মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৫১ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে। তিনি দাবি করেছেন যে, এই পরিস্থিতির কারণে তেলের দামও দ্রুত কমে যাবে।
সংবাদমাধ্যম আলজাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ফেডারেল প্ল্যাটফর্ম উন্মোচনের সময় ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরান ‘খুব খারাপভাবে ব্যর্থ হচ্ছে’। তিনি পুনর্ব্যক্ত করেন যে, দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।
ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এটি খুব শিগগিরই শেষ হয়ে যাবে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং তেলের দামও দ্রুত কমে যাবে।’
এদিকে, সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। তবে, দুই পক্ষের মধ্যে আলোচনায় এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য বিদ্যমান রয়েছে।
ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেলের সরবরাহ কিছুটা বেড়ে যাওয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩২ ডলারে নেমে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি স্টেশনের আউটারে কর্ণফুলী কমিউটারের লোক ক্যাবে ওঠার বিষয়কে কেন্দ্র করে লোকোমাস্টার ও এক ওয়েম্যানের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণে ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকায় ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দৌলতকান্দি স্টেশনের আউটারে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এ সময় এক ব্যক্তি ট্রেনের লোক ক্যাবে ঢুকে লোকোমাস্টারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি লোকোমাস্টারের শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে তাঁকে নামানোর চেষ্টা করেন। লোকোমাস্টারও ওই ব্যক্তির শার্টের কলার ধরে টানাহেঁচড়া করেন। পরে তাঁদের থামাতে এগিয়ে আসেন এক ব্যক্তি। তবে কর্ণফুলী কমিউটারের লোকোমাস্টার ও ওই ওয়েম্যানের নাম-পরিচয় জানা যায়নি।
দৌলতকান্দি স্টেশন মাস্টার ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে কর্ণফুলী কমিউটার। রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের দৌলতকান্দি স্টেশনের আউটারে ট্রেনটি দাঁড়ানোর পর কয়েকজন ওয়েম্যান লোক ক্যাবে ওঠার চেষ্টা করেন। এতে বাধা দেন লোকোমাস্টার। এ নিয়ে এক ওয়েম্যানের সঙ্গে তাঁর হাতাহাতি হয়।
এ ঘটনায় ট্রেনটি প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকায় ঢাকাগামী শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। প্রচণ্ড গরমে অনেক যাত্রী ট্রেন থেকে নেমে বাইরে অবস্থান নেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
এ বিষয়ে দৌলতকান্দি স্টেশনের মাস্টার মানিক হোসেন বলেন, ‘ওয়েম্যানরা লোক ক্যাবে উঠতে চাচ্ছিলেন। লোক ক্যাবে সাধারণ যাত্রী বা অন্য কারো প্রবেশের অনুমতি নেই। এখান থেকেই ট্রেনের সিগন্যাল ও গতি নিয়ন্ত্রণের কাজ করেন লোকোমাস্টার। সেখানে উঠতে না দেওয়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতি এবং ইউপি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, তাস এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চর জোড়খালী এলাকায় এই অভিযান চালানো হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তার হওয়া চারজনকে জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন জোড়খালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য হামিদুর রহমান হামিদ খান (৪৫), একই ইউনিয়নের চর জোড়খালী এলাকার মালেক মণ্ডলের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাসিজল (৪৫), সোহরাব আলীর ছেলে হাফিজুর (২৯) এবং মৃত রওশন আলীর ছেলে নায়েব আলী (৫০)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চর জোড়খালী এলাকায় নায়েব আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়িতে বসা জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ টাকা, একাধিক বান্ডেল তাসসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়েছে। হামিদুর রহমান ও হাসিজলকে নাশকতার মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এই বিষয়ে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালপুর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নারী টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে নতুন একটি বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চারানি। আইসিসির সর্বশেষ সাপ্তাহিক হালনাগাদে ২২ বছর বয়সী এই স্পিনারের রেটিং পয়েন্ট ১৮ বেড়ে ৮১৭-তে পৌঁছেছে, যা টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে যেকোনো বোলারের জন্য সর্বোচ্চ রেটিং। মঙ্গলবার নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাংকিংয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে আইসিসি।
এই অর্জনের মাধ্যমে চারানি অস্ট্রেলিয়ার পেসার মেগান শুটের দীর্ঘ ৮ বছরের পুরনো রেকর্ডটি ভেঙে দিলেন। ২০১৮ সালের নভেম্বর মাসে মেগান শুট সর্বোচ্চ ৮০৬ রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে চারানি ও শুট ছাড়া কেবল ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন (৮০২ পয়েন্ট) ৮০০ রেটিং পয়েন্ট স্পর্শ করতে সক্ষম হয়েছেন।
দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮০০ রেটিং পয়েন্টের ঘরে প্রবেশ করেছিলেন চারানি। তার আগে এই সংস্করণে ৮০০ পয়েন্ট ছোঁয়া বোলার ছিলেন শুধু শুট ও ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন, যার ক্যারিয়ারসেরা রেটিং ৮০২।
সম্প্রতি অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয়ের পথেও চারানি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে তিনি মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন। পুরো টুর্নামেন্টে তিন ম্যাচে তার শিকার ৮ উইকেট।
টি-টোয়েন্টি বোলিং র্যাংকিংয়ে চারানির পর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের দীপ্তি শার্মা। ফাইনালে ৩ উইকেট নেওয়া এই অলরাউন্ডারের রেটিং ৭৫৪। ৭২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।
ব্যাটারদের তালিকায়ও এগিয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৭৯ রানের ইনিংস খেলে তিনি এক ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন। তালিকার শীর্ষে আগের মতোই রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। ওয়ানডে ব্যাটারদের তালিকায় মান্ধানাই এক নম্বরে অবস্থান করছেন। ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং এবং অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে রয়েছেন অ্যাশলি গার্ডনার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, তিনটি বোমাসদৃশ ককটেল এবং একটি মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের বক্তব্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে রূপসা ব্রিজের উত্তর পাশে জালাল আহমেদের তুষ-কুড়া মিলের সামনে ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন লবণচরা থানার মাথাভাঙ্গা জুট মিলের পাশের বাসিন্দা কিসলু হাওলাদারের ছেলে মো. আল আমিন (২৩), রূপসা উপজেলার রায়পাড়া এলাকার বাসিন্দা আ. রহিম মোল্লার ছেলে মো. রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং লবণচরা থানার ডাক্তার গলি এলাকার বাসিন্দা রাজু জোমাদ্দারের ছেলে স্বরন জোমাদ্দার ওরফে সজল জোমাদ্দার (২৬)।
পুলিশের তথ্য অনুযায়ী, রূপসা ব্রিজের উত্তর পাশে একটি ব্যক্তিগত সিমেন্ট আনলোডের ঘাট রয়েছে। ঘাটের মালিক ইউনুস আলীকে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী ‘বি-কম্পানি’ ও ‘নুর আজিম বাহিনী’র সদস্য পরিচয়ে বিভিন্ন সময়ে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। এই কারণে মঙ্গলবার ঘাটের সিমেন্ট আনলোডের কার্যক্রম বন্ধ ছিল।
এ ঘটনায় গোপন তথ্যের ভিত্তিতে লবণচরা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন তিন যুবক। এ সময় পুলিশ তাঁদের আটক করে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, তিনটি বোমাসদৃশ ককটেল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ