ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী


ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী

শিল্পবর্জ্য, অপরিশোধিত নর্দমার পানি, বেপরোয়া মাছ ধরা এবং একের পর এক বিশাল বাঁধ নির্মাণের চাপে পড়ে প্রায় নিঃশেষ হতে বসেছিল এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি। প্রায় ৬ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ এই নদীকে চীনের ‘মা নদী’ বলা হয়। বহু বছরের লাগামহীন দূষণ এবং অব্যবস্থাপনার কারণে নদীটির জীববৈচিত্র্য ধ্বংসের চূড়ান্ত কিনারায় পৌঁছেছিল। দূষণের প্রভাবে নদীর অনন্য প্রাণী, সাদারঙা বাইজি ডলফিন এবং বিশালাকার চাইনিজ প্যাডলফিশ প্রায় বিলুপ্ত হয়ে গেছে।

তবে সম্প্রতি চীন সরকারের নেওয়া কঠোর কিছু প্রশাসনিক নীতি এবং সংরক্ষণমূলক ব্যবস্থার ফলে নদীটি আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। দ্য ইকোনমিস্টের তথ্য অনুযায়ী, ধ্বংসের হাত থেকে ইয়াংজিকে টেনে তোলার প্রধান চালিকাশক্তি হলো ২০২১ সাল থেকে নেওয়া একগুচ্ছ বিপ্লবী সিদ্ধান্ত। এখানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ১০ বছরের জন্য বাণিজ্যিক মাছ ধরা পুরোপুরি বন্ধ করার ঘোষণা। ৫০-এর দশকে প্রতিবছর ইয়াংজি থেকে ৪ লাখ টনের বেশি মাছ ধরা হতো, কিন্তু ২০২১ সালে নিষেধাজ্ঞা কার্যকরের আগে সেই পরিমাণ কমে এক লাখ টনের নিচে নেমে আসে।

চীন, কানাডা, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের গবেষকদের প্রকাশিত গবেষণায় দেখা যায়, দীর্ঘ সাত দশক ধরে কমতে থাকা ইয়াংজির মাছের মোট পরিমাণ বা ‘বায়োমাস’ ২০২১ সালের পর থেকে ২০০ শতাংশের বেশি বেড়েছে। এমনকি দুই দশকের মধ্যে প্রথমবারের মতো বিরল প্রজাতির স্টার্জন মাছকে প্রাকৃতিক পরিবেশে ডিম ছাড়তে দেখেছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন: ইরান, কেশম দ্বীপ ও হরমুজে যুক্তরাষ্ট্রের ৩ এমকিউ ড্রোন ভূপাতিত করেছে

নিষেধাজ্ঞা তদারকি করার জন্য নদীতে সার্বক্ষণিক ড্রোন, নজরদারী ক্যামেরা এবং টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি কঠোর জরিমানা নিশ্চিত করা হচ্ছে। এ ছাড়া নদীটির তীরবর্তী হাজার হাজার রাসায়নিক কারখানা বন্ধ করা হয়েছে অথবা দূরে সরিয়ে নেওয়া হয়েছে। নদীর উজানে মাটির ক্ষয় রোধের জন্য ব্যাপকভাবে গাছ লাগানো হচ্ছে। নদীর অববাহিকার শহরগুলোতে বৃষ্টির পানি ধরে রাখতে কৃত্রিম জলাভূমি তৈরি করা হচ্ছে এবং সেগুলোকে ‘স্পঞ্জ সিটি’ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এই সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নদীর বাস্তুতন্ত্রেও নতুন করে প্রাণ ফিরছে। সরকারি তথ্য অনুযায়ী, ইয়াংজি অববাহিকায় বর্তমানে ১,৪০০টির বেশি ফিনলেস পরপয়েস বাস করছে, যেখানে ২০১৭ সালে এর সংখ্যা নেমে এসেছিল মাত্র ১ হাজারে। স্থানীয়রা গোলগাল এই প্রাণীকে ‘নদীর শূকর’ নামে চেনে। ফিনলেস পরপয়েসের সংখ্যা বৃদ্ধি পাওয়াটা পুরো নদীর খাদ্যশৃঙ্খল ও বাস্তুতন্ত্র সুস্থ হওয়ার প্রধান লক্ষণ বলে মনে করছেন সংরক্ষণবিদেরা।

তবে পরিবেশ সুরক্ষার এই সাফল্যের অপর পাশে বড় ধরনের সামাজিক মূল্য দিতে হয়েছে। হঠাৎ মাছ ধরা বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় ২ লাখ ৩০ হাজার জেলে জীবিকা হারিয়েছেন। অনেক এলাকাতেই তারা পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করেছেন সাবেক জেলেরা। বাধ্য হয়ে তাদের একটি বড় অংশ শহরে গিয়ে দিনমজুরের কাজ বেছে নিয়েছেন।

যদিও পরিবেশবিদেরা বলছেন, সাফল্য সত্ত্বেও ইয়াংজির সামনে এখনো বড় বাধা জলবিদ্যুৎকেন্দ্র এবং বাঁধ। থ্রি গর্জেস ড্যামসহ ইয়াংজি নদীতে বহু বড় বাঁধ রয়েছে, যা মাছের স্বাভাবিক প্রজনন এবং চলাচলে বাধা তৈরি করে। সম্প্রতি পয়াং হ্রদের মুখে নতুন একটি বাঁধ নির্মাণের অনুমোদনে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকেরা। তাদের মতে, পুরোনো বাঁধগুলোতে মাছ চলাচলের পথ না রাখলে ইয়াংজি নদী পুরোপুরি পুনরুদ্ধার করা সম্ভব হবে না।

আরও পড়ুন: ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে সব বিলে ভেটো দেব: ট্রাম্প

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনার ৭৫ দিন পার হয়েছে। এই সময়ের মধ্যে অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় ‘নারী নিরাপত্তা মঞ্চ’ ক্ষোভ প্রকাশ করেছে। একই সঙ্গে, সংগঠনটি উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নেতারা।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে এসব দাবি তুলে ধরা হয়। সমাবেশটি সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম ফারাবী।

সমাবেশে বক্তারা বলেন, ঘটনার প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো অভিযুক্তকে শনাক্ত বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এ সময়ের মধ্যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের সঙ্গে আরো কয়েকটি হয়রানি ও নিপীড়নের ঘটনা ঘটেছে, যা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সুমা ডুমরী বলেন, ঘটনার পর নারী নিরাপত্তা মঞ্চ প্রশাসনের কাছে ছয় দফা দাবি উত্থাপন করলেও এখন পর্যন্ত একটি দাবিও বাস্তবায়িত হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার এসব দাবির বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাযিহা বিনতে শামসুদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে নারী নিরাপত্তা সংকট একটি কাঠামোগত সমস্যা। তার অভিযোগ, কার্যকর সংস্কারের পরিবর্তে প্রশাসন পুরো ক্যাম্পাসে অপরিকল্পিতভাবে কাঁটাতারের বেড়া স্থাপনের মতো সীমিত পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, অতীতেও বিভিন্ন ঘটনার পর সিসিটিভি ক্যামেরাসহ নানা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও অপরাধ কমেনি।

বক্তারা জানান, নারী নিরাপত্তা মঞ্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে পূর্ববর্তী ধর্ষণ ও নিপীড়নের ঘটনাগুলোর বিচার নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা।

সমাবেশ থেকে দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার, ছয় দফা দাবি বাস্তবায়ন এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

 

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে বিভিন্ন সময়ে বিজিবির অভিযান চালিয়ে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংসের কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ১৭ হাজার ৩১১ কেজি গাঁজা, ১ লাখ ৩৫ হাজার ১৮৫টি ইয়াবা ট্যাবলেট, ৪০ হাজার ৯৬৪ বোতল ভারতীয় হুইস্কি, ২৫ হাজার ২৭ বোতল এসকাফ সিরাপ, ১০ হাজার ২৯৪ বোতল ফেন্সিডিল, ৯ হাজার ১৪৫ ক্যান ও বোতল বিয়ার, বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকজাত ট্যাবলেট এবং ৩০ হাজার ৫০ প্যাকেট সিগারেট। জব্দ করা এসব মাদকের মোট আনুমানিক সিজার মূল্য ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ২১৫ টাকা।

বিজিবি জানায়, ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছে।

মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মাদক দেশের যুবসমাজ, পরিবার ও সামাজিক স্থিতিশীলতার জন্য অন্যতম বড় হুমকি। তিনি বললেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সীমান্তে মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে আঘাত হানা ৭.১ মাত্রার এক ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২৭ মিনিটে ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে এই শক্তিশালী ভূকম্পন তৈরি হয়েছে। ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়, তবে পরবর্তীতে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

ভূমিকম্পের তীব্রতায় কুমামোতো অঞ্চলের কাশিমা শহরের বিখ্যাত অয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়েছে। এতে ভবনের ভেতরে থাকা বহু মানুষ আটকা পড়েছেন বলে অগ্নিনির্বাপক বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। কিছু স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে মলটিতে বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। ইতোমধ্যে ১ লাখ ৫০ হাজারের বেশি বাসিন্দাকে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

টেলিভিশন চ্যানেল এনএইচকে-তে সম্প্রচারিত ফুটেজে সড়ক ও সেতুতে বিশাল ফাটল এবং বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। এই ঘটনায় অন্তত ৫০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং একটি বৃদ্ধাশ্রমের ১০ জন বাসিন্দা আহত হয়েছেন। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন অবস্থায় আছে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাাইচি এক বিবৃতিতে জানান, ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ চিত্র এখনো মূল্যায়ন করা হচ্ছে, তবে অনেকেই আহত হয়েছেন। দুর্গত এলাকায় উদ্ধারকাজের জন্য পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি জাপানের আত্মরক্ষা বাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে, বললেন চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা। তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রশাসনিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, কেন্দ্রস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ক্ষতি হয়নি এবং সেটি নিরাপদে সচল রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল অগভীর হওয়ায় আগামী কয়েকদিন শক্তিশালী আফটারশক বা অনুকম্পন অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২৫ টাকায় সরকারি চাকরি, সততার মানসিকতা ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


১২৫ টাকায় সরকারি চাকরি, সততার মানসিকতা ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

সরকারি চাকরিতে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের সেবা করার জন্য সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো ধরনের উৎকোচ কিংবা তদবির ছাড়াই সরকারি চাকরিতে যোগদান করা নতুন পেশকারদের সততার মানসিকতাই সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা।’

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে নবনিযুক্ত পেশকারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। ভূমিমন্ত্রী আরও উল্লেখ করেন, দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর। নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে তিনি মা-বাবা ও শিক্ষকদের সম্মান অক্ষুণ্ণ রেখে সম্পূর্ণ সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান করেন।

অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, গত দুই দশকের মধ্যে এত স্বচ্ছ ও সুষ্ঠুভাবে নিয়োগ সম্পন্ন হওয়ার নজির দেখা যায়নি। কোনো ধরনের তদবির ছাড়াই মাত্র ১২৫ টাকায় চাকরি পাওয়ার অভিজ্ঞতা নতুন পেশকারদের মুখে শুনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি অফিসে সেবা নিতে আসা জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। তাই ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দুর্নীতিমুক্ত থেকে আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।’ মাঠ পর্যায়ে কিছু অসাধু ব্যক্তির কারণে পুরো ভূমি প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা নিতে এসে যেন কোনো নাগরিক হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে সিটিজেন সার্ভিস কার্যক্রম আরো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত পেশকার মোছা. ফারহানা খাতুন, মো. শিহাব উদ্দিন এবং শাকিল আহমদ বক্তব্য দেন। তারা সম্পূর্ণ স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পাওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%