প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালকে আদালত বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ প্রদান করেন। আসামি দোলনের জন্য ৭ দিনের রিমান্ড এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তার তিন আসামি ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে তদন্তে প্রাপ্ত তথ্য নির্দেশ করে। এছাড়া, তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে। আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থ ও অস্ত্র সরবরাহ করতেন এবং বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিতেন। মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত ও অস্ত্র উদ্ধারের স্বার্থে প্রত্যেককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি ও কুদরত-ই-খোদা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। তারা বলেন, ধানমন্ডির ছয় মাস আগের একটি ঘটনায় সাবেক সচিব ও সংসদ সদস্যরা মিছিলে অংশ নিয়েছিলেন—এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মতো কোনো উপাদান নেই; মূলত রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছে। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হলে কারাগারের ফটকে (জেলগেটে) জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।
অভিনেতা তমালের আইনজীবী তাসলিমা জাহান পপি শুনানিতে উল্লেখ করেন, তার মক্কেল হৃদরোগে আক্রান্ত। সন্ত্রাসবিরোধী আইনে কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্টতার পক্ষে ব্যানার, ভিডিও ফুটেজসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকতে হয়, কিন্তু এ ক্ষেত্রে সেসবের কিছুই নেই। অসুস্থ হওয়ায় রিমান্ড বাতিল করে জামিন চাওয়া হয়েছে। এ সময় বিচারক মেডিকেল প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে আইনজীবী বলেন, এ জন্য আবেদন করতে হবে।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের সর্বোচ্চ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তিনি বলেন, এ ঘটনায় অপরাধে সহায়তার (অ্যাবেটমেন্ট) বিষয় রয়েছে। আসামিরা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ও দলটির সুবিধাভোগী এবং বিভিন্ন সময়ে বুদ্ধিবৃত্তিকভাবে দলটিকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছেন। তাদের পেছনে কারা মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন, তা জানতে রিমান্ড প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের আইনজীবী কুদরত-ই-খোদা বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বাইরেও সাতক্ষীরায় তার মক্কেলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তাঁর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোর সবই ৫ আগস্টের আগের; এরপর আর কোনো মামলা হয়নি।
জবাবে রাষ্ট্রপক্ষ দাবি করে, ৫ আগস্টের পরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দোলনের ৭ দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের প্রায় ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন; পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানার এএসআই তানভীর মেহেদী সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন