ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


ইবিতে ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী ‘সুপার রেজোলিউশন মাইক্রোস্কোপ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যা হিট প্রজেক্টের আওতাধীন।

শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান একাডেমিক ভবনের ৩৪৪ নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করা হয়। আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই কর্মশালা চলবে।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন ইবির বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তোজাম্মেল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে লেইকা মাইক্রোসিস্টেমসের ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অ্যাডভান্সড অ্যাপ্লিকেশন সাপোর্ট কর্মকর্তা ড. মনোজ মান্না উপস্থিত ছিলেন। তিনি স্লাইড প্রদর্শনের মাধ্যমে মাইক্রোস্কোপের বিভিন্ন কাজ তুলে ধরেন।

আরও পড়ুন: জাবিতে মুক্তিযোদ্ধা মানিকের স্মরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "আমাদের কেন্দ্রীয় ল্যাবরেটরিতে কনফোকাল লেজার স্ক্যানিং মাইক্রোস্কোপ আছে। যেটা আমার বিভিন্ন কলিগ ও গবেষকেরা ব্যবহার করছেন। আমার ল্যাবে কয়েকটি ভালো মাইক্রোস্কোপ আছে, যেগুলো প্রতিনিয়ত ব্যবহৃত হচ্ছে এবং এগুলো খুবই ভালো মানের। আমরা যদি এগুলো ব্যবহার করে ভালো কিছু করতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা।"

তিনি গবেষকদের উৎসাহিত করে বলেন, "সমাজ বা বিজ্ঞানের কল্যাণে আসে—এমন যদি আপনার কোনো আইডিয়া থাকে, কিন্তু অর্থ না থাকে, তাহলে আপনি আমাদের সঙ্গে কোলাবোরেশন করে কাজ করেন। পাশাপাশি আপনার যদি অর্থ থাকে, তাহলে আপনি আমাদের কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট নিতে পারেন।"

এ প্রশিক্ষণের আয়োজন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের অধীন SP:13659, Window:3a উপ-প্রকল্পের আওতায় করা হয়। এটি SPM, HEAT Sub-Project-এর ‘Discovery of Drug Against Cancer through the Regulation of Autophagy’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন: চুয়েটে ৩৬ দিন পর বুধবার থেকে ক্লাস শুরু, বিভাগের প্রধানরা নিশ্চিত নন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর প্রাণ গেল

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে জুনায়েদ (১০) ও হাসিব (৯) নামের দুই শিশুর মৃত্যু ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ রামনগর গ্রামের হালিমের ছেলে। সে গোপালনগর উত্তরপাড়ায় তার খালার বাড়িতে থেকে লেখাপড়া করত। স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল জুনায়েদ। অপরদিকে, হাসিব গোপালনগর উত্তরপাড়া ইছামতি বাড়ির বাসিন্দা কাউসারের ছেলে। হাসিব স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় বাসিন্দা ও নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে জুনায়েদ ও হাসিবসহ কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে জুনায়েদ ও হাসিব পানিতে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা অন্যান্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে আসেন।

পরে পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেদওয়ান আহম্মদ হিমেল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই দুই শিশুর মৃত্যু ঘটেছিল বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পরে দুজনের ইসিজি করা হয়। ইসিজি পরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

কুমিল্লা, ৩ অক্টোবর, ২০২৬ : কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন জানিয়েছেন, সরকার কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। তিনি উল্লেখ করেন, এ বছর এখন পর্যন্ত দেশের বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। মন্ত্রী বলেন, বাংলাদেশ একদিন পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে, এমন একটি স্বপ্ন রয়েছে।

আজ কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইনস্টিটিউশন ফোরাম (টিভিইটি) আয়োজিত তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে ‘টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, পৃথিবীতে খাবারের অভাব নেই, তবে নিরাপদ খাবারের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে এবং মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষিতে কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ ও টেকসই উৎপাদনের দিকে যেতে হবে।

কৃষিমন্ত্রী জানান, বাংলাদেশ কৃষি উৎপাদনের জন্য পৃথিবীর অন্যতম উর্বর ও সম্ভাবনাময় অঞ্চল। দেশের মাটি, বাতাস, আলো ও বৃষ্টির মতো প্রাকৃতিক সুবিধা অন্যান্য অনেক দেশের তুলনায় অনুকূল। একই সঙ্গে বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী। এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি বলেন, ফসলে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বিজ্ঞানীদের গবেষণায় কৃষকদের মধ্যে ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি উঠে এসেছে। তাই নিজেদের সুস্থ রাখতে এবং আগামীর প্রজন্মকে নিরাপদ রাখতে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী কৃষিকাজে কোনো লজ্জা নেই উল্লেখ করে বলেন, ‘মাঠে যেতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদন করতে হবে। আমরা গরুর দুধ খাই, মাংস খাই। তাহলে গরুর গোবর ফেলতে কিসের লজ্জা? সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, দুঃখজনক হলেও এখনো দেশে কাঁচা মরিচ, গাজর ও টমেটো আমদানি করতে হয়। তবে সেই দিন বেশি দূরে নয়, যেদিন এসব পণ্য আর আমদানি করতে হবে না, বরং বাংলাদেশই এসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ও শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হাসান। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উয়েফা নেশনস লিগে রেকর্ড গড়ে আর্তেতাকে বার্তা দিলেন ভিক্টর গিওকেরেস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


উয়েফা নেশনস লিগে রেকর্ড গড়ে আর্তেতাকে বার্তা দিলেন ভিক্টর গিওকেরেস

সুইডেনের আর্সেনাল তারকা ভিক্টর গিওকেরেস উয়েফা নেশনস লিগের একটি ঐতিহাসিক রেকর্ড ভেঙে ফেলেছেন। আন্তর্জাতিক বিরতির সময় বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে গোল করে টানা ৬ ম্যাচে গোল করার প্রথম খেলোয়াড় হিসেবে তিনি একটি অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন।

ক্রীড়া সংবাদমাধ্যম গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ২ অক্টোবর বিলিনো পোলজে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুইডেন ১-১ গোলে ড্র করে। এই পারফরম্যান্সের মাধ্যমে আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে যোগ্যতার কথা জোরালোভাবে মনে করিয়ে দিয়েছেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার।

আর্সেনালের এই ফরোয়ার্ড এমিরেটসে নিয়মিতভাবে প্রথম একাদশে সুযোগ পাওয়ার জন্য সংগ্রাম করছিলেন। তবে সুইডেনের হয়ে ধারাবাহিকভাবে গোল করার ফলে তিনি উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে প্রধান ভূমিকা নিতে প্রস্তুত বলে মনে হচ্ছে।

গিওকেরেসের গোলের ধারাবাহিকতা শুরু হয় ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বিপক্ষে চার গোল করার মাধ্যমে। এরপর থেকে নেশনস লিগে তিনি নিয়মিতভাবে গোল করে চলেছেন।

বসনিয়ার বিরুদ্ধে ম্যাচের ৬১ মিনিটে করা গোলটির মাধ্যমে গিওকারেস স্লোভেনিয়ার বেনিয়ামিন সেসকো এবং সার্বিয়ার আলেকসান্ডার মিত্রোভিচের টানা ৫ ম্যাচে গোল করার আগের রেকর্ডটি ভেঙে দেন।

আন্তর্জাতিক ম্যাচে গোলের ধারাবাহিকতা অব্যাহত থাকলেও, লিগে খেলার সুযোগ পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছে। চলতি মৌসুমে আর্সেনালের হয়ে তিনি কঠিন সময় পার করছেন। গানার্সদের শুরুর একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া এবং ক্লাবের হয়ে গোলখরায় থাকার কারণে আর্তেতা তাকে ফর্ম নিয়ে সতর্ক করেছিলেন।

তবে আন্তর্জাতিক বিরতিতে সুইডেনের জার্সিতে ৩ ম্যাচে ৩টি গোল করে গিওকারেস প্রমাণ করেছেন যে তিনি আর্সেনালের আক্রমণভাগকে নেতৃত্ব দিতে পুরোপুরি প্রস্তুত। কাই হাভার্টজ এবং ক্রিস্টোস জোলিসের ইনজুরির কারণে আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাব ফুটবলে ফেরার পর আর্তেতার দলে গিওকারেস বড় ভূমিকা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে সবকিছু ছাপিয়ে আরেকটি গুঞ্জন ডালপালা মেলেছে। গ্রীষ্মকালীন দলবদলে আর্সেনাল আক্রমণভাগকে আরো শক্তিশালী করতে স্প্যানিশ লিগের ক্লাব অ্যাথলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে এমিরেটস স্টেডিয়ামে আনার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা, সৃষ্টি হয়েছে যান চলাচলের বিশৃঙ্খলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলা, সৃষ্টি হয়েছে যান চলাচলের বিশৃঙ্খলা

ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ : কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলার খবর দিয়েছেন শহরের মেয়র।

এই হামলা রাজধানীর অবকাঠামোর ওপর ধারাবাহিক আক্রমণের সর্বশেষ ঘটনা, যা যান চলাচলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

আজ ড্রোন হামলার সতর্কতা জারির পর নর্দার্ন ব্রিজে এই হামলা সংঘটিত হয়। এর আগে, সাউদার্ন ব্রিজেও হামলা হয়েছে।

নগর কর্মকর্তাদের মতে, এই হামলাগুলো কিয়েভকে ‘তছনছ করে দিচ্ছে’।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই দীর্ঘস্থায়ী সংঘাত মূলত পূর্বাঞ্চলের স্থলযুদ্ধের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ফ্রন্টলাইনের নিকটবর্তী এলাকাগুলোর তুলনায় কিয়েভ এতদিন অপেক্ষাকৃত কম ক্ষতির সম্মুখীন হয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, ‘নর্দার্ন ব্রিজে হামলা হয়েছে।’

তিনি আরও বলেন, জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন।

একটি পরবর্তী আপডেটে ক্লিৎসকো জানান, হামলায় সেতুর সড়কের অংশ ও ট্রলিবাসের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘এই মুহূর্তে সেতুটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার যান চলাচল বন্ধ রয়েছে।’

এর আগে দনিপ্রো নদীর ওপর একাধিক সেতুতে হামলা হয়েছে। এই সেতুগুলো কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশকে সংযুক্ত করে নির্মিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%