মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২৮ পি.এম
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানকাল নির্বাচন করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা এক ঝটিকা মিছিল বের করেছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে হঠাৎ করেই দক্ষিণ মিঠাছড়ি এলাকায় ঝটিকা আকারে মিছিলটি বের হয়ে দ্রুত শেষ হয়ে যায়। পরে মিছিলের বিষয়টি জানাজানি হলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল ও জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও মিশ্র আলোচনার সৃষ্টি হয়।
তবে উক্ত মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা, নেতৃত্বদানকারীদের পরিচয় এবং মিছিল থেকে নির্দিষ্ট কী ধরনের স্লোগান দেওয়া হয়েছে—এসব তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে রামু থানা বা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : সোনিয়া গান্ধী ইতালির একটি ছোট্ট গ্রাম থেকে ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিলেন। তিনি ভারতের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।
এখন, ৭৯ বছর বয়সী সোনিয়া তার ব্যক্তিগত জীবন নিয়ে স্মৃতিকথা প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন, যা তিনি দীর্ঘদিন ধরে আড়ালে রেখেছিলেন।
‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ শিরোনামের বইটিতে তিনি এমন এক জীবনের গল্প তুলে ধরেছেন, যা তার ভাষায় ‘ভালোবাসা, দায়িত্ব, বিয়োগব্যথা এবং নিজের ঠিকানা খুঁজে পাওয়ার অভিজ্ঞতায়’ গড়ে উঠেছে।
নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া বইটি এমন এক সময়ে আসছে, যখন কংগ্রেস দল আবারও রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভের পর নতুন করে আলোচনায় এসেছেন তার ছেলে রাহুল গান্ধী।
১৯৪৬ সালে ইতালির একটি ক্যাথলিক পরিবারে জন্ম নেওয়া সোনিয়া তার বিদেশি পরিচয়ের কারণে জাতীয়তাবাদীদের সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বারবার।
উত্তর ইতালির তুরিনের কাছে সাধারণ পরিবেশে তার শৈশব কাটে। ১৯৬৫ সালে ইংরেজি পড়ার সময় তার পরিচয় হয় রাজীব গান্ধীর সঙ্গে, যিনি তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বই প্রকাশের আগে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সোনিয়া লিখেছেন, ‘কেমব্রিজের একটি ছোট্ট গ্রিক রেস্তোরাঁয় আমার ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘প্রথমবার তার সঙ্গে দেখা হওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই মনে হয়েছিল, এই মানুষটির সঙ্গেই আমি থাকতে চাই। পরে জানতে পারি, তার অনুভূতিও ছিল একই রকম।’
রাজীব ছিলেন ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি।
তার দাদা জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আর তার মা ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৬৮ সালে নয়াদিল্লিতে রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনিয়া। বিয়েতে তিনি এমন একটি সুতি শাড়ি পরেছিলেন, যার সুতা ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কারাবন্দি অবস্থায় নেহরু নিজ হাতে কেটেছিলেন।
এরপর গান্ধী পরিবারের সদস্য হন সোনিয়া। পরিবারের দৃঢ়চেতা শাশুড়ি ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সম্পর্কের মধ্য দিয়ে ভারতীয় রাজনীতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয় তার।
‘হিন্দু’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া বলেন, ‘এটি রাজীবের পরিবার ও তার দেশের প্রতি আমার ভালোবাসা গড়ে ওঠার গল্পও। একসময় আমিও সেই দেশের অংশ হয়ে উঠি।’
১৯৮৪ সালে শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম উপাসনালয়ে সেনা অভিযানের পর দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার সময় ইন্দিরা গান্ধীকে কোলে তুলে রেখেছিলেন সোনিয়া।
‘নিজেকে প্রমাণ করতে হয়েছে’-
রাজীব পেশায় বাণিজ্যিক বিমানের পাইলট ছিলেন। তাকে রাজনীতিতে আসতে বাধা দিতে ‘বাঘিনীর মতো লড়াই’ করেছিলেন বলে জানান সোনিয়া।
তিনি বলেন, ‘আমার স্বামীকে যখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন আমি সম্পূর্ণভাবে এর বিরোধিতা করেছিলাম।’
রাজীবের নিরাপত্তা নিয়ে তার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়। ১৯৯১ সালে কিশোরী এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় নিহত হন রাজীব। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের সামরিক হস্তক্ষেপের সঙ্গে এই হামলার যোগসূত্র ছিল।
এরপর জনজীবন থেকে নিজেকে সরিয়ে নেন সোনিয়া। দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে সময় কাটাতে থাকেন।
তবে ১৯৯৮ সালে দলীয় কোন্দলে দুর্বল হয়ে পড়া কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের জন্য নেতাদের অনুরোধে রাজি হন তিনি। ভাঙা উচ্চারণে হিন্দি ভাষায় বড় বড় জনসভায় বক্তব্য দেন। ঘোষণা করেন, তার হৃদয় ‘এই দেশের মাটিতেই সমাহিত।’
২০০৪ সালের নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিত জয়ের পর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন সোনিয়া। পরিবর্তে তিনি মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন।
২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে। সে সময় নির্বাচনী প্রচারে সোনিয়ার বিদেশি জন্মপরিচয় নিয়ে বারবার আক্রমণ করা হয়।
মোদির নেতৃত্বে বিজেপি নিজেদের আধিপত্য আরও সুসংহত করেছে। অন্যদিকে কংগ্রেসের ভাগ্য ফেরাতে হিমশিম খাচ্ছেন রাহুল।
তবে সম্প্রতি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা একটি বিক্ষোভ আন্দোলন কংগ্রেসকে নতুন করে গতি এনে দিয়েছে।
চলতি বছরের শুরুর দিকে তরুণদের উদ্যোগে ব্যঙ্গাত্মক সংগঠন হিসেবে যাত্রা শুরু করা ‘ককরোচ জনতা পার্টি’ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সফল আন্দোলনের সূত্রপাত করে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান প্রচারণার পেছনেও রয়েছে সংগঠনটি।
একই দাবিতে জনসভা ও সমাবেশে বক্তব্য দিচ্ছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, তরুণদের পাশে রয়েছেন তিনি। বিক্ষোভে যোগ দিয়ে পুলিশের ব্যারিকেডের ওপর দাঁড়িয়েছেন রাহুল।
সোনিয়া এখনো ভারতের সংসদের উচ্চকক্ষের সদস্য।
‘হিন্দু’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত ১২ বছরে আমাদের দেশের কাঠামো, গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ এখন অস্থির হয়ে উঠছে এবং এই ক্ষতির বিষয়টি বুঝতে শুরু করেছে।’
তবে তিনি আশাবাদী। তার ভাষায়, ‘আমি আশাবাদী। আমার বিশ্বাস, ভারতের জনগণ সুশাসনের প্রত্যাবর্তনকে স্বাগত জানাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে ‘বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)’ পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ওই দিন সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব এবং বাছাই কমিটির সভাপতি এ জি এম আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সচল রয়েছে। নিয়মিত ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে গেছে।
এদিকে, ধর্মঘটের সফলতা নিশ্চিত করতে ছাত্রলীগের চবি শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের বাস ও শাটল ট্রেন চলতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সোমবার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেনের কাছে ক্লাস ও পরীক্ষা স্থগিতের দাবি জানান।
তবে মঙ্গলবার (১০ নভেম্বর) ক্যাম্পাসে ধর্মঘটের কোনো প্রভাব দেখা যায়নি। শাটল ট্রেন স্বাভাবিকভাবে চলছিল। ক্যাম্পাসের সড়কেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। অন্যান্য দিনের মতো শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। নিয়মিত ক্লাসের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশিত ফোনালাপের বিবরণ অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রলীগের ডাকা মঙ্গলবারের ধর্মঘটের প্রসঙ্গ তুলে ধরে আবরার ক্লাস ও পরীক্ষা স্থগিতের দাবি করেন। প্রক্টরের জবাবে বলা হয়, এ বিষয়ে সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন নেবে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
এদিকে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে দেশে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে চবি শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড়, এ এফ রহমান হল ও আলাওল হল ঘুরে ২ নম্বর গেটে গিয়ে শেষ হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সমকালীন উদ্বেগের প্রতিফলন ঘটানো প্রলয়োত্তর ব্রিটেনের ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা ‘দ্য এন্ড অব এভরিথিং’ উপন্যাসের জন্য সোমবার বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন।
লন্ডন থেকে এএফপি জানায়, ৮১ বছর বয়সী হ্যারিসন এ পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী। তিনি ৫০ হাজার পাউন্ড (৬৭ হাজার ডলার) পুরস্কার হিসেবে পেয়েছেন। এ পুরস্কার বিজয়ীর বইয়ের বিক্রি ও পরিচিতি বাড়াতে সহায়তা করে।
ব্রিটিশ কল্পবিজ্ঞান সাহিত্যের প্রবীণ লেখক হ্যারিসন এবারই প্রথম মর্যাদাপূর্ণ এ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিলেন। সমালোচকদের মতে, তাঁর এ স্বীকৃতি অনেক আগেই পাওয়ার যোগ্য ছিল।
সংক্ষিপ্ত তালিকায় থাকা মারলন জেমস, ডগলাস স্টুয়ার্ট, এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড ও রেবেকা পেরিকে পেছনে ফেলে তিনি পুরস্কারটি জিতেছেন। তাঁদের উপন্যাসগুলোর বিষয়বস্তুর মধ্যে ছিল ১৯৮০-এর দশকের কিংস্টনে আবর্তিত এক কুইয়ার মহাকাব্য থেকে শুরু করে সমকালীন লন্ডনের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ব্যঙ্গাত্মক কাহিনি।
বিচারক প্যানেলের সভাপতি মেরি বিয়ার্ড সংবাদ সম্মেলনে বলেন, ‘অসাধারণ দক্ষতায় লেখা এবং একই সঙ্গে বিপুল উচ্চাকাঙ্ক্ষার বিচারে উপন্যাসটি এগিয়ে ছিল।’
হ্যারিসনের ১৩তম উপন্যাসটির কাহিনি আবর্তিত হয়েছে সমুদ্রতীর থেকে নানা জিনিস সংগ্রহকারী ফিলিপ টেনেন্ট এবং স্মৃতিভ্রংশে আক্রান্ত, স্বাধীনচেতা তার খালা মার্নিকে ঘিরে। কাহিনির পটভূমি নিকট ভবিষ্যতের ইংল্যান্ডের বাতাসপ্রবণ উপকূলীয় এলাকায়। সেখানে ‘আইগেটি’ নামে রহস্যময় কিছু বস্তু এসে হাজির হয়।
নাম-না-জানা এক বিপর্যয় চরিত্রগুলোকে এক অস্পষ্ট প্রলয়োত্তর জগতে ঠেলে দেয়। সেখানে মনে হয়, ইউরোপীয় মহাদেশ যেন অদৃশ্য হয়ে গেছে। মানুষকে অনুকরণ করতে সক্ষম আইগেটির আগমন কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের মিথস্ক্রিয়ার কথা মনে করিয়ে দেয়।
বিয়ার্ড বলেন, ‘বইটির অন্যতম মূল বক্তব্য হলো, এমন প্রলয় যদি কখনো আসে বা যখনই আসুক, তা মানুষের বোধগম্যতার বাইরে থাকবে।’ তাঁর মতে, উপন্যাসটি বর্তমান সময়ের সঙ্গেও গভীরভাবে সংগতিপূর্ণ।
বিচারক প্যানেলের এক বিবৃতিতে বিয়ার্ড বলেন, ‘এটি ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে দেখা বর্তমান সময়ের রাজনীতি।’
স্বপ্নময় বিভিন্ন পর্বে সাজানো ১৯৮ পৃষ্ঠার এ সংক্ষিপ্ত উপন্যাসে ব্রেক্সিট, কোভিড-১৯ মহামারি এবং দৈনন্দিন জীবনে প্রযুক্তির ক্রমবর্ধমান অনুপ্রবেশের প্রসঙ্গ এসেছে।
হ্যারিসনের লেখার ক্ষেত্রে প্রায়ই দেখা যায়, তার কাহিনিকে নির্দিষ্ট কোনো সাহিত্যধারায় সীমাবদ্ধ করা যায় না এবং তার লেখার স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এ উপন্যাসেও কাহিনির চেয়ে আবহ বেশি গুরুত্ব পেয়েছে। লেখকের ইঙ্গিতপূর্ণ ও কাব্যিক বর্ণনাশৈলী ধীরে ধীরে সবকিছু ভেঙে পড়ার অনুভূতিকে আরও তীব্র করেছে।
এআই নিয়ে উদ্বেগ
নিজের বই সম্পর্কে হ্যারিসন বলেন, ‘সমসাময়িক ঘটনাবলি থেকেই বইটির বিষয়বস্তু ও ব্যঙ্গের উপাদান এসেছে। আমাদের প্রত্যাশা ও বিশ্বকে ব্যাখ্যা করার সব প্রচেষ্টা যখন চলমান বিপর্যয়ে পরিণত হয়, তখন কী ঘটে—অথচ আমাদের জীবন চালিয়ে যেতে হয়?’
লেখক এর আগে বলেছিলেন, ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকট তাকে উপন্যাসটি লিখতে অনুপ্রাণিত করেছে। সমাজে ব্যাখ্যা ও উপলব্ধির ব্যর্থতা নিয়ে একটি উপন্যাস লেখার ইচ্ছা থেকেই তিনি কাজটি শুরু করেন।
১৯৪৫ সালে ইংল্যান্ডের রাগবি শহরে জন্ম নেওয়া হ্যারিসন কল্পবিজ্ঞানধারার বহু বইয়ের লেখক। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘ভিরিকোনিয়াম’ উপাখ্যানমালা (১৯৭১-১৯৮৪) এবং ‘লাইট’ (২০০২)। ‘লাইট’ ‘দ্য কেফাহুচি ট্র্যাক্ট’ নামে পরিচিত ত্রয়ী উপন্যাসের প্রথম খণ্ড এবং এটি কল্পবিজ্ঞান সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা হিসেবে স্বীকৃত।
কল্পবিজ্ঞান সাহিত্যের অনুরাগীদের বাইরে সাধারণ পাঠকের কাছে খুব বেশি পরিচিত না হলেও সংক্ষিপ্ত তালিকায় তাঁর নাম আসার পর ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা লিখেছিল, ‘অবশেষে তিনি তাঁর প্রাপ্য স্বীকৃতি পাচ্ছেন।’
বুকার পুরস্কারের বিচারকদের বছরব্যাপী বাছাইপ্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় ছিল। এ প্রক্রিয়ায় ১৬৩টি উপন্যাস থেকে শেষ পর্যন্ত ছয়টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়।
বিয়ার্ড বলেন, এ উপন্যাসে এআই নিয়ে উদ্বেগের বিষয়টি ‘বেশ জোরালোভাবে’ উঠে এসেছে।
বিজয়ীর নাম ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফিলিপের কাছে একটি বস্তু বা নিদর্শন রয়েছে। সেটি কতটা সংবেদনশীল বা সচেতন, তা স্পষ্ট নয়। এমনকি সেটি আসলে কী, তা-ও পরিষ্কার নয়।’
এর আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ার্ড বলেছিলেন, আগামী বছরগুলোতে প্রকাশনা ও লেখালেখিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা কী হবে, তা পুরস্কার প্রদানকারী বিচারক প্যানেলকে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, ‘আমার মনে হয়, ভবিষ্যতে বিষয়টি আলোচ্যসূচিতে আসা অনিবার্য। এ বিষয়ে বালিতে মুখ গুঁজে থাকার কোনো সুযোগ নেই।’
অন্য বিচারকেরাও এমন কিছু বই নিয়ে সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে চেয়েছিলেন, যেগুলো স্বতন্ত্রভাবে মানবিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পুনরুৎপাদন করা সম্ভব নয়।
যেকোনো দেশের লেখকের ইংরেজিতে লেখা এবং গত এক বছরে প্রকাশিত দীর্ঘ কথাসাহিত্যের সেরা কাজকে স্বীকৃতি দিতে দেওয়া হয় এ পুরস্কার। সোমবার লন্ডনের এক অনুষ্ঠানে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গত বছর ব্রিটিশ-হাঙ্গেরীয় লেখক ডেভিড সালাই ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার পুরস্কার জিতেছিলেন। উপন্যাসটিতে লন্ডনে বসবাসরত এক হাঙ্গেরীয় অভিবাসীর বেদনাবিধুর জীবনকাহিনি তুলে ধরা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ