ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করা হয় এবং তাদের কষ্ট না দেওয়া হয়।

তিনি উল্লেখ করেছেন, যত্ন নিতে না পারলেও অন্তত প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।

আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: বাপেক্সকে শক্তিশালী করতে নতুন ড্রিলিং রিগ কেনার উদ্যোগ সরকারের

প্রধানমন্ত্রী বলেন, 'প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ মনোভাব গড়ে তুলতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির সহাবস্থানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'

তারেক রহমান আরও বলেন, 'অনেক সময় আশপাশে দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে। তাদের কষ্ট দেয়। এটি কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্বশীল আচরণ করা উচিত।'

প্রধানমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'কোনো প্রাণীর প্রাণে কষ্ট না দিতে হবে। কোনো প্রাণীর উপকার করতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি, সম্ভব হলে আশপাশের জীবজন্তুর যত্ন নিতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।'

শিশুদের মধ্যে প্রাণীকূলের প্রতি যত্ন নেয়ার মানসিকতা তৈরি করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের বিভিন্ন বয়সী শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।’

আরও পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ’র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং-এর বৈঠক

তিনি আশা প্রকাশ করেন, 'ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার মানসিকতা তৈরি করা গেলে এমন একটি সুন্দর পরিবেশ ও বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে শুধু মানুষ নয়, প্রতিটি জীব নিরাপদে বসবাস করতে পারবে এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান নিশ্চিত হবে।'

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক পরিবারগুলোর লাগাম টানতে ১২ নতুন প্রদেশ গঠনের প্রস্তাব আসিম মুনিরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


রাজনৈতিক পরিবারগুলোর লাগাম টানতে ১২ নতুন প্রদেশ গঠনের প্রস্তাব আসিম মুনিরের

পাকিস্তানের চারটি প্রদেশের কাঠামো ভেঙে ১২টি নতুন প্রদেশ গঠনের প্রস্তাবের ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এ বিষয়ক রাজনৈতিক বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। তবে নতুন প্রদেশ গঠনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে সংবিধানের ২৩৯ অনুচ্ছেদ। এই প্রস্তাব বাস্তবায়িত হলে পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির নতুন প্রদেশ গঠনের উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর দীর্ঘদিনের আধিপত্যকে দুর্বল করা, শরিফ ও জারদারি পরিবারের নেতৃত্বাধীন রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ও প্রভাবকে খণ্ডিত করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণকে আরও সুসংহত করা। তবে এই উদ্যোগ বাস্তবায়নের পথে রাজনৈতিক ও সাংবিধানিক নানা বাধা জটিলতা সৃষ্টি করতে পারে।

বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, জেনারেল আসিম মুনির নিজেও সামরিক পোশাকে প্রেসিডেন্ট হওয়ার পথে অগ্রসর হতে চাইছেন। পাকিস্তানের সাবেক সামরিক শাসক জিয়াউল হক ও পারভেজ মোশাররফের মতো ক্ষমতার কেন্দ্রে নিজের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যও তার রয়েছে। তবে এ উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দেশের প্রভাবশালী শরিফ ও জারদারি পরিবার। তারা ভিন্ন ভিন্ন কৌশলে এর মোকাবিলা করছেন।

আসিফ আলী জারদারি ও বিলাওয়াল ভুট্টো জারদারি সরাসরি বিরোধিতা করছেন। অন্যদিকে, নওয়াজ শরিফ সময়ক্ষেপণের কৌশল গ্রহণ করেছেন বলে বিশ্লেষণে বলা হয়েছে। পাঞ্জাব অঞ্চলের ছোট জাতিগোষ্ঠীগুলো নতুন প্রদেশ গঠনের প্রস্তাবকে স্বাগত জানাতে পারে। তবে সিন্ধু প্রদেশে এ উদ্যোগকে কেন্দ্র করে সহিংসতা, বিশৃঙ্খলা ও গুরুতর রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রদেশগুলোর সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হলে পাকিস্তান ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে। কারণ, বর্তমানে দেশের প্রশাসনিক পুনর্গঠনের জন্য অনুকূল পরিবেশ নেই। বরং রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা চরমে পৌঁছেছে এবং বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে অবিশ্বাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

বিশ্লেষকদের মতে, প্রাদেশিক সীমানা পরিবর্তনের উদ্যোগ নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করতে পারে। একই সঙ্গে সমাজে বিদ্যমান বিভেদ আরও গভীর হতে পারে। বিশেষ করে পশতুন ও বেলুচ কিংবা সিন্ধি ও পাঞ্জাবিদের মধ্যে বিদ্যমান বিরোধ তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্লেষকদের ধারণা, নতুন প্রদেশ গঠনের বিষয়ে পাকিস্তানের নীতিনির্ধারক মহল বা ‘এস্টাবলিশমেন্ট’ নিজেদের অবস্থানে অনড় থাকতে পারে। তবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। এটি বাস্তবায়নের চেষ্টা করলে নীতিনির্ধারকদের বড় ধরনের রাজনৈতিক মূল্য দিতে হতে পারে।

মুঈদ পীরজাদা একজন পাকিস্তানি ভূ-কৌশল বিশ্লেষক। মুহাম্মদ আমির রানা নিরাপত্তা বিশ্লেষক এবং ইসলামাবাদভিত্তিক ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর পিস স্টাডিজ’-এর সাবেক পরিচালক। এই লেখায় প্রকাশিত মতামত সম্পূর্ণ তাদের ব্যক্তিগত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নতুন পার্কের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ পি.এম


ঝালকাঠিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নতুন পার্কের পরিকল্পনা

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গণপূর্ত বিভাগ। দীর্ঘ বছর ধরে স্থানীয়রা এই সরকারি মালিকানাধীন জমি দখল করে দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছিল। গণপূর্ত বিভাগ জানিয়েছে, এই জমি উদ্ধার করে পার্ক নির্মাণের ব্যবস্থা করা হবে।

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী হারিসুর রহমান জানান, প্রতিমন্ত্রী, জেলা প্রশাসন এবং সংসদ সদস্যের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন এবং ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

গণপূর্ত বিভাগ জানায়, সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু হয়েছে। পুরাতন কলেজ খেয়াঘাটের পাশাপাশি পর্যায়ক্রমে গণপূর্ত বিভাগের আওতাধীন অন্যান্য জমিরও দখলমুক্ত করা হবে। শহরবাসীর দাবির প্রেক্ষিতে কলেজ খেয়াঘাটের উচ্ছেদ করা জায়গাটিতে পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের রাজনীতিতে অস্থিরতার কোনো চিহ্ন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এই বক্তব্য দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি। তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’

সালাহউদ্দিন আহমদ জানান, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে। তিনি বলেন, ‘ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আর ফিরতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।’

বিজয় মাস উপলক্ষে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি ধাপে ধাপে পালন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেঙ্গালুরুতে পাকিস্তানি সিরিয়াল ‘দার-এ-নিজাত’র বিশেষ প্রদর্শনী বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ পি.এম


বেঙ্গালুরুতে পাকিস্তানি সিরিয়াল ‘দার-এ-নিজাত’র বিশেষ প্রদর্শনী বাতিল

ভারতের বেঙ্গালুরুতে পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’ সিরিয়ালের দুটি বিশেষ প্রদর্শনী বাতিল করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, কিছু নির্দিষ্ট কারণে সিরিয়ালটির প্রদর্শনীর আয়োজন সম্ভব হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ নভেম্বর ফ্রেজার টাউনের ‘শিশ কবাব’ রেস্তোরাঁয় সিরিয়ালটির ৩৪ ও ৩৫তম পর্ব দেখানোর পরিকল্পনা ছিল। এরপর ৫ ডিসেম্বর ‘দ্য স্টার ক্লাব’র উদ্যোগে একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে এটি প্রদর্শনের আয়োজন ছিল। কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে সিরিয়ালটির দুটি প্রদর্শনী বাতিল করেছে আয়োজকরা।

তথ্য অনুসন্ধান করে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরিয়ালটির প্রচারপত্র ও আমন্ত্রণে পাকিস্তানি পোশাকের ড্রেস কোড এবং থিমভিত্তিক খাবার ও আয়োজনের উল্লেখ ছিল। এসব বিষয় নিয়ে নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়। ভারতবাসীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন, কেন বেঙ্গালুরুতে পাকিস্তানি সিরিয়ালের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে?

ভারতীয় নেটিজেনদের তীব্র সমালোচনা ও ক্ষোভের বিষয়টি বেঙ্গালুরু পুলিশের নজরে আসলে তারা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ জানায়, ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে পাকিস্তানি কনটেন্ট নিয়ে ভারতবাসীদের সংবেদনশীলতা ও আপত্তি রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সিরিয়াল প্রদর্শন করা সঠিক সিদ্ধান্ত হবে কিনা, এ বিষয়ে পুলিশ আয়োজকদের কাছে জানতে চায়। সবদিক বিবেচনায় নিয়ে আয়োজক সংস্থা স্বেচ্ছায় অনুষ্ঠান দুটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

এ প্রসঙ্গে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার আর হিতেন্দ্র বলেন, "আয়োজনটি নিয়ে একের পর ক্ষোভ আমাদের কাছে জমা হতে থাকলে বিষয়টি নিয়ে আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করি। এমন পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয়া জরুরী জানতে চাই। তখন স্বেচ্ছায় আয়োজকরা প্রদর্শনী দুটি বাতিল করে।"

৫ ডিসেম্বরের প্রদর্শনী বাতিল প্রসঙ্গে আয়োজকরা সংবাদমাধ্যমে জানান, "আমরা পাকিস্তানের সিরিয়ালটির প্রদর্শনী বাতিল করেছি। যদিও এটি পরিবার এবং ঘনিষ্ঠ পরিচিতদের মধ্যেই সীমাবদ্ধ রাখার কথা ছিল, তবে বিষয়টি যখন বিতর্কের আকার নিয়েছে, তাই আমরা প্রদর্শনী বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।"

গল্পের আবেগ, পারিবারিক টানাপোড়েন, ভালোবাসা এবং নাটকীয় মোড় সব মিলিয়ে দর্শকমহলে বেশ জনপ্রিয় পাকিস্তানের ধারাবাহিক ‘দার-এ-নিজাত’। সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শেহেরিয়ার মুনাওয়ার (আবু বকর আমান), দুরেফিশান সেলিম (জারিয়াব হাবিব) এবং নামীর নওয়াজ খান (জামিল হোসেন)।

উমেরা আহমেদের রচনায় ‘দার-এ-নিজাত’ সিরিয়ালটি পরিচালনা করেছেন সাকিব খান। এতে গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন রোমাইসা খান (হামনা), সাহার হাশমি (বেলা), সানিয়া সাঈদ (খুশবখত), সাবা হামিদ (কিশওয়ার জাহান), ফারান তাহির (হাবিব) এবং নাদিয়া আফগান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%