প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : সোনিয়া গান্ধী ইতালির একটি ছোট্ট গ্রাম থেকে ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিলেন। তিনি ভারতের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।
এখন, ৭৯ বছর বয়সী সোনিয়া তার ব্যক্তিগত জীবন নিয়ে স্মৃতিকথা প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন, যা তিনি দীর্ঘদিন ধরে আড়ালে রেখেছিলেন।
‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ শিরোনামের বইটিতে তিনি এমন এক জীবনের গল্প তুলে ধরেছেন, যা তার ভাষায় ‘ভালোবাসা, দায়িত্ব, বিয়োগব্যথা এবং নিজের ঠিকানা খুঁজে পাওয়ার অভিজ্ঞতায়’ গড়ে উঠেছে।
নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া বইটি এমন এক সময়ে আসছে, যখন কংগ্রেস দল আবারও রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভের পর নতুন করে আলোচনায় এসেছেন তার ছেলে রাহুল গান্ধী।
১৯৪৬ সালে ইতালির একটি ক্যাথলিক পরিবারে জন্ম নেওয়া সোনিয়া তার বিদেশি পরিচয়ের কারণে জাতীয়তাবাদীদের সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বারবার।
উত্তর ইতালির তুরিনের কাছে সাধারণ পরিবেশে তার শৈশব কাটে। ১৯৬৫ সালে ইংরেজি পড়ার সময় তার পরিচয় হয় রাজীব গান্ধীর সঙ্গে, যিনি তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
বই প্রকাশের আগে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সোনিয়া লিখেছেন, ‘কেমব্রিজের একটি ছোট্ট গ্রিক রেস্তোরাঁয় আমার ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘প্রথমবার তার সঙ্গে দেখা হওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই মনে হয়েছিল, এই মানুষটির সঙ্গেই আমি থাকতে চাই। পরে জানতে পারি, তার অনুভূতিও ছিল একই রকম।’
রাজীব ছিলেন ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি।
তার দাদা জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আর তার মা ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
১৯৬৮ সালে নয়াদিল্লিতে রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনিয়া। বিয়েতে তিনি এমন একটি সুতি শাড়ি পরেছিলেন, যার সুতা ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কারাবন্দি অবস্থায় নেহরু নিজ হাতে কেটেছিলেন।
এরপর গান্ধী পরিবারের সদস্য হন সোনিয়া। পরিবারের দৃঢ়চেতা শাশুড়ি ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সম্পর্কের মধ্য দিয়ে ভারতীয় রাজনীতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয় তার।
‘হিন্দু’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া বলেন, ‘এটি রাজীবের পরিবার ও তার দেশের প্রতি আমার ভালোবাসা গড়ে ওঠার গল্পও। একসময় আমিও সেই দেশের অংশ হয়ে উঠি।’
১৯৮৪ সালে শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম উপাসনালয়ে সেনা অভিযানের পর দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার সময় ইন্দিরা গান্ধীকে কোলে তুলে রেখেছিলেন সোনিয়া।
‘নিজেকে প্রমাণ করতে হয়েছে’-
রাজীব পেশায় বাণিজ্যিক বিমানের পাইলট ছিলেন। তাকে রাজনীতিতে আসতে বাধা দিতে ‘বাঘিনীর মতো লড়াই’ করেছিলেন বলে জানান সোনিয়া।
তিনি বলেন, ‘আমার স্বামীকে যখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন আমি সম্পূর্ণভাবে এর বিরোধিতা করেছিলাম।’
রাজীবের নিরাপত্তা নিয়ে তার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়। ১৯৯১ সালে কিশোরী এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় নিহত হন রাজীব। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের সামরিক হস্তক্ষেপের সঙ্গে এই হামলার যোগসূত্র ছিল।
এরপর জনজীবন থেকে নিজেকে সরিয়ে নেন সোনিয়া। দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে সময় কাটাতে থাকেন।
তবে ১৯৯৮ সালে দলীয় কোন্দলে দুর্বল হয়ে পড়া কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের জন্য নেতাদের অনুরোধে রাজি হন তিনি। ভাঙা উচ্চারণে হিন্দি ভাষায় বড় বড় জনসভায় বক্তব্য দেন। ঘোষণা করেন, তার হৃদয় ‘এই দেশের মাটিতেই সমাহিত।’
২০০৪ সালের নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিত জয়ের পর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন সোনিয়া। পরিবর্তে তিনি মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন।
২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে। সে সময় নির্বাচনী প্রচারে সোনিয়ার বিদেশি জন্মপরিচয় নিয়ে বারবার আক্রমণ করা হয়।
মোদির নেতৃত্বে বিজেপি নিজেদের আধিপত্য আরও সুসংহত করেছে। অন্যদিকে কংগ্রেসের ভাগ্য ফেরাতে হিমশিম খাচ্ছেন রাহুল।
তবে সম্প্রতি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা একটি বিক্ষোভ আন্দোলন কংগ্রেসকে নতুন করে গতি এনে দিয়েছে।
চলতি বছরের শুরুর দিকে তরুণদের উদ্যোগে ব্যঙ্গাত্মক সংগঠন হিসেবে যাত্রা শুরু করা ‘ককরোচ জনতা পার্টি’ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সফল আন্দোলনের সূত্রপাত করে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান প্রচারণার পেছনেও রয়েছে সংগঠনটি।
একই দাবিতে জনসভা ও সমাবেশে বক্তব্য দিচ্ছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, তরুণদের পাশে রয়েছেন তিনি। বিক্ষোভে যোগ দিয়ে পুলিশের ব্যারিকেডের ওপর দাঁড়িয়েছেন রাহুল।
সোনিয়া এখনো ভারতের সংসদের উচ্চকক্ষের সদস্য।
‘হিন্দু’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত ১২ বছরে আমাদের দেশের কাঠামো, গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মানুষ এখন অস্থির হয়ে উঠছে এবং এই ক্ষতির বিষয়টি বুঝতে শুরু করেছে।’
তবে তিনি আশাবাদী। তার ভাষায়, ‘আমি আশাবাদী। আমার বিশ্বাস, ভারতের জনগণ সুশাসনের প্রত্যাবর্তনকে স্বাগত জানাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন