বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪২ পি.এম
কুষ্টিয়ায় গভীর রাতে অবৈধ বিড়ি কারাখানায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন রাজস্ব কর্মকর্তারা। এসময় দুই কাস্টমস কর্মকর্তা আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাদের বহন করা গাড়ি।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি কারখানায় অভিযান চালাতে গিয়ে এ হামলার শিকার হন কুষ্টিয়া রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এ ঘটনায় অজ্ঞাতানামা ১০-১২ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া-২ এর রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক ভূইয়া। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।
রাজস্ব অফিস ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভেড়ামারা উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার বাঁধন বিড়ি নামের একটি অবৈধ বিড়ি কারখানা গড়ে উঠেছে। কারখানাটির মালিক বাঁধন দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিড়ি কারখানাটি পরিচালনা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবহিত না করে অত্যন্ত গোপনে অভিযানটি পরিচালনা করার জন্য রাজস্ব বিভাগের ৮ জন কর্মকর্তা-কর্মচারি কুষ্টিয়া থেকে সেখানে রওনা দেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে সহকারী রাজস্ব কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, আলী হোসেন সরকার, আবদুল্লাহ মিয়া, রাহাত হোসেন, আল আমিন, নজিবুল্লাহ এবং গাড়ি চালক আবু হানিফসহ উপরোক্ত কর্মকর্তারা নিবারক কার্যক্রমে গাড়ি নং-ঢাকা-মেট্রো-চ-১৫-৮৭৪৯ নিয়ে বের হই।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২ টা ৫০ মিনিটের সময় ভেড়ামারা থানাধীন দক্ষিণ ভবানীপুর সাকিনস্থ বাঁধন বিড়ি ফ্যাক্টরির ১০০ গজ আগে পাকা রাস্তার উপর পৌঁছাইলে অজ্ঞাতনামা আসামিরা বেআইনী জনতাবদ্ধে মুখে গামছা বাধা অবস্থায় আমাদের গাড়ির গতিরোধ করে সরকারি কাজে বাঁধা প্রদানের উদ্দেশ্যে ইট ও লাঠিসোটা দিয়ে গাড়ির উপর হামলা করে। তাদের ইটের আঘাতে আমাদের ব্যবহৃত গাড়ির (ঢাকা মেট্রো-চ ১৫-৮৭৪৯) ডান পাশের হেডলাইট ও পিছনের গ্লাস এবং ডান পাশের গ্লাস ভেঙে যায়। অজ্ঞাতনামা আসামিদের ইট ও লাঠিসোটার আঘাতে রাজস্ব কর্মকর্তারা আহত হন। এরপর ৯৯৯ এ ফোন দিলে প্রায় আধা ঘণ্টা পর ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন। এসময় দুজন রাজস্ব কর্মকর্তা আহত হন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান হামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাস্টমস কর্মকর্তা বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৮। তবে এজাহারে কাউরের নাম উল্লেখ করা হয়নি। পুলিশ এ ঘটনায় এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্দেশ্যে আজ জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে, যা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর পরিবর্তে আসছে।
আজ সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এই বিলের মাধ্যমে র্যাব গঠনের আইনি বিধানগুলো বাতিল করে পুলিশের অধীনে এসআরবি প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে।
বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিলটির উত্থাপনের বিরুদ্ধে আপত্তি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাদের উক্তির জবাবে বলেন, “র্যাব নামে কোনো সংস্থা থাকবে না-এটি ছিল সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি।” তিনি আরও বলেন, পুলিশের একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা বজায় রেখেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে।
মন্ত্রী বলেন, “পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠার বিষয়টি পুরো পুলিশ বাহিনী বিলুপ্ত করার কারণ হতে পারে না।”
তিনি জানান, প্রস্তাবিত এসআরবিতে র্যাবের তুলনায় জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে আরও শক্তিশালী বিধান থাকবে। বিরোধীদলীয় আইনপ্রণেতাদের সংসদীয় কমিটিতে বিলটি যাচাই-বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার এবং সেখানে নিজেদের সুপারিশ তুলে ধরার আহ্বান জানান তিনি।
বিলে র্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, নগদ অর্থ ও ব্যাংক আমানত, দায়-দেনা, চুক্তি, স্থাবর-অস্থাবর সম্পত্তি এবং রেজিস্টার ও নথিপত্র এসআরবিতে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, এসআরবি পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। সরকারি প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য, অন্যান্য বাহিনীর সদস্য এবং নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীদের পদায়ন বা প্রেষণের মাধ্যমে এটি গঠন করা হবে।
এই ইউনিটের জন্য বিধি অনুযায়ী নির্ধারিত পতাকা, প্রতীক ও নির্দিষ্ট ইউনিফর্ম থাকবে। এর মহাপরিচালক একজন কর্মরত পুলিশ কর্মকর্তা হবেন, যার পদমর্যাদা ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’-এর নিচে হবে।
এসআরবির ফৌজদারি অপরাধ তদন্ত এবং তল্লাশি, গ্রেপ্তার ও মালামাল বা আলামত জব্দের ক্ষমতা থাকবে। এছাড়া তাদের নিজস্ব মালখানা বা মালামাল সংরক্ষণের ব্যবস্থাও থাকবে।
নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে এই বিলে একাধিক সদস্যবিশিষ্ট একটি ‘অভিযোগ নিষ্পত্তি কমিটি’ গঠনের প্রস্তাব করা হয়েছে।
উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধসহ অন্যান্য গুরুতর অপরাধ প্রতিরোধ ও দমন এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া প্রদানের ক্ষেত্রে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য এই নতুন ইউনিটের প্রয়োজন।
প্রস্তাবিত আইনে এই বিশেষায়িত ইউনিটের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে আইনের শাসন, মানবাধিকার, স্বচ্ছতা, কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি উত্থাপন করেন এবং এটি যাচাই-বাছাই করে ৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
এরই মধ্যে, স্বরাষ্ট্রমন্ত্রী ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ উত্থাপন করেন; যার লক্ষ্য হলো বিদ্যমান অধ্যাদেশটি বাতিল করে এই বাহিনীর জন্য একটি নতুন আইনি কাঠামো প্রবর্তন করা।
প্রস্তাবিত আইনে পুলিশের অধীনে এপিবিএন ইউনিটগুলোর (যেমন—স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, হিল ব্যাটালিয়ন ও এয়ারপোর্ট ব্যাটালিয়ন এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্য যেকোনো ব্যাটালিয়ন) বিধান রাখা হয়েছে।
এই বিলের মাধ্যমে এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়া হবে। এছাড়া ‘ফৌজদারি কার্যবিধি’ ও অন্যান্য বিদ্যমান আইনের সাপেক্ষে তাদের কোনো প্রাঙ্গণে প্রবেশ, তল্লাশি চালানো, সম্পত্তি জব্দ করা এবং গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে।
এতে এপিবিএন সদস্যদের জন্য শৃঙ্খলা ও আচরণবিধিও নির্ধারণ করা হয়েছে। সাধারণত কোনো সংগঠনের সদস্য হওয়া কিংবা কোনো সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হওয়া তাদের জন্য নিষিদ্ধ থাকবে; তবে পেশাগত উন্নয়ন বা এপিবিএন-এর স্বার্থসংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে অনুমতি থাকবে।
এছাড়া উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ইলেকট্রনিক মিডিয়া বা সংবাদপত্রে কোনো তথ্য বা নথিপত্র প্রকাশ করা কিংবা প্রকাশে সহায়তা করা থেকেও এপিবিএন সদস্যদের বিরত থাকতে হবে।
যাচাই-বাছাইয়ের জন্য এই বিলটিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংসদ ভবন, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : আগামী রোববার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি ট্রেনের নিচে কাটা পড়ে কুলসুম বেগম(৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলী গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে মেয়ে জামাইয়ের বাড়িতে বসবাস করতেন এবং নিয়মিত বিকেলে রেললাইনে হাঁটতে যেতেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলেও কুলসুম বেগম রেললাইনে হাঁটতে বের হন। এ সময় ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ‘ভাটিয়াপাড়া কমিউটার’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা রেল লাইনের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর উপকূলীয় দ্বীপ হাতিয়া উপজেলাধীন চর আতাউর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি ওজনের একটি জবাইকৃত হরিণ উদ্ধার করেছে কোস্টগার্ড।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া এ অভিযান পরিচালনা করে।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অসাধু মাংস ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জবাইকৃত হরিণটি পরবর্তীতে হাতিয়া বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ