ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুনামগঞ্জের দিরাইয়ে স্ত্রীর ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় ডিবির অভিযানে শিক্ষক গ্রেপ্তার


সুনামগঞ্জের দিরাইয়ে স্ত্রীর ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় ডিবির অভিযানে শিক্ষক গ্রেপ্তার

 দিরাইয়ে স্ত্রীর দায়ের করা ২০ লাখ টাকা আত্মসাতের মামলায় জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ের সাবেক খণ্ডকালীন শিক্ষক মো. মুক্তাদির রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

১৭ নভেম্বর সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গ্রেপ্তার হওয়া মো. মুক্তাদির রহমান দিরাই উপজেলার ৭ নম্বর জগদল ইউনিয়নের বাসুরি গ্রামের মানিকুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জগদল আল-ফারুক উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত

এদিকে তাঁর স্ত্রী দিরাই উপজেলার কাইমা মধুপুর এলাকার বাসিন্দা সোনালী আক্তার বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলার পর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ নভেম্বর সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাঁকে গ্রেফতার করে।

স্ত্রীর দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় একজন শিক্ষকের গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্ম বার্ষিকী উদযাপিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বিএনপি ক্ষমতায় এসেছে বলেই ভিসি হয়েছি: জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন মন্তব্য করেছেন যে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার কারণে তিনি উপাচার্যের দায়িত্ব পেয়েছেন। তিনি এ বিষয়টি স্বীকার করতে কোনো দ্বিধা অনুভব করছেন না।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এই মাহফিলের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

উপাচার্য বলেন, "বিএনপি ক্ষমতায় এসেছে বিধায় তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা লুকানোর কিছু নেই। আমার একটি পরিচয় আছে—আওয়ামী লীগের সেই জুলুম আমি সহ্য করেছি।"

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, "দেশের সুখ-সমৃদ্ধি ও উন্নতি প্রত্যাশা করলে যিনি দেশের নেতৃত্ব দিচ্ছেন, তার সুস্বাস্থ্য কামনা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।" নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখানো হচ্ছে, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গে উপাচার্য বলেন, "দীর্ঘ ১৫-১৬ বছর দেশে বাক্‌স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ছিল না। ছাত্র-জনতা সেই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সবাইকে মুক্ত করেছে।" তিনি আরও বলেন, "এখন আবার স্বৈরাচার আওয়ামী লীগ দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।" তাই সুনাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকের রুখে দাঁড়ানো ও প্রতিবাদ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দোয়া মাহফিলে অংশ নেন। মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ ৩ আসামি সন্ত্রাসবিরোধী মামলায় রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


সাবেক এমপি দোলন ও অভিনেতা তমালসহ ৩ আসামি সন্ত্রাসবিরোধী মামলায় রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ প্রদান করেন। আসামি দোলনের জন্য ৭ দিনের রিমান্ড এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তার তিন আসামি ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে তদন্তে প্রাপ্ত তথ্য নির্দেশ করে। এছাড়া, তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে। আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন। মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত ও অস্ত্র উদ্ধারের স্বার্থে প্রত্যেককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি ও কুদরত-ই-খোদা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। তারা বলেন, ধানমন্ডির ছয় মাস আগের একটি ঘটনায় সাবেক সচিব ও সংসদ সদস্যরা মিছিলে অংশ নিয়েছিলেন—এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মতো কোনো উপাদান নেই; মূলত রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছে। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হলে কারাগারের ফটকে (জেলগেটে) জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

অভিনেতা তমালের আইনজীবী তাসলিমা জাহান পপি শুনানিতে উল্লেখ করেন, তার মক্কেল হৃদরোগে আক্রান্ত। সন্ত্রাসবিরোধী আইনে কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্টতার পক্ষে ব্যানার, ভিডিও ফুটেজসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকতে হয়, কিন্তু এ ক্ষেত্রে সেসবের কিছুই নেই। অসুস্থ হওয়ায় রিমান্ড বাতিল করে জামিন চাওয়া হয়েছে। এ সময় বিচারক মেডিকেল প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আইনজীবী বলেন, এ জন্য আবেদন করতে হবে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের সর্বোচ্চ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি বলেন, এ ঘটনায় অপরাধে সহায়তার (অ্যাবেটমেন্ট) বিষয় রয়েছে। আসামিরা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ও দলটির সুবিধাভোগী এবং বিভিন্ন সময়ে বুদ্ধিবৃত্তিকভাবে দলটিকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছেন। তাদের পেছনে কারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন, তা জানতে রিমান্ড প্রয়োজন।

রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের আইনজীবী কুদরত-ই-খোদা বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বাইরেও সাতক্ষীরায় তার মক্কেলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাঁর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোর সবই ৫ আগস্টের আগের; এরপর আর কোনো মামলা হয়নি।

জবাবে রাষ্ট্রপক্ষ দাবি করে, ৫ আগস্টের পরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দোলনের ৭ দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন; পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানার এএসআই তানভীর মেহেদী সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শুরু হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


ঢাকায় শুরু হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট ও অ্যাওয়ার্ড শো ২০২৬

বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরার, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়ার এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির উদ্দেশ্যে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬।

এই অ্যাওয়ার্ড শোটি শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ের এলিট কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। স্পাইকস্টোরি লিমিটেড-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের প্রযুক্তি, গণমাধ্যম, শিক্ষা, বিজ্ঞাপন ও সৃজনশীল শিল্পের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব, পেশাজীবী এবং নতুন প্রজন্মের এআই ক্রিয়েটররা একত্রিত হচ্ছেন।

‘Human Creativity. AI Possibilities.’ প্রতিপাদ্যে আয়োজিত PRISM-এর মূল লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহারকে উৎসাহিত করা, নতুন প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এবং বাংলাদেশের AI Creative Community-কে আরও শক্তিশালী করে তোলা।

৫,০০০-এর বেশি কাজ নিয়ে দেশব্যাপী আয়োজনের অংশ হিসেবে গত ১২ আগস্ট ২০২৬ তারিখে শুরু হওয়া PRISM AI Creative Awards-এ দেশের বিভিন্ন প্রান্তের ক্রিয়েটরদের AI-নির্ভর সৃজনশীল কাজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়। প্রতিযোগিতার জন্য নির্ধারণ করা হয় চারটি বিভাগ—AI Advertisement, AI Short Film, AI Music Video এবং AI Fashion।

এই আয়োজনে দেশের ২৭টির বেশি জেলা থেকে ৫,০০০-এর বেশি সৃজনশীল কাজ জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক কার্যক্রম ও প্রচারণার মাধ্যমে ২০টির বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছে PRISM। এ উদ্যোগের আওতায় ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছানো হয়েছে এবং ডিজিটাল মাধ্যমে অর্জিত হয়েছে দেড় কোটির বেশি মানুষের কাছে পৌঁছানোর সাফল্য।

জমা পড়া কাজগুলো মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত করা হয় সেরা ৬০ জন ফাইনালিস্টকে। তাদের দক্ষতা ও সৃজনশীল চিন্তাভাবনা আরও বিকশিত করতে University of Dhaka-এর iCenter-এ আয়োজন করা হয় দুই দিনব্যাপী AI Creative Bootcamp।

এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা Branding, Storytelling, Creative Direction এবং AI Tools-এর কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শেখার সুযোগ পান। পরবর্তী পর্যায়ে ফাইনালিস্টদের দেওয়া হয় ইন্ডাস্ট্রিভিত্তিক বাস্তবধর্মী Creative Brief। সেই চ্যালেঞ্জের ভিত্তিতে তারা নতুন সৃজনশীল কাজ তৈরি করেন, যা সংশ্লিষ্ট শিল্পের অভিজ্ঞ পেশাজীবী ও ক্যাটাগরিভিত্তিক বিচারকদের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এভাবে PRISM শুধুমাত্র একটি প্রতিযোগিতার আয়োজন করে না, বরং অংশগ্রহণকারীদের শেখা, দক্ষতা উন্নয়ন, বাস্তব অভিজ্ঞতা এবং পেশাগত সংযোগ তৈরির সুযোগও তৈরি করে।

অনুষ্ঠানের সামিট পর্বে থাকছে তিনটি Keynote Session এবং দুটি Panel Discussion। এসব সেশনে AI-এর ভবিষ্যৎ, চলচ্চিত্র নির্মাণ, শিক্ষা, ব্যবসা, বিজ্ঞাপন, গণমাধ্যম এবং সৃজনশীল শিল্পের পরিবর্তন নিয়ে আলোচনা করবেন দেশের বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিত্বরা।

Keynote Speakers

হাসিব হাসান চৌধুরী

প্রতিষ্ঠাতা, Seebs Solution

আলোচনার বিষয়: Democratizing Filmmaking: How AI Is Making Cinema Accessible to Everyone।

AI কীভাবে চলচ্চিত্র নির্মাণের প্রচলিত সীমাবদ্ধতা কমিয়ে আনছে এবং স্বাধীন নির্মাতা ও গল্পকারদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে, তা নিয়ে আলোচনা করবেন তিনি।

আয়মান সাদিক

প্রতিষ্ঠাতা, 10 Minute School

আলোচনার বিষয়: The AI Generation: Are We Ready for the Future?

AI কীভাবে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজগৎ পরিবর্তন করছে এবং নতুন প্রজন্মকে এই পরিবর্তনের জন্য কীভাবে প্রস্তুত হতে হবে, তা তুলে ধরবেন তিনি।

মুনির হাসান

AI & Digital Transformation Advocate

আলোচনার বিষয়: From Digital Transformation to AI Transformation: Rethinking How We Work and Innovate।

AI-এর প্রভাবে প্রতিষ্ঠানগুলোর কাজের ধরন, উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং সাংগঠনিক রূপান্তরে কী ধরনের পরিবর্তন আসছে, তা নিয়ে আলোচনা করবেন তিনি।

Panel Discussion 1

AI and the Next Industrial Revolution: Is Bangladesh Ready? পরবর্তী শিল্পবিপ্লবের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানে AI গ্রহণের সম্ভাবনা, কর্মক্ষেত্রের পরিবর্তন এবং নতুন উদ্ভাবনের সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন প্যানেলিস্টরা।

সঞ্চালক: সাইমুম হোসাইন, সহ-প্রতিষ্ঠাতা, SpikeStory Ltd।

প্যানেলিস্ট: অমিত রিচার্ড — CEO, COdesign Ltd।

মুনাফ মজিব চৌধুরী — Certified Chief AI Officer, Cornell University; Head of Brand & Communication, Axentec PLC।

মো. এহসানুল হক — Country Director, Bangladesh & Sri Lanka, Aleph Group, Inc।

কে. এম. রায়হান — Head of 'Ryze' Business Unit, Banglalink।

Panel Discussion 2

Human Creativity vs. AI Efficiency: Who Will Lead the Next Creative Revolution?

মানুষের সৃজনশীল চিন্তা ও AI-এর দ্রুত কাজ করার সক্ষমতার মধ্যে সম্পর্ক, ভবিষ্যতের ক্রিয়েটিভ প্রফেশনালদের ভূমিকা, বিজ্ঞাপন ও চলচ্চিত্র শিল্পের পরিবর্তন এবং গল্প বলার ক্ষেত্রে মানুষের নিজস্ব অভিজ্ঞতা ও অনুভূতির গুরুত্ব নিয়ে আলোচনা হবে এই প্যানেলে।

সঞ্চালক: হোসাইন আল ফারাবি, সহ-প্রতিষ্ঠাতা, SpikeStory Ltd।

প্যানেলিস্ট: অমিতাভ রেজা চৌধুরী— চলচ্চিত্র নির্মাতা, ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রযোজক।

পুলক অনীল— VP & Executive Creative Director, Adcomm Ltd।

মো. তাজদিন হাসান— Chief Business Officer, The Daily Star।

কিংকর আহসান— CEO, Havas Bangladesh.

Award Show: বাংলাদেশের AI ক্রিয়েটরদের কাজের স্বীকৃতি

সামিটের পর অনুষ্ঠিত হবে PRISM AI Creative Award Show। এ পর্বে চারটি ক্যাটাগরিতে নির্বাচিত সেরা ক্রিয়েটর ও তাদের কাজকে পুরস্কৃত করা হবে। চারটি বিভাগ হলো-

১. AI Advertisement

২. AI Short Film

৩. AI Music Video

৪. AI Fashion

প্রতিটি বিভাগে বিজয়ী, রানার-আপ এবং Honourable Mention-এর মাধ্যমে নির্বাচিত ক্রিয়েটরদের সম্মানিত করা হবে। পাশাপাশি প্রতিযোগিতার সব কাজের মধ্য থেকে সামগ্রিকভাবে সেরা সৃষ্টিকে দেওয়া হবে বিশেষ Grand Prix Award। এই পুরস্কারের মাধ্যমে শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং সৃজনশীল চিন্তা, মৌলিকত্ব, গল্প বলার ক্ষমতা এবং সৃজনশীল কাজে AI-এর কার্যকর ব্যবহারের স্বীকৃতি দেওয়া হবে।

বাংলাদেশের AI Creative Community গড়ে তোলার দীর্ঘমেয়াদি উদ্যোগ

PRISM শুধুমাত্র এক দিনের আয়োজন নয়; এটি বাংলাদেশের AI-নির্ভর সৃজনশীল শিল্পের বিকাশে একটি দীর্ঘমেয়াদি উদ্যোগ। এর লক্ষ্য নতুন প্রজন্মের ক্রিয়েটরদের দক্ষতা ও সম্ভাবনা বিকশিত করা এবং তাদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তি প্রতিষ্ঠান ও সৃজনশীল শিল্পের সংযোগ তৈরি করা। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিভিত্তিক Creative Brief, অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় এবং পুরস্কারের মাধ্যমে PRISM একটি দক্ষ, সংযুক্ত ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক AI Creative Community গড়ে তুলতে চায়।

এই উদ্যোগের মূল দর্শন হলো—AI সৃজনশীলতার সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে, তবে অর্থবহ সৃষ্টির মূল ভিত্তি হিসেবে মানুষের কল্পনা, অনুভূতি, সাংস্কৃতিক বোধ ও গল্প বলার ক্ষমতা সবসময় গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা গৌরবোজ্জ্বল: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা গৌরবোজ্জ্বল: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন, ২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়। সশস্ত্র বাহিনীর ইতিহাস বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।

আগামীকাল ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা তুলে ধরেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটি সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।

তারেক রহমান বলেন, “২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধা সামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।”

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য ও সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা সশস্ত্র বাহিনী জাতির জন্য একটি গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছেন।

তিনি আরও বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে। শান্তিরক্ষায় বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। ভবিষ্যতেও এ ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা বাহিনীটিকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদাতৎপর আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ধারা অব্যাহত ছিল।

তিনি বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে।

তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক। বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাফল্যের যাত্রা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয়, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের স্বীকৃতি জাতির জন্য গৌরবের। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণ উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

সবশেষে প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাঁদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%