কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৮ পি.এম
ফরিদপুরের আলফাডাঙ্গায় বুড়াইচ ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন আবেদনকারী আহমেদ সিকদার এবং নবনিযুক্ত ডিলার মো. এনামুল ইসলাম। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন আহমেদ সিকদার। অন্যদিকে, এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছেন নবনিযুক্ত ডিলার এনামুল ইসলাম। তিনি ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করে মানহানির মামলা করার প্রস্তুতির কথাও জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার শৈলমারী বাজারে নিজ প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এনামুল ইসলাম বলেন, সরকারি নীতিমালা ও নির্ধারিত যোগ্যতা পূরণ করেই তাঁর প্রতিষ্ঠান মেসার্স এনামুল এন্টারপ্রাইজ সার ডিলারশিপ পেয়েছে।
তিনি বলেন, সম্প্রতি বুড়াইচ ইউনিয়নে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে আহমেদ সিকদার তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রকৃত ঘটনা আড়াল করে তাঁর সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে এনামুল ইসলাম বলেন, তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর দাবি, আহমেদ সিকদার নিজেও সার ডিলারশিপের জন্য আবেদন করেছিলেন। তবে ডিলারশিপ না পাওয়ায় প্রতিহিংসাপরায়ণ হয়ে তিনি এসব অভিযোগ করছেন।
ব্যবসায়িক যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’-এর সব শর্ত পূরণ করেই তিনি আবেদন করেন। তাঁর প্রতিষ্ঠান মেসার্স এনামুল এন্টারপ্রাইজের নামে স্থানীয় কৃষি অফিস ও ঢাকার খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার ও কীটনাশক ব্যবসার অভিজ্ঞতার একাধিক সনদ রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে এসব সনদ প্রদর্শন করেন।
ঘুষ দিয়ে ডিলারশিপ নেওয়ার অভিযোগ অস্বীকার করে এনামুল ইসলাম বলেন, উপজেলা ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির মাধ্যমে সরেজমিন তদন্ত, নিজস্ব গুদামঘর, আর্থিক সক্ষমতা এবং ব্যবসায়িক অভিজ্ঞতার সনদ যাচাই-বাছাইয়ের পর তাঁকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পাওয়ায় এখানে কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রশ্নই ওঠে না।
তিনি আরও বলেন, একজন আবেদনকারী হিসেবে ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে সরকারি নিয়োগপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার বন্ধ না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
অন্যদিকে, গত ১৪ নভেম্বর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তোলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও শিকদার ট্রেডার্সের স্বত্বাধিকারী আহমেদ সিকদার।
তিনি বলেন, সরকারি নিয়ম মেনে প্রয়োজনীয় কাগজপত্র ও নিজস্ব গুদামসহ ডিলার নিয়োগের সব শর্ত পূরণ করে তিনি আবেদন করেছিলেন। উপজেলা কৃষি অফিসের প্রস্তুত করা তালিকায় তাঁর নাম প্রথমে থাকলেও শেষ পর্যন্ত তাঁকে ডিলার নিয়োগ দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত একজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নিয়োগপ্রাপ্ত ডিলারের গুদাম ও সার পরিবহনের সুবিধা নিয়েও প্রশ্ন তোলেন আহমেদ সিকদার। এ ঘটনায় রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেন তিনি।
এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, উপজেলা কমিটি যাচাই-বাছাই করে প্রতিটি ইউনিয়ন থেকে যোগ্য তিনজন আবেদনকারীর নাম জেলা কমিটির কাছে পাঠায়। জেলা কমিটি আরও যাচাই-বাছাই করে তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠায়। সার ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কৃষি মন্ত্রণালয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শেরপুরের শ্রীবরদীতে চাকরি দেওয়ার প্রলোভনে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভুক্তভোগীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার মিলনবাজার মোড়ে গড়জরিপা আজিজিয়া দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী নাছিদুল ইসলাম রনি ও স্থানীয়দের অভিযোগ, প্রায় চার মাস আগে মাদ্রাসায় অফিস সহকারী পদেন চাকরি দেওয়ার কথা বলে নাছিদুল ইসলাম রনির কাছ থেকে ১০ লাখ টাকা নেন সুপার আব্দুল কাদের। তবে চাকরি দেওয়ার বিষয়ে নানা টালবাহানা করে একপর্যায়ে টাকা ফেরত দিতেও অস্বীকৃতি জানান তিনি।
এদিকে, চাকরি ও টাকা ফেরতের বিষয়ে সুপারের কাছে জানতে চাইলে তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। এ অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।
এ ঘটনায় এলাকায় পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি, ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন খরচ কমানো এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সরিষার বীজ ও প্রয়োজনীয় সার সহায়তা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা সিনিয়র মৎস্যকর্মকর্তা মো: আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরিষা চাষে আরও উৎসাহিত হবেন এবং রবি মৌসুমে স্থানীয়ভাবে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি কাঠের ছোট্ট ঘরে অসহনীয় গরমের মধ্যে বসে কাঁদছিলেন আসমিয়াতি।
এক বছর আগে ভয়াবহ বন্যায় তার বাড়িঘর ও জীবিকার অবলম্বন ভেসে যাওয়ার পর থেকে নিদারুণ কষ্টে দিন কাটছে ৬৩ বছর বয়সী এই নারীর।
তিনি এবং তার স্বামী সরকারের প্রতিশ্রুত নতুন বাড়ির অপেক্ষায় রয়েছেন। আপাতত আত্মীয়স্বজন ও বন্ধুদের দেওয়া কাঠ, কার্ডবোর্ড এবং ঢেউটিন দিয়ে তৈরি করা একটি জরাজীর্ণ ঘরে তাদের আশ্রয় নিতে হয়েছে।
সুমাত্রা দ্বীপের এমন হাজারো বাসিন্দার একজন আসমিয়াতি। বন্যায় সর্বস্ব হারানোর ১২ মাস পরেও তারা নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছেন। এর মধ্যে আবারও বন্যার মৌসুম শুরু হওয়ায় নতুন করে উদ্বেগ বাড়ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের প্রত্যন্ত বিরেউন গ্রামের বাসিন্দা আসমিয়াতি এএফপিকে বলেন, ‘শুরুর দিকে শুধু কিছু সাহায্য পেয়েছিলাম। যেমন চাল ও রান্নার তেল। এরপর আর তেমন কোনো সহায়তা মেলেনি।’
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের কোনো খাট নেই, ঘরটাও খুব ছোট। মন বারবার হারিয়ে যাওয়া বাড়িটির কথা মনে করে।’
এক বছর আগে উত্তর-পশ্চিম সুমাত্রার বিভিন্ন গ্রামে বন্যার পানির সঙ্গে কাদামাটি ও গাছের গুঁড়ি ভেসে এসে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এতে দুই লাখেরও বেশি বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বন্যায় প্রায় ১ হাজার ২০০ মানুষ প্রাণ হারান এবং ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন।
বাড়িঘর মেরামত বা নতুন করে নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। কিন্তু সরকারি হিসাব অনুযায়ী, বন্যার ১১ মাস পরও প্রতিশ্রুত অর্থ পেয়েছেন যোগ্য বিবেচিত মানুষের এক-চতুর্থাংশেরও কম।
পরিবারপ্রতি ১ কোটি ৫০ লাখ থেকে ৭ কোটি ইন্দোনেশীয় রুপিয়াহ (প্রায় ৮২০ থেকে ৩ হাজার ৮০০ মার্কিন ডলার) পর্যন্ত সহায়তা দেওয়ার কথা ছিল।
আচেহ প্রদেশে পুনর্গঠন কার্যক্রমের দায়িত্বে থাকা আঞ্চলিক সরকারি টাস্কফোর্সের প্রধান সাফরিজাল জাকারিয়া আলী এএফপিকে জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ প্রদেশে প্রায় ৫০ হাজার বাড়ি নির্মাণ করা প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত নির্মিত হয়েছে ২ হাজারেরও কম।
কাজ নেই, বাগানও নেই
বন্যার ১১ মাস পর আসমিয়াতির পুরোনো বাড়ির জায়গায় নতুন বাড়ির জন্য শুধু ভিত্তির কিছু অংশ তৈরি করেছে সরকারি লোকজন।
আসমিয়াতি ও তার ৫৩ বছর বয়সী স্বামী হেনড্রিক গিনটিং—দুজনই নির্মাণশিল্পে কাজ করতেন। কিন্তু বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাদের কাজও বন্ধ হয়ে গেছে।
পরিবারের বাড়তি আয়ের উৎস ছিল আসমিয়াতির একটি বাতাবিলেবুর বাগান। বন্যার পানিতে সেটিও ভেসে গেছে। ঘরের আসবাবপত্রসহ তাঁদের সব সম্পদও হারিয়ে গেছে।
জানুয়ারি থেকে পরিবারের আরও চার সদস্যের সঙ্গে একই কাঠের ঘরে বসবাস করছেন তারা। রান্নাবান্না ও গোসলসহ দৈনন্দিন কাজ করতে হয় ঘরের বাইরে।
আসমিয়াতি বলেন, ‘সরকারের ওপর আমি খুবই হতাশ। মনে হয়, আমাদের দেখার কেউ নেই।’
বর্তমানে নারকেলের ছোবড়া দিয়ে ঝাড়ু তৈরি করে দিনে তিন ডলারেরও কম আয় করেন তিনি।
সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছেন
বিরেউন থেকে গাড়িতে প্রায় পাঁচ ঘণ্টার দূরত্বে মেসিদাহ এলাকায় নিজেদের উদ্যোগেই একটি ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ শুরু করেছেন গ্রামবাসী।
সড়কটি আগে ১৪টি গ্রামের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। বিশেষ করে ফসল কাটার মৌসুমে কৃষিপণ্য পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত সেপ্টেম্বর থেকে গ্রামবাসীরা চাঁদা তুলে প্রায় ৮ কোটি ইন্দোনেশীয় রুপিয়াহ (৪ হাজার ৩০০ ডলারের বেশি) সংগ্রহ করেন। সেই অর্থ দিয়ে সিমেন্ট, পাথর, বালু ও রাস্তা সমান করার যন্ত্র কেনা হয়।
স্থানীয় বাসিন্দা সুকিরান এএফপিকে বলেন, ‘প্রায় ৭০০ মানুষ এই কাজে অংশ নিয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত তাঁরা কাজ করে গেছেন।’
তবে আপাতত মেরামত করা সড়ক দিয়ে শুধু মোটরসাইকেল চলাচল করতে পারছে, গাড়ি নয়।
সুকিরান বলেন, ‘আমরা ভেঙে পড়তে বা হাত গুটিয়ে বসে থাকতে রাজি নই। আমরা একে অপরকে সাহায্য করি।’
একই গ্রামের বাসিন্দারা বন্যায় ভেসে যাওয়া কংক্রিটের সেতুর পরিবর্তে বাঁশ দিয়ে অস্থায়ী একটি সেতুও তৈরি করেছিলেন। সেটি দিয়ে মানুষ ও মোটরসাইকেল চলাচল করত।
সরকার নতুন সেতু নির্মাণের আগপর্যন্ত টানা আট মাস সেটি ব্যবহার করেছেন গ্রামবাসীরা।
সুকিরান বলেন, ‘আমাদের এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কেউ আমাদের খোঁজ নেয়নি। তাই আমরা নিজেরাই যা সম্ভব, তা করার উদ্যোগ নিয়েছি। কারও জন্য অপেক্ষা করিনি।’
পুনর্বাসন নিয়ে অসন্তোষ বাড়ছে
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সরকার সুমাত্রার তিনটি প্রদেশে বন্যা-পরবর্তী পুনর্বাসন ও পুনর্গঠনের জন্য তিন বছর মেয়াদি ১০০ ট্রিলিয়ন রুপিয়াহর বেশি (প্রায় ৫৫০ কোটি মার্কিন ডলার) বাজেট বরাদ্দ করেছে।
চলতি মাসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো বলেন, ‘সবকিছু ঠিকঠাক করতে আমরা কঠোর পরিশ্রম করছি। সৃষ্টিকর্তার কৃপায় গত কয়েক মাসে আচেহ, পশ্চিম সুমাত্রা ও উত্তর সুমাত্রার অনেক এলাকা ইতোমধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরেছে।’
তবে স্থানীয় বাসিন্দা ও সমালোচকদের অভিযোগ, সরকারি সহায়তা পৌঁছাতে অনেক দেরি হচ্ছে।
দুর্যোগ মোকাবিলায় কাজ করা আচেহ-সুমাত্রা নাগরিক সমাজ জোটের মুখপাত্র আলফিয়ান এএফপিকে বলেন, সরকারের উচিত নদীর তলদেশে জমে থাকা পলি অপসারণ এবং নদীর বাঁধ মেরামতের দিকে বেশি গুরুত্ব দেওয়া। তার ভাষায়, ‘যাতে বারবার এ ধরনের দুর্যোগ না ঘটে, সে ব্যবস্থা নিতে হবে।’
পুনর্গঠন টাস্কফোর্সের প্রধান সাফরিজাল বলেন, পুনর্গঠনের কাজটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ। কারণ, হাজার হাজার বাড়িঘরের পাশাপাশি শত শত সেতু ও সড়ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
তিনি আরও বলেন, বন্যার ঝুঁকি নেই—এমন নিরাপদ এলাকায় নতুন বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত জমি খুঁজে পাওয়াও সহজ হচ্ছে না।
বান্দা আচেহতে এএফপিকে তিনি বলেন, সরকার যত দ্রুত সম্ভব কাজ করছে। তবে ‘জনগণকে বুঝতে হবে, এ কাজ ধাপে ধাপে সম্পন্ন করতে হবে।’
নতুন বন্যার আশঙ্কায় আতঙ্কিত বাসিন্দারা
এল নিনোর প্রভাবে দীর্ঘদিনের খরা শেষে আবারও বর্ষাকাল ফিরে আসছে। ফলে নতুন করে বন্যার আশঙ্কা বাড়ছে সুমাত্রার মানুষের মধ্যে।
গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মেসিদাহ এলাকার বাসিন্দা আরসান আরবেন এএফপিকে বলেন, ‘যখনই বৃষ্টি শুরু হয়, আমার মনে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। এমনকি ঘরের ভেতরেও আমরা ভয় পাই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : কলম্বিয়ার মধ্যাঞ্চলীয় শহর ভিয়াভিসেনসিওতে সোমবার গাড়িবোমা বিস্ফোরণের ফলে মেটা প্রদেশের গভর্নরের কার্যালয়সহ আশপাশের একাধিক ভবন ধ্বংস হয়ে গেছে। এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘মেটা প্রদেশের গভর্নরের কার্যালয়ে এইমাত্র বোমা হামলা চালানো হয়েছে।’
এএফপি সংবাদ সংস্থার সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, বিস্ফোরণের পর আশপাশের এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ধ্বংসাবশেষ, ইট-পাথর ও অন্যান্য ধ্বংসস্তূপ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। বিস্ফোরণের ফলে সেখানে একটি বড় গর্তও সৃষ্টি হয়েছে। আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন।
প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা এক্সে আরেকটি পোস্টে জানান, বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি হামলার জন্য মাদক পাচারকারীদের দায়ী করেন।
তিনি লেখেন, ‘মাদক-সন্ত্রাসীরা মরিয়া হয়ে উঠেছে, কারণ আমরা তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছি। আমাদের ভয় দেখিয়ে পিছু হটতে বাধ্য করাই তাদের উদ্দেশ্য, যাতে তারা আবারও লোকদেখানো শান্তি আলোচনার সুযোগ নিতে পারে।’
ডানপন্থি এই প্রেসিডেন্ট দেশটির মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছেন। অন্যদিকে, বামপন্থি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ফার্কের বিদ্রোহীরা গত দুই বছরে গাড়িবোমা হামলা, অপহরণ ও ড্রোন হামলার ঘটনা বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা অতীতের শান্তি আলোচনা নিয়ে সমালোচনা করেন। তার বক্তব্য, শান্তিচুক্তি মেনে চলতে ব্যর্থ ফার্কের যেসব বিচ্ছিন্ন গোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে, তাদের পরিণতি ভোগ করতে হবে।
বিশ্বের সবচেয়ে বেশি কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া।
এদিকে, দেশটিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অপরাধপ্রবণ সহিংসতা চলার প্রেক্ষাপটে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বোগোতায় সফর করেন। গেরিলা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাদক পাচার বন্ধে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তিনি আলোচনা করেছেন বলে জানিয়েছেন একটি সামরিক সূত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ