০৭:৩৫ পি.এম
বরগুনা, ২১ নভেম্বর ২০২৬ ( বাসস): বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে বরগুনায় তিন দিন ধরে অবিরত বৃষ্টিপাত চলছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে মাঝে মাঝে বৃষ্টি হলেও আজ সকালে শুরু হয়েছে প্রবল বর্ষণ। একটানা বৃষ্টি এবং প্রবল বাতাসের ফলে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে গেছে।
আবহাওয়া অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পায়রাসহ দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। সাগরের উত্তাল অবস্থার কারণে গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে থাকার জন্য বলা হয়েছে।
সকাল থেকে ভারী বৃষ্টির ফলে জেলা শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাজারে ক্রেতাদের উপস্থিতিও কমে গেছে। টানা বৃষ্টির ফলে কৃষক, জেলে, দিনমজুর এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
আরও পড়ুন: ঝালকাঠী বিএনপিতে আওয়ামী দালাল সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের সহ সকলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা গ্রহনের দাবী
বরগুনার ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বাসসের সাথে আলাপকালে জানান, ‘ঘূর্ণিঝড়ের সতর্কতা জারির পর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ এড়াতে ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এতে জেলেরা মাছ ধরতে না পেরে আর্থিক সংকটে পড়েছেন। দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকলে ট্রলার মালিকদের জ্বালানি, শ্রমিকের মজুরি ও অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।’
টানা বর্ষণে বরগুনার ৬০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাঁধ সংলগ্ন এলাকার হাজার হাজার বাসিন্দা। ভারী বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পেলে বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবাহিত হওয়ার আশঙ্কা করছেন তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, নিচু জমিতে পানি জমে থাকার কারণে শীতকালীন সবজি ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বাসস’কে জানান, ভাঙন রোধে তিনটি প্রকল্প অনুমোদন হয়েছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের দমনে সরকারের কঠোর অবস্থানের ঘোষণা রিজভীর
বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বাসস’কে বলেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপকূলের আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন