্তবে কীভাবে কাজ করবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তিনি বলেন, “আমরা দেখিনি যে হুথিদের সাম্প্রতিক হামলার কারণে পাকিস্তানি বা তুর্কি সেনারা সৌদি আরবে গেছে। এই কারণে চুক্তিটির বাস্তব প্রয়োগ নিয়ে সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক।”

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশকে নতুন করে নিরাপত্তাঝুঁকির মুখে ফেলেছে। পুস্তাই উল্লেখ করেন, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাতেও তুরস্কের পক্ষ থেকে দৃশ্যমান কোনও সামরিক প্রতিক্রিয়া দেখা যায়নি।

তার মতে, “উপসাগরীয় দেশগুলো, যার মধ্যে সৌদি আরবও রয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হলেও আমরা তুরস্কের কোনও প্রতিক্রিয়া দেখিনি।”

পুস্তাইয়ের মতামত হলো, কোনও প্রতিরক্ষা চুক্তির কার্যকারিতা মূলত নির্ভর করে সেটি সংকটের মুহূর্তে বাস্তবে কতটা প্রয়োগ করা যায় তার ওপর। যদি কেবল চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার প্রতিশ্রুতি থাকে, তবে তা কার্যকর প্রতিরোধব্যবস্থায় পরিণত হয় না।

তিনি বলেন, যদি তিন দেশের ভূখণ্ডে বাস্তবে কোনও সেনা উপস্থিতি না থাকে, অথবা সৌদি আরব আক্রান্ত হলে সেখানে অবস্থানরত পাকিস্তানি ও তুর্কি সেনারা যদি সরাসরি হামলার শিকার না হন, তাহলে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিটি কার্যকরভাবে কাজ করা কঠিন হবে।

বিশ্লেষকের মতে, একটি কার্যকর সামরিক জোটের ক্ষেত্রে শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তব সামরিক সমন্বয়, সেনা মোতায়েন, যৌথ প্রতিরক্ষা পরিকল্পনা এবং হামলার ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা।

তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। বিশেষ করে সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান ও তুরস্কের সামরিক সক্ষমতাকে কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে। তবে পুস্তাইয়ের মন্তব্য ইঙ্গিত করে যে, চুক্তির রাজনৈতিক গুরুত্ব থাকলেও এর প্রকৃত সামরিক সক্ষমতা এখনও পরীক্ষিত হয়নি।

ফলে ভবিষ্যতে সৌদি আরব যদি কোনো বড় ধরনের সামরিক হামলার মুখে পড়ে, তা হলে তুরস্ক ও পাকিস্তান কী ধরনের পদক্ষেপ নেয়, সেটিই হবে এই প্রতিরক্ষা চুক্তির বাস্তব কার্যকারিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: খলিলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: খলিলুর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অংশগ্রহণের বিষয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তবে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ব্রিকসে দাওয়াত না দিয়ে বিমসটেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানোকে ঢাকা ভালোভাবে নেয়নি।

সোমবার (১০ আগস্ট) ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, ব্রিকসে দাওয়াত দেওয়া হয়নি, বরং চেয়ারপারসন অফ বিমসটেক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। এই পার্থক্যটি বোঝার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিটি সরকারের গঠনকালীন সময়ে হস্তান্তর করা হয়েছিল, যেখানে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আমন্ত্রণের বিষয়টি আমরা খতিয়ে দেখব।

ভারতের হাইকমিশনারের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে কিনা, সেই প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, আমরা এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানকে দিল্লি সফরের জন্য আরেকটি আমন্ত্রণপত্রও দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


রাজশাহীতে পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পাশাপাশি ডিবি পুলিশের অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এদের মধ্যে রয়েছে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৭ জন এবং অন্যান্য মামলায় ৩ জন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

এ তথ্য নিশ্চিত করে আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ১৮ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এ বছর বিপিএল আয়োজন হতে নাও পারে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


এ বছর বিপিএল আয়োজন হতে নাও পারে

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, চলতি বছর বিপিএল নাও হতে পারে। একটি জাতীয় দৈনিককে তিনি সাক্ষাৎকার দিয়েছেন যেখানে বিপিএল, ঘরোয়া ক্রিকেট এবং ঘরের মাঠে ভারত সিরিজসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

তামিম ইকবাল প্রশ্নের উত্তরে বলেন, 'এ বছর বিপিএল না-ও হতে পারে।' তিনি উল্লেখ করেন, বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এ ব্যাপারে আরও ভালো বলতে পারবেন।

তবে তামিম ব্যক্তিগতভাবে বিপিএল বন্ধের পক্ষে নন। বরং তিনি টুর্নামেন্টটি আরও গোছানো ও ইতিবাচকভাবে আয়োজনের পক্ষপাতী। তামিম বলেন, 'আমার ব্যক্তিগত ইচ্ছা বিপিএলটা গুছিয়ে করা। যেখানে খেলা নিয়ে আলোচনা হবে, হার-জিত নিয়ে কথা হবে। টাকাপয়সা নিয়ে নেতিবাচক খবর হোক, সেটা চাই না।'

তিনি আরও বলেন, 'বিপিএল ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও পৃথিবীর কাছে বাংলাদেশের টুর্নামেন্ট। ভাবমূর্তি রক্ষা করা আমাদের কর্তব্য।'

তামিম ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বলছেন, 'এ বছর বিপিএল আয়োজন না হলে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে কি না?' প্রশ্নের উত্তরে তিনি জানান, 'আমরা এ বছর করতে না পারলেও ২০২৭ সালে ভালোভাবে করতে পারব।' তিনি উল্লেখ করেন যে, অন্য টি-টোয়েন্টি টুর্নামেন্টও রয়েছে।

ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ ও তৃতীয় বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। নতুন মৌসুমও শিগগিরই শুরু হবে। তামিম বলেন, '২য় বিভাগের দলগুলো অংশগ্রহণ করেনি। সেই খেলোয়াড়দের আর্থিক অনুদান দেওয়ার একটি বিষয় রয়েছে। আলোচনা করে সেটাও সমাধান করে ফেলব।'

এদিকে, ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়েও তামিম নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। তিনি উল্লেখ করেন, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। আমি আগেও বলেছি, আমার সীমাবদ্ধতা রয়েছে। বোর্ড সভাপতি হিসেবে যতটা সম্ভব গিয়েছি। আমি সীমা অতিক্রম করতে চাই না।' তিনি জানান, এই মুহূর্তে এর চেয়ে বেশি নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না।

ফলে চলতি বছরের বিপিএল আয়োজন এবং ভারত সিরিজ দুই বিষয়েই এখনো অনিশ্চয়তা কাটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%