ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন


জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুরের অভিযোগ তুলে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জমি নিয়ে বিরোধের কারণে হামলা, মারধর এবং ফার্নিচারের দোকানে ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রংপুর নগরীর মাহিগঞ্জ সাতমাথা এলাকার কাইদাহারা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। রোববার বিকেলে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে তার চাচা আবু তালেবের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের ফলে বিভিন্ন সময়ে তাকে হয়রানি ও হামলার শিকার হতে হয়েছে।

আনোয়ার হোসেনের অভিযোগ, গত ২৯ সেপ্টেম্বর সকালে তার ভাইসহ বহিরাগত আশরাফুল, হান্নান, পারভেজ, আল আমিন, কাশেম, মহসিনসহ কয়েকজন তার ওপর হামলা চালান। তিনি আরও জানান, এর আগে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তরা তার ফার্নিচার তৈরির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং আসবাবপত্র লুটে নিয়ে যায়, সেই সঙ্গে ক্যাশ বাক্সও নিয়ে যায় বলে দাবি করেন আনোয়ার। ওই ক্যাশ বাক্সে ব্যবসার প্রায় এক লাখ টাকা ছিল বলেও তিনি জানান।

তিনি আরও অভিযোগ করেন, দোকানে হামলা ও ভাঙচুরের সময় বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় তার মা আয়শা খাতুনকেও বেধড়ক মারধর করা হয়। পরে আহত আনোয়ার হোসেন ও তার মা আয়শা খাতুনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, "আমার রক্ত দিয়ে গোসল করার পরিকল্পনায় করছে দুর্বৃত্তরা। আমাকে হত্যা করা হলে এই লোকগুলো দায়ী থাকবেন। কারণ এছাড়া আমার আর কোন শত্রু নেই।" সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: পোরশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরানপন্থীদের বিক্ষোভ ঠেকাতে পাকিস্তান সরকারের আলোচনায় ‘অচলাবস্থা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


ইমরানপন্থীদের বিক্ষোভ ঠেকাতে পাকিস্তান সরকারের আলোচনায় ‘অচলাবস্থা’

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বড় ধরনের বিক্ষোভ প্রতিরোধের লক্ষ্যে পাকিস্তান সরকার এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মধ্যে আলোচনা রোববার অচলাবস্থায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে ইমরানের সমর্থকরা তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

ইসলামাবাদে সম্ভাব্য বিক্ষোভকারীদের আগমন প্রতিরোধের জন্য কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে। পিটিআইয়ের সমর্থকদের পরিকল্পিত মিছিলের তারিখ প্রথমে ২৭ সেপ্টেম্বর নির্ধারিত ছিল, পরে তা রোববারের জন্য পুনঃনির্ধারণ করা হয়।

এএফপি জানায়, পিটিআই-শাসিত খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি রোববার ভোরে এক্সে দেওয়া একটি পোস্টে জানান, ইমরানের সমর্থনে ‘লং মার্চ’ অনুষ্ঠিত হবে।

ইমরানকে কারাগারে রাখার কারণে সাম্প্রতিক মাসগুলোতে অসন্তোষ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ৭৩ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা এবং তার চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিয়ে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে।

পিটিআই ইমরানের তিন বোনের মুক্তির দাবিও জানিয়েছে। গত মাসে তাদের গ্রেপ্তার পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

বিরোধী রাজনীতিক আল্লামা রাজা নাসির আব্বাস জানান, সরকার ও পিটিআই প্রতিনিধিদের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা ‘অচলাবস্থায়’ পৌঁছেছে।

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভিকে আব্বাস বলেন, ইমরানের চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার মতো বিভিন্ন দাবিতে আলোচনাকারীরা সমঝোতায় পৌঁছাতে পারেননি।

জনপ্রিয় সাবেক ক্রিকেট তারকা ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২৩ সালের মে মাসে দেশজুড়ে সরকারবিরোধী সহিংস বিক্ষোভের পর দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ এবং সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

ইমরান এবং তার আইনজীবীরা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তাদের দাবি, তার জনপ্রিয়তা নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে রাজনৈতিকভাবে প্রভাবিত এসব মামলা করা হয়েছে।

আফ্রিদি জানান, রোববার খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে বিক্ষোভ শুরু হয়ে বৃহস্পতিবার ইসলামাবাদ থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পশ্চিমে খাইরাবাদে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

এর পরবর্তী কর্মসূচি খাইরাবাদে ঘোষণা করা হবে বলে প্রাদেশিক মুখ্যমন্ত্রী জানান। তবে বিক্ষোভকারীরা কবে পাকিস্তানের রাজধানীতে পৌঁছাতে পারবেন, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি।

বিক্ষোভের প্রস্তুতি হিসেবে ইসলামাবাদের প্রধান প্রবেশপথগুলোতে কর্তৃপক্ষ একটির ওপর আরেকটি করে মালবাহী কনটেইনার রেখে সড়ক অবরুদ্ধ করেছে। এর ফলে যান চলাচল এবং গণপরিবহন ব্যাহত হচ্ছে।

আগস্টে সুপ্রিম কোর্ট ইমরানকে চিকিৎসার জন্য বেসামরিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। তবে সেখানে অল্প সময় থাকার পর কর্তৃপক্ষ তাকে আবার কারাগারে পাঠিয়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


কক্সবাজারে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার, ৪ অক্টোবর, ২০২৬ : শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টে অভিযান পরিচালনা করে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ রোববার বিকেল ৫টার দিকে এই অভিযানটি সম্পন্ন হয়। উচ্ছেদ হওয়া স্থাপনাগুলোর মধ্যে বিভিন্ন পণ্যের দোকান অন্তর্ভুক্ত ছিল।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় কক্সবাজার জেলা পুলিশ, বীচকর্মী, আনসার এবং বিদ্যুৎ বিভাগের সহযোগিতা ছিল।

অভিযান শেষে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম জানান, দোকানে মালামাল থাকায় মানবিক কারণে তাদের ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে দোকান না সরানোর কারণে আজকের এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, পর্যটক ও স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমানো এবং সরকারি রাস্তা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা অপসারণের জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে, গতকাল শনিবার শহরের কলাতলী প্রধান সড়কের দুপাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।

অভিযানে বাস কাউন্টার, হোটেল-রেস্তোরাঁ, দোকানসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কলাতলী মোড় থেকে জেলা কারাগার গেট পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে এই অভিযান পরিচালনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুগ্ধের সচেতনতা কার্যক্রমে গাছে গাছে পরিবেশ ও মাদক বিরোধী বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


মুগ্ধের সচেতনতা কার্যক্রমে গাছে গাছে পরিবেশ ও মাদক বিরোধী বার্তা

ফুলবাড়ির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুগ্ধের ব্যতিক্রমী সমাজ সচেতনতা কার্যক্রমে মুগ্ধ এলাকার সবাই। নিজের হাতে লেখা বিভিন্ন সচেতনতামূলক বাণী লিখে প্রায় এক কিলোমিটার সড়কের দুপাশে গাছে গাছে ঝুলিয়ে সকলকে চমকে দিয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নের শাহবাজারের ঘোগারকুটি গ্রামের পাকা সড়কের দুপাশে সারিবদ্ধ গাছ রয়েছে। সেই গাছের ফাঁকে ফাঁকে ঝুলছে সুন্দর হাতের লেখায় কয়েকটি পোস্টার। এসব পোস্টারে লেখা রয়েছে, "অকারণে গাছ কাটবো না, পাখি আমাদের বন্ধু, মোড়ে গতি কমান জীবন বাঁচান" বা "মাদককে না বলুন, বাল্য বিয়েকে না বলুন, ট্রাফিক আইন মেনে চলুন।"

সড়কে এই পথ ধরে যারা হেঁটে যাচ্ছেন, তারা থমকে দাঁড়িয়ে পোস্টারের লেখাগুলো পড়ছেন এবং বিষ্মিত হচ্ছেন। পোস্টারগুলো লিখেছে ওই গ্রামের উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মিছবাহুল ইসলাম মুগ্ধ।

মুগ্ধ বরাবর ক্লাসে ১ম হয়। পড়াশোনার ফাঁকে ফাঁকে চিন্তা করে এলাকার জন্য, দেশের জন্য ভালো কিছু করার। এজন্য সময় পেলেই সে রঙ-তুলি আর কাগজ নিয়ে পরম যত্নে মেঝেতে বসে বিভিন্ন বাণী লেখে। স্কুলে টিউটোরিয়াল ক্লাস থেকে ছবি আঁকা ও সুন্দর হাতের লেখার হাতেখড়ি তার। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সে এখন একাই বদলে দিচ্ছে চারপাশের চিরচেনা রূপ। এ কাজে তাকে সহযোগিতা করছে ক্লাসের সহপাঠী ও এলাকার শিশুরা।

মুগ্ধ নিজের সাইকেলে বা হেঁটে হেঁটে বন্ধুদের নিয়ে সুতো দিয়ে গাছের গায়ে পোস্টার লাগায়। এজন্য সে একটি মইও তৈরি করেছে।

পথচারী রিয়াজুল ইসলাম জানান, "আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় লেখাগুলো দেখে সত্যিই অবাক হয়েছি। এতো ছোট্ট একটা ছেলে এতো সুন্দর চিন্তা করতে পারে, তা ভাবাই যায় না।"

মুগ্ধর মা মমতা বেগম জানান, "আমার ছেলে ঘরে থাকা বিভিন্ন কার্টন কেটে খাতার পৃষ্ঠা ছিড়ে বিভিন্ন বাণী লিখে জমা করতো। এরপর পাড়ার বন্ধুরা মিলে একটা মই তৈরি করে আমার কাছ থেকে আটা আর সুতো কিনে সেগুলো নিয়ে বাইরে যায়। পরে পাড়ার লোকজন এসে বলতে লাগলো তোমার ছেলে পুরো গ্রামজুড়ে গাছের মধ্যে পোস্টার লাগিয়ে বেড়াচ্ছে। কথাগুলো শুনে আমাদের বুকটা আনন্দে ভরে ওঠে। ছেলে যে এ ধরণের পরিকল্পনা করেছে আমার জানা ছিল না। ওর জন্য সবাই দোয়া করবেন। সমাজের জন্য মানুষের জন্য যেন সবসময় ভালো কিছু করে।"

মুগ্ধর বাবা ফুলবাড়ি শাহবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজাউদ্দৌলা জানান, "স্কুল ছুটি শেষে বাসায় ফিরছিলাম সবাই বলাবলি করছে মুগ্ধ গাছে গাছে যেন কি লাগাচ্ছে। আমি সড়কের দুপাশে তাকিয়ে লক্ষ্য করি আমার ছেলের হাতের লেখা পোস্টার! সুন্দর সুন্দর নীতিবাক্য লিখে ছড়িয়ে দিয়েছে। গোপনে এসব কাজ করছিল সে। আমাকে জানায়নি। আমি সত্যি অবাক হয়ে গেছি। এতো ইমোশনাল হয়ে গেছি যে, বাসায় এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছি। আপনারা দোয়া করবেন ছেলে যতদিন এ ধরণের কাজ করবে ততদিন আমি তাকে বন্ধুর মতো সহযোগিতা করবো।"

উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোবেদ আলী জানান, "টিউটোরিয়াল ক্লাসে ছবি আঁকা, পোস্টার-প্লাকার্ড ও হাতের লেখা শিখানো হতো। মুগ্ধর হাতের লেখা ভালো ছিল। সবসময় নতুন কিছু করতে চাইতো। সেই চাওয়া থেকে হয়তো এমন ভালো কাজ করতে পেরেছে সে। এভাবে সব শিক্ষার্থী যদি সামাজিক জনসচেতনামূলক কাজে এগিয়ে আসে তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন হবে।"

দুই ভাইয়ের মধ্যে ছোট মুগ্ধ বলে, "আমি গ্রামের মানুষকে নিয়ে ভাবি। এলাকার অনেক মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন নয়, তারা অকারণে গাছ কেটে ফেলছে, বাড়ির চারপাশ নোংরা করে ফেলছে, অনেকে মাদকে আসক্ত। এসব মানুষকে সচেতন করার জন্য পোস্টার লিখে বিদ্যালয়ে যাওয়ার রাস্তার দুপাশে লাগিয়ে দেই। যাতে তারা মনে করে অনেক কাজ আছে যেগুলো তারা না করলেও পারে। আমার এই ছোট্ট কাজে যদি একজন মানুষও সচেতন হয় সেটাই হবে আমার সফলতা। এই কাজ আমি চালিয়ে যাবো।"

ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সংস্কৃতিকল্যাণ ট্রাস্ট’র পরিচালক মো. নুর মোহাম্মদ বলেন, "সমাজে সৃজনশীল ও সচেতনতামূলক কাজে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের খুব একটা দেখা যায় না। এই ধরনের প্রতিভাবান ও দেশপ্রেমিক শিশুরাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মুগ্ধর মতো শিশুদের পাশে থাকা দরকার। তাদের চিন্তা শক্তিকে বলিয়ান করতে সহযোগিতা করা দরকার।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিকে বিভাজনে রেখে একাত্তরের চেতনার ব্যবসা হচ্ছে: শিবির সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


জাতিকে বিভাজনে রেখে একাত্তরের চেতনার ব্যবসা হচ্ছে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন যে, একাত্তরের চেতনা আমাদের সবসময় শেখানো হয়। তিনি উল্লেখ করেন, এই চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে না দিয়ে, পেছন থেকে টেনে ধরার জন্য তারা কাজ করছে।

তিনি প্রশ্ন করেন, "অন্য কোনো জাতিকে কি এমন যুদ্ধ-বিগ্রহ সহ্য করতে হয়নি? ১৯৪৫ সালে কি জার্মানির অবস্থা এমন ছিল না? সোভিয়েত ইউনিয়ন কি ভেঙে খান খান হয়ে যায়নি?" তিনি আরও বলেন, "তাদের ঘুরে দাঁড়ানোর ফলে তারা এখন বিশ্বকে চ্যালেঞ্জ করছে। কারণ তারা জাতিকে বিভক্ত করেনি।"

রোববার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম আরও জানান, "আমি এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের আলো-বাতাসে বেড়ে উঠেছি। আমাকে বলা হয়, নব্বইয়ে পরে জন্মগ্রহণ করলেও তুমি রাজাকার, তুমি আলবদর, আল-শামস, তুমি গুপ্ত।" তিনি বলেন, "অথচ এদেশে জন্ম আমার, আমি ট্যাক্স দেই, আমি এই দেশকে নিয়ে ভাবি, জাতিকে নিয়ে ভাবি, আমি দুর্নীতি করি না, আমি চাঁদাবাজি-টেন্ডারবাজি করি না।" তিনি অভিযোগ করেন, যুদ্ধের সময় জন্ম না হলেও, তাকে চেতনায় রাজাকার হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%