ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ধানুশ রাজনীতিতে নামার গুঞ্জন, তবে সিনেমার কাজেই মনোযোগ


ধানুশ রাজনীতিতে নামার গুঞ্জন, তবে সিনেমার কাজেই মনোযোগ

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের প্রভাব দীর্ঘকাল ধরে বিদ্যমান। এই রাজ্যে অভিনয়জগৎ থেকে রাজনীতিতে আসা এবং মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার নজিরও রয়েছে।

সম্প্রতি অভিনেতা সি জোসেফ বিজয়ের রাজনৈতিক উত্থানের পর, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ধানুশ নতুন করে আলোচনায় এসেছেন। প্রশ্ন উঠেছে, বিজয়ের পথ অনুসরণ করে তিনিও কি রাজনীতির মাঠে নামবেন?

ধানুশের সাম্প্রতিক কর্মকাণ্ড, ভক্তদের সংগঠিত করার উদ্যোগ এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে এই জল্পনা ক্রমেই জোরালো হচ্ছে। তবে তার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, আপাতত রাজনীতি নয়, সিনেমার কাজেই মনোযোগী এই অভিনেতা।

আরও পড়ুন: পপিকে ফিরে আসার আহ্বান জানালেন গীতিকার মিল্টন খন্দকার

২৫ অক্টোবর, চেন্নাইয়ের উপকণ্ঠে একটি বেসরকারি কলেজে নারী ভক্তদের নিয়ে সমাবেশের আয়োজন করেন ধানুশ। অনুষ্ঠানে তিনি কয়েক শ ভক্তকে পদ্মফুল খোদাই করা রুপার প্রদীপ উপহার দেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল হওয়ায় বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়।

এর আগে দিল্লি সফরে বিজেপি নেতাদের সঙ্গে ধানুশের সাক্ষাতের খবরও প্রকাশিত হয়েছিল। এসব ঘটনার পর অভিনেতার সঙ্গে বিজেপির সম্ভাব্য রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে।

এই বিষয়ে কংগ্রেস নেতা মানিকম ঠাকুর মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, একজন জনপ্রিয় অভিনেতাকে সামনে এনে রাজনৈতিক বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি।

তার বক্তব্য অনুযায়ী, বিজেপির পরিকল্পনার প্রথম ধাপে এআইএডিএমকে সাধারণ সম্পাদক এদাপ্পাদি কে পালানিস্বামীকে কাজে লাগানো, দ্বিতীয় ধাপে কে আন্নামালাইয়ের মাধ্যমে নতুন দল গঠন এবং তৃতীয় ধাপে কোনো চলচ্চিত্র তারকাকে রাজনীতিতে নিয়ে আসা।

আরও পড়ুন: দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা সোনি রাজদান

অন্যদিকে, তামিলনাড়ুর এআইএডিএমকের কয়েকজন নেতা ধানুশকে তাদের দলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ধানুশের রাজনৈতিক তৎপরতা নিয়ে আলোচনার আরেকটি কারণ তার ভক্ত সংগঠনের নতুন উদ্যোগ। ১৪ অক্টোবর, তিনি নিজের ভক্ত সংগঠনের নাম পরিবর্তন করে ‘ধানুশ ওয়েলফেয়ার মুভমেন্ট’ রাখেন। এরপর সংগঠনের নতুন পতাকা ও প্রতীক চালুর খবর ছড়িয়ে পড়লে রাজনীতিতে তার অভিষেকের সম্ভাবনা নিয়ে আলোচনা আরও বাড়ে।

তবে সংগঠনের নেতা ও চলচ্চিত্র পরিচালক সুব্রামানিয়াম শিবা জানিয়েছেন, পতাকাটি নতুন নয়। এক দশকেরও বেশি সময় ধরে এটি ব্যবহার করা হচ্ছে। পতাকার মাঝখানে রয়েছে লাল তারকা ও ধানুশের ছবি। দুই পাশে তামিল ভাষায় লেখা ‘এন্নামপোল থান ভাঝক্কাই’। এর অর্থ, মানুষের জীবন তার চিন্তারই প্রতিফলন।

শুধু সাংগঠনিক কার্যক্রম নয়, জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েও পরিকল্পনা করছে ধানুশের সংগঠন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা আসনে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে শীতাতপনিয়ন্ত্রিত পাঠদানকেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে এসব কেন্দ্র চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে তিনজন শিক্ষক ও একজন সহকারী নিয়োগ দেওয়া হবে। তাদের বেতনও বহন করবে সংগঠনটি।

আরও পড়ুন: ‘রামায়ণ’-এর সেটে রণবীরের সঙ্গে আলিয়ার বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ

এ ছাড়া সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের আইনি সহায়তা নিশ্চিত করতে রাজ্যজুড়ে তিন হাজার আইন উপদেষ্টা নিয়োগের পরিকল্পনার কথাও জানা গেছে।

এর আগে ২৭ জুলাই, তিরুভাল্লুর জেলায় এক অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে ধানুশ বলেছিলেন, শুধু তার সিনেমার মুক্তি কিংবা অডিও প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত থাকলেই হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আরও বড় কিছু করার চেষ্টা করতে হবে। তার এই বক্তব্যকেও অনেকে রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন।

এক ভক্তের দাবি, ২০২৫ সাল থেকেই নিয়মিতভাবে ভক্তদের সঙ্গে বৈঠক করছেন ধানুশ। তৃণমূল পর্যায় থেকে সমর্থকদের সংগঠিত করাই তার মূল লক্ষ্য। ওই ভক্তের আরও দাবি, ধানুশের ভক্তদের একটি বড় অংশ ২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে অভিনেতা বিজয়কে ভোট দিয়েছিলেন।

তবে এতসব জল্পনার মধ্যেও রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি ধানুশ। তার ঘনিষ্ঠ মহলের দাবি, আপাতত চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত তিনি।

আরও পড়ুন: জামিনের পর পরীমনির অশালীন ভাষায় দুই শব্দের পোস্ট

ধানুশের আগামী ছবি ‘ওএম’-এর পরিচালক রাজকুমার পেরিয়াসামিও অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জনকে গুরুত্ব দিতে চাননি। তার ভাষ্য, ধানুশ সিনেমার প্রতি অত্যন্ত নিবেদিত। রাজনীতিতে প্রবেশের কোনো পরিকল্পনার কথা তিনি জানেন না।

বর্তমানে ধানুশের ৫৫তম ছবির কাজ চলছে। এরই মধ্যে ৫৬তম ছবির মহরতও সম্পন্ন হয়েছে। পাশাপাশি অন্য ভাষার চলচ্চিত্রেও কাজ করছেন তিনি। ‘ওএম’ ছবিটি আগামী ২০ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাগরিক

ওমানের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ফলে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় জাহাজে উপস্থিত আরও ১৩ জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে।

হামলার ঘটনা ঘটে সোমবার (২ নভেম্বর) ওমানের লিমাহ উপকূলের নিকটে ‘এমএসভি আল জুসুফি’ নামের বাণিজ্যিক জাহাজে। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

ভারত হামলার নিন্দা জানিয়ে বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা সম্পর্কে দিল্লি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে, বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করা উচিত।

তবে নিহত ভারতীয় নাগরিকের পরিচয় সম্পর্কে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো তথ্য প্রকাশ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, সতর্ক অবস্থানে

মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। একইসাথে, পুলিশের অতিরিক্ত সদস্য ও বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে দেখা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা যায়।

এর আগে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পথচারী ও বাসযাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকেই বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। আন্দোলনকে পুঁজি করে কেউ যাতে কারখানা, যানবাহন কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে বলে স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

এ সময় আবুল কালাম মন্তব্য করেন, "গত কয়েকদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়।"

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি এসআরবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে ৩৩ সদস্য গ্রেফতার: ডিএমপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


পোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে ৩৩ সদস্য গ্রেফতার: ডিএমপি

রাজধানীতে পোশাকশ্রমিকের ছদ্মবেশ ধারণ করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৩৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপি কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পোশাকশ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাপল বিক্রি ও মুনাফায় বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


অ্যাপল বিক্রি ও মুনাফায় বিশ্লেষকদের পূর্বাভাস ছাড়িয়েছে

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের সর্বশেষ প্রান্তিকের আর্থিক ফলাফলে বিশ্লেষকদের পূর্বাভাসকে অতিক্রম করেছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আইফোন বিক্রি ও বিভিন্ন সেবা থেকে আয় বৃদ্ধির ফলে কোম্পানিটি রেকর্ড পরিমাণ রাজস্ব অর্জন করেছে।

তবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উন্নয়ন এবং সংশ্লিষ্ট খাতে ব্যয়ের বৃদ্ধি আগামী প্রান্তিকে কোম্পানির মুনাফার হার কমিয়ে দিতে পারে।

এ বিষয়ে খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস মন্তব্য করেন, ‘আমরা আমাদের সবচেয়ে উচ্চাভিলাষী পণ্যসম্ভার নিয়ে বছরের শেষের দিকে এগিয়ে যাচ্ছি।’ গত সেপ্টেম্বরে টিম কুকের কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর এটি তার নেতৃত্বে কোম্পানির একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিবেদন।

সোমবার বিকেলে বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনা সভায় টার্নাস ছুটির মৌসুমে কোম্পানির নতুন পণ্যের বিক্রি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। নতুন পণ্যের মধ্যে রয়েছে ভাঁজ করা যায় এমন স্মার্টফোন ‘ডুও’।

অন্যদিকে, অ্যাপলের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কেভান পারেখ সতর্ক করে বলেন, বছরের শেষ প্রান্তিকে কোম্পানির মোট মুনাফার হার (গ্রস মার্জিন) সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় কিছুটা কমে যেতে পারে। সেপ্টেম্বর প্রান্তিকে এ হার ছিল ৪৭ দশমিক ৯ শতাংশ।

পারেখ বলেন, ‘আমরা আশা করছি, মোট মুনাফার হার ৪৫ থেকে ৪৬ শতাংশের মধ্যে থাকবে। এর প্রধান কারণ মেমোরি চিপের দাম বৃদ্ধি এবং সিরি এআই প্রযুক্তির সম্প্রসারণে কিছু অতিরিক্ত ব্যয়।’

গত জুনে গুগলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে অ্যাপল তাদের ডিজিটাল সহকারী সিরিতে বড় পরিবর্তন আনে। নতুন সিরি এআইয়ের সক্ষমতা বাড়াতে গুগলের জেমিনি মডেল ব্যবহার করা হয়েছে।

এআই খাতে বাড়তি ব্যয়ের কারণে বিনিয়োগকারীদের উদ্বেগ কমানোর চেষ্টা করছে অ্যাপল। পারেখ বলেন, ‘আমরা মনে করি, এআই গ্রাহকদের নতুন প্রযুক্তির সুবিধা পেতে নতুন ডিভাইস কেনা বা পুরোনো ডিভাইস পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রেরণা তৈরি করবে। পাশাপাশি তৃতীয় পক্ষের অ্যাপ, অংশীদারত্ব এবং অ্যাপলের নিজস্ব পণ্য ও সেবার ক্ষেত্রেও এআইয়ের নতুন ব্যবসায়িক সুযোগ রয়েছে।’

গত সেপ্টেম্বরে অ্যাপল তিনটি নতুন স্মার্টফোন বাজারে আনে। এগুলো হলো আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স এবং কোম্পানির প্রথম ভাঁজযোগ্য ফোন ‘ডুও’। একই সময়ে প্রতিষ্ঠানটি দুটি নতুন ডেস্কটপ কম্পিউটারও উন্মোচন করে।

অক্টোবরে সিরি এআই-চালিত নতুন স্মার্ট ডিসপ্লে ‘হোমভিউ’ এবং প্রথমবারের মতো টাচস্ক্রিন সুবিধাসম্পন্ন ম্যাকবুক প্রো উন্মোচন করে অ্যাপল।

এ ছাড়া গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য ‘অ্যাপল আপগ্রেড’ নামে একটি কিস্তিভিত্তিক ডিভাইস কেনার কর্মসূচি চালু করে প্রতিষ্ঠানটি। এর আওতায় গ্রাহকেরা আইফোনসহ অন্যান্য অ্যাপল ডিভাইস মাসিক কিস্তিতে ব্যবহারের জন্য নিতে পারবেন।

চিপ সংকট ও এআই খাতে ব্যয়ের হিসাব

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় পিছিয়ে থাকার অভিযোগ অ্যাপলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রয়েছে। তবে এআই খাতে প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি কোম্পানিগুলোর বিপুল বিনিয়োগের কারণে প্রতিষ্ঠানটি পরোক্ষভাবে লাভবান হওয়ার সুযোগ পেতে পারে। কারণ, নিজস্ব বিনিয়োগ তুলনামূলক কম রেখেও অন্য কোম্পানির তৈরি অবকাঠামো ও প্রযুক্তিগত অগ্রগতির সুফল নিতে পারে অ্যাপল।

বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, গত সেপ্টেম্বরে শেষ হওয়া ১২ মাসে অ্যাপলের মূলধনি ব্যয় প্রায় ১১ বিলিয়ন ডলার হতে পারে। সেপ্টেম্বরেই কোম্পানির অর্থবছর শেষ হয়।

অন্যদিকে, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন ও মেটা চলতি বছরে সম্মিলিতভাবে ৭০০ বিলিয়ন ডলারের বেশি মূলধনি বিনিয়োগের পথে রয়েছে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, এ অর্থের বড় অংশই ব্যয় হবে এআই অবকাঠামো, বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণ ও সম্প্রসারণে। বিনিয়োগের এই পরিমাণ আর্জেন্টিনা বা বেলজিয়ামের মতো একটি দেশের পুরো অর্থনীতির আকারের কাছাকাছি।

গত জুলাইয়ে মেটা জানায়, ২০২৬ সালে তাদের ব্যয় ১৪৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা আগের বছরের ব্যয়ের প্রায় দ্বিগুণ।

গত সপ্তাহে অ্যামাজন জানায়, চলতি বছরে তাদের বিনিয়োগ ব্যয় ২২০ বিলিয়ন ডলার হতে পারে। একই সময়ে মাইক্রোসফট জানায়, বছরের শেষ নাগাদ তাদের বিনিয়োগ ব্যয় ১৭০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে অ্যালফাবেট ২০২৬ সালে ১৯৫ থেকে ২০৫ বিলিয়ন ডলার ব্যয়ের পূর্বাভাস দিয়েছে।

এদিকে, এআই খাতে ঘনিষ্ঠ অংশীদারদের একজনের সঙ্গেই আইনি বিরোধে জড়িয়েছে অ্যাপল।

গত জুলাইয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করে অ্যাপল। আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির অভিযোগ, নিজস্ব ভোক্তাপণ্য তৈরির উদ্যোগের অংশ হিসেবে ওপেনএআই তাদের বাণিজ্যিক গোপন তথ্য চুরির জন্য পরিকল্পিত প্রচারণা চালিয়েছে।

ওপেনএআইয়ের জনপ্রিয় এআই সেবা চ্যাটজিপিটি ২০২৪ সাল থেকে অ্যাপলের বিভিন্ন পণ্যে যুক্ত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%