১০:০০ পি.এম
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন ভৈরব উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। পরিদর্শন শেষে তিনি অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
সোমবার (৮ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি ভৈরবের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ, র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তপন সরকার, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ, ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আল আমিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের কার্যক্রম, সমস্যা ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত হন। তিনি দপ্তর প্রধানদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তিনি ভৈরবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সেবাগ্রহীতাদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকল সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সকালে ভৈরব থানায় পৌঁছে জেলা প্রশাসককে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি ভৈরব সরকারি কে.বি. পাইলট মডেল হাই স্কুল, ভৈরব পৌরসভা, পৌর ভূমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি ভৈরব উপজেলার ১০ জন অসহায় ও দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ কার্যক্রম এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন