সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫২ পি.এম
বৈশ্বিক প্রতিযোগিতা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে টিকে থাকার জন্য প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত ব্যবসায়িক চিন্তাধারা থেকে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। নতুনভাবে চিন্তা করা, পুনর্গঠন করা এবং পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে হবে। এজন্য উদ্যোগী মানসিকতা, উদ্ভাবনী চিন্তা এবং মানবিক নেতৃত্ব অপরিহার্য।
সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত ১০ম লিডারশিপ সামিটে বক্তারা এসব বিষয় তুলে ধরেন। ‘বাংলাদেশ অ্যাট আ ক্রসরোডস: রিইমাজিন. রিডিজাইন. ডেলিভার’ শিরোনামে আয়োজিত এই সামিটে দেশের শীর্ষ ব্যবসায়ী, নীতিনির্ধারক, বৈশ্বিক পর্যায়ের নির্বাহী এবং শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। দিনব্যাপী এ আয়োজনে চারটি মূল প্রবন্ধ উপস্থাপন, একটি বিশেষ আলোচনা, একটি কেস স্টাডি, তিনটি প্যানেল আলোচনা এবং একটি অংশগ্রহণমূলক অধিবেশন অনুষ্ঠিত হয়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে, জিও ইনস্টিটিউটের ভাইস চ্যান্সেলর ও কেলগ স্কুল অব ম্যানেজমেন্টের সাবেক ডিন অধ্যাপক দীপক সি. জৈন, ট্রু করপোরেশনের গ্রুপ সিইও ও টেলিনর গ্রুপের সাবেক প্রেসিডেন্ট ও সিইও সিগভে ব্রেকে এবং এল ক্যাটারটন ইন্ডিয়ার নির্বাহী চেয়ারম্যান সঞ্জীব মেহতা।
বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার।
এছাড়া বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, এসিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশিদ, রেনেটার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ এস. কাইসার কবির, আইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল হক চৌধুরী, ইউনিলিভার বাংলাদেশের সাবেক চেয়ারম্যান কামরান বাকর এবং বার্জার পেইন্টস বাংলাদেশের নির্বাহী পরিচালক রূপালী হক চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
মূল প্রবন্ধে অধ্যাপক দীপক সি. জৈন উল্লেখ করেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা শুধুমাত্র একই ব্যবসায়িক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। অপ্রত্যাশিত প্রতিষ্ঠানও যে কোনো সময় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তাই ব্যবসায়ীদের প্রচলিত প্রতিযোগিতার ধারণার বাইরে গিয়ে চিন্তা করতে হবে। পরিসংখ্যান মানুষের মস্তিষ্ককে আকৃষ্ট করে, আর গল্প মানুষের হৃদয় স্পর্শ করে। তাই নেতৃত্ব ও ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে মানুষের অনুভূতি ও অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিংকে কর্মসংস্থানের জন্য শুধুমাত্র হুমকি হিসেবে দেখা উচিত নয়। এসব প্রযুক্তির কারণে নতুন ধরনের দক্ষতার চাহিদা তৈরি হবে। বাংলাদেশ ও ভারতের মতো তরুণ জনগোষ্ঠীর দেশগুলোর জন্য এটি একটি বড় সুযোগ। তবে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন ব্যবসার সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে দীপক জৈন স্বাস্থ্যসেবা ও জেনেরিক ওষুধ, গণমাধ্যম ও বিনোদন এবং আতিথেয়তা, পর্যটন ও ভ্রমণশিল্পের কথা উল্লেখ করেন। তাঁর মতে, সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য ও সেবা প্রদানের সক্ষমতা বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা হতে পারে। এজন্য অর্থনৈতিক মূল্যের পাশাপাশি পণ্যের কার্যকরী ও আবেগীয় মূল্য তৈরিতেও গুরুত্ব দিতে হবে।
অন্যান্য অধিবেশনে বক্তারা ব্যবসার প্রবৃদ্ধির বাধা অতিক্রম, প্রতিষ্ঠান পুনর্গঠন, দক্ষ ও দায়িত্বশীল কর্মী দল গঠন এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্যে সততা, স্বচ্ছতা ও পারিবারিক মূল্যবোধের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা যথাযথভাবে মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের ওপরও গুরুত্বারোপ করেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি, ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নেতা ও প্রতিষ্ঠানের নিজেদের নতুনভাবে গড়ে তোলা এবং অনিশ্চিত ভবিষ্যতের জন্য প্রস্তুত ও টেকসই প্রতিষ্ঠান নির্মাণের কৌশল নিয়েও আলোচনা করা হয়।
সামিটের কেস স্টাডি অধিবেশনে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। অন্যদিকে, অংশগ্রহণমূলক অধিবেশনে অংশগ্রহণকারীরা আগামী ৯০ দিনের কর্মপরিকল্পনা নিয়ে নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা বিনিময় করেন।
দশম আসরের এ সামিট থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে—বাংলাদেশের আগামী দিনের অগ্রযাত্রা নির্ভর করবে এমন নেতৃত্বের ওপর, যারা পরিকল্পনাকে বাস্তব ফলাফলে রূপ দিতে সক্ষম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনীর পরশুরামে, মাদ্রাসার ছাদ থেকে নিমপাতা পাড়তে গিয়ে আবদুর রহিম (৫৫) নামের এক বাবুর্চির মৃত্যু ঘটেছে। সোমবার সকালে, সাড়ে ৬টার দিকে উপজেলার শালধর বাজার সিদ্দিকীয়া হিফজুল কোরআন এতিমখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুর রহিম ওই এতিমখানায় বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তিনি মালিপাথর এলাকার বাসিন্দা এবং মৃত আবদুল গোপরানের পুত্র।
মাদ্রাসা সূত্রে জানা যায়, আবদুর রহিম অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার ফজরের নামাজ আদায়ের পর, সকাল ৬টা ২৪ মিনিটের দিকে তিনি এতিমখানার ছাদে নিমপাতা পাড়তে যান। এ সময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হানিফ বাবুল বলেন, ‘আবদুর রহিম প্রতিষ্ঠার শুরু থেকেই এখানে কর্মরত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত।’
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, নিমপাতা পাড়তে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ছাদ থেকে পড়ে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছিলেন, যার কারণে তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনায় কারও আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মধুপুর থানা পরিদর্শন করেছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদ। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত অবস্থা, সেবার মান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। এ সময় তিনি সরকারি দপ্তরগুলোর দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, জনসেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান আজাদ, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আবদুল হামিদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল হক প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা মধুপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ের নানা নাগরিক সমস্যার বিষয় তুলে ধরেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ইটনায় একটি গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২২ নভেম্বর) রাতে উপজেলার এলংজুরী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই সার জব্দ করা হয়।
এলংজুরী এলাকায় একটি গুদামে অবৈধভাবে সার মজুদ করার বিষয়ে একটি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল।
এমন তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে মধ্যপাড়া এলাকায় আবুল কালামের গুদামে অভিযান চালানো হয়।
অভিযানের সময় ওই গুদাম থেকে ৮০ বস্তা ইউরিয়া, ৭৫ বস্তা ফসফেট এবং তিন বস্তা পটাশ সার জব্দ করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা ও এলংজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রুবেলের হেফাজতে রাখা হয়।
এদিকে, এসব সার কারা, কোথা থেকে সংগ্রহ করেছে এবং কী উদ্দেশ্যে মজুত করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কুমার হালদার বলেন, ‘জব্দ করা সারের উৎস ও বৈধতা যাচাই করা হচ্ছে। কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে বিতরণের কথা। কেউ নিয়মবহির্ভূতভাবে সার মজুত করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে নিয়মিত মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরগুনা, ২৩ নভেম্বর ২০২৬ : জেলা প্রশাসনের উদ্যোগে আজ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের প্রথম পর্যায়ে সরকারি শিশু পরিবারের শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার সরকারি শিশু পরিবারে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ত্রাণ শাখা) মো. খালিদ সাইফুল্লাহ, জেলা সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক এস এম শাহজাদা, সরকারি শিশু পরিবার (বালক)-এর উপ-তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্ব) মো. হেমায়েত উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক শিশু পরিবারের বাসিন্দা ৫০ জন শিশুর হাতে কম্বল তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ