ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ঢাকার আদালত থেকে পালালেন কাউসার মিয়া, হত্যা মামলার আসামি


ঢাকার আদালত থেকে পালালেন কাউসার মিয়া, হত্যা মামলার আসামি

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে গেছেন কাউসার মিয়া নামের এক আসামি, যিনি হত্যা মামলায় অভিযুক্ত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত-১ম আদালতের এজলাস থেকে কৌশলে তিনি পালিয়ে যান।

মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিপন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত ১ম আদালত থেকে আরাফাত নামের এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে পালিয়ে যায় এই আসামি।

আরও পড়ুন: নাশকতা রাজনৈতিকভাবে মোকাবেলার ঘোষণা ইশরাকের

বিস্তারিত আসছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


কাউখালীতে ইউপি নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার দক্ষিণ বাজারে বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের নির্দেশনায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ২৫ জন, সাধারণ ইউপি সদস্য পদে ১২৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে সমর্থন প্রত্যাশীরা সভায় অংশ নেন।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন আলীসহ বিভিন্ন পদে সমর্থন প্রত্যাশীরা।
সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য, ত্যাগী, জনপ্রিয় এবং জনসম্পৃক্ত ব্যক্তিদের মূল্যায়ন করা হবে। দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের মতামত ও সমর্থন প্রত্যাশীদের অবস্থান জানতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পাঁচটি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক প্রার্থীর উপস্থিতি দলের সাংগঠনিক তৎপরতারই বহিঃপ্রকাশ। দলীয় ঐক্য বজায় রেখে কেন্দ্র ও স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।
সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সাংগঠনিক অবস্থান সুসংহত করা, তৃণমূল নেতাকর্মীদের ঐক্য বজায় রাখা এবং যোগ্য প্রার্থী নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঘাটায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


সাঘাটায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধার সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি, আধুনিক পাঠদান পদ্ধতির উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আ. শ. ম. রোকনুজ্জামান রিপনের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধক ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার এভারকেয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. জাফর ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ডা. ময়নুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, গাইবান্ধার জেলা শিক্ষা কর্মকর্তা মোতাউর রহমান, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, সাঘাটা বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ আরশাদুল কবির রাঙ্গা এবং সাঘাটা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রুহুল আমিন প্রমুখ।
সাঘাটা উপজেলা একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মশালায় পৃষ্ঠপোষকতা করেন ড. মো. রওশন আলম ও মো. নজরুল ইসলাম।
কর্মশালায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত জরুরি। আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি অনুসরণের মাধ্যমে সাঘাটায় শিক্ষার পরিবেশ আরও গতিশীল ও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদরপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই বাজারে প্রকাশ্যে জাটকা বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


সদরপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই বাজারে প্রকাশ্যে জাটকা বিক্রি

ফরিদপুরের সদরপুরের দুই বাজারে নিষেধাজ্ঞার মধ্যেও প্রকাশ্যে বিক্রি হচ্ছে জাটকা। চরনাছিরপুর ইউনিয়নের চর বলাশিয়া ঘাট এবং আকোটেরচর ইউনিয়নের আকোট কালিখোলা বাজারে প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৯টা পর্যন্ত জাটকার বিক্রি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, মৎস্য বিভাগের নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান না থাকার কারণে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ মাছের বেচাকেনা এভাবে চলছে।

সরেজমিনে দেখা যায়, আড়িয়াল খাঁ ও পদ্মা নদীর পাড়ের এই দুই বাজারের ছয়টি মাছের আড়তে দেশি প্রজাতির অন্যান্য মাছের পাশাপাশি ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে। বিক্রেতারা ক্রেতাদের আকৃষ্ট করতে হাঁকডাক করছেন। ক্রেতারা দরদাম করে মাছ কিনছেন। এক ক্রেতা জানিয়েছেন, প্রতি কেজি জাটকা ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয় জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা রাতে নদীতে মাছ ধরার পর ভোরে এসব আড়তে মাছ নিয়ে আসেন। আড়তগুলোর কয়েকজন মালিক জেলেদের দাদন, জাল ও নৌকার জন্য অর্থ দিয়ে মাছ ধরার কাজে যুক্ত করেন। বিনিময়ে জেলেদের নির্দিষ্ট আড়তেই মাছ বিক্রি করতে হয়। স্থানীয়দের অভিযোগ, এই ব্যবস্থায় মাছ আহরণ ও বিপণনে আড়তদারদের প্রভাব রয়েছে।

জেলে খোকন বলেন, "সারা রাত নদীতে মাছ ধরে সকালে আড়তে বিক্রি করেন তাঁরা। মাছের পরিমাণ কিছুটা কম হলেও জাটকাসহ অন্যান্য মাছ বিক্রি করে ভালো দাম পাওয়া যায়।" তিনি আরও জানান, ছোট ইলিশের চাহিদাও রয়েছে।

এক ক্রেতা বলেন, "বড় ইলিশের দাম বেশি হওয়ায় কম দামে ইলিশের স্বাদ নিতে ছোট মাছ কেনেন।" এ বিষয়ে বক্তব্য জানতে আড়ত মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কথা বলতে রাজি হননি।

মৎস্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে বলা হয়, ২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ জাটকা। ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত জাটকা আহরণ, পরিবহন, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও মজুত নিষিদ্ধ। নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

স্থানীয় সচেতন ব্যক্তিদের প্রশ্ন, নির্দিষ্ট সময়ে প্রতিদিন প্রকাশ্যে মাছ বিক্রি হলেও সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি কোথায়? তাঁদের দাবি, শুধু জেলেদের নয়, জাটকা কেনাবেচায় জড়িত আড়তদার ও ক্রেতাদের বিরুদ্ধেও আইন প্রয়োগ করতে হবে।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, "জাটকা বিক্রির বিষয়টি তাঁদের নজরে এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জাটকা সংরক্ষণে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্নিসংযোগে জড়িতদের ধরিয়ে দিলেই মিলবে ২০ হাজার টাকা পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


অগ্নিসংযোগে জড়িতদের ধরিয়ে দিলেই মিলবে ২০ হাজার টাকা পুরস্কার

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, বাসে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের ধরিয়ে দিতে। তিনি উল্লেখ করেন, এসব অপরাধে জড়িতদের ধরে পুলিশের হাতে তুলে দিলে দলের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তিনি মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই ঘোষণা দেন।

নুরুল হক নুর বলেন, "যারা বাসে আগুন দিচ্ছে, ককটেল মারছে, তাদের ধরে পুলিশের হাতে তুলে দেবেন।" তিনি আরও বলেন, "কারা এসব কর্মকাণ্ডে সহযোগিতা করছে, সে তথ্যও পুলিশকে দেবেন।" তিনি উল্লেখ করেন, জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বাংলাদেশকে স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়।

৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করতে না পারলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন দিকে মোড় নিতে পারত। এর ফলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা ছিল।

মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক সচেতন জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আধিপত্যবাদী অপতৎপরতা রুখে দেওয়া সম্ভব হয়েছিল। এ কারণেই ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হয়ে আছে।

তিনি বলেন, ৭ নভেম্বরকে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্নভাবে বিশ্লেষণ করলেও দিনটির ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। ৩ নভেম্বরের জেলহত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করার রাজনৈতিক বয়ানও সঠিক নয়। তিনি তখন বন্দি ছিলেন। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি সেনাপ্রধান বা রাষ্ট্রপতিও হননি। আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে জিয়াউর রহমানকে দায়ী করে বিকৃত ইতিহাস প্রচারের মাধ্যমে জাতিকে বিভক্ত করেছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের পর দলটির কার্যকর রাজনৈতিক অস্তিত্ব নেই। গণমাধ্যমে আলোচনা, টকশো ও সংবাদ প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগকে অযথা আলোচনায় রাখা হচ্ছে। গত দুই বছরে দলটির কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক প্রতিবাদ বা সাংগঠনিক তৎপরতা দেখা যায়নি। এমন পরিস্থিতিতে আগস্ট বা ডিসেম্বরে ফিরে আসার বক্তব্য হাস্যকর ও বিভ্রান্তিকর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, জনগণের সমর্থন নিয়ে রাজপথ থেকেই সরকার ক্ষমতায় এসেছে। তাই যেকোনো অপশক্তিকে মোকাবিলায় জনগণকে সঙ্গে রাখতে হবে। জামায়াত, এনসিপিসহ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "শুধু বক্তব্য-বিবৃতি নয়, প্রতিটি জেলা ও উপজেলায় পতিত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তাদের কর্মসূচি পালন করতে হবে।"

স্থানীয় সরকার নির্বাচনে ভোটের হিসাব-নিকাশে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে বিরোধী দলগুলোর অনীহা নিয়েও সমালোচনা করেন নুর। তিনি বলেন, "নির্বাচনী সুবিধার জন্য কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান না নিলে ভবিষ্যতে তারাই ক্ষতিগ্রস্ত হবে। 'খাল কেটে কুমির আনবেন, সেই কুমির আপনাদেরই খাবে, বিএনপিকে খাবে না।'" ১৭ বছর ধরে নানা চেষ্টা করেও বিএনপিকে নিশ্চিহ্ন করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিকদের বেতনের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পরিবারের জন্য রেশনিং ব্যবস্থার বিষয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকার ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, যানজট ও জনদুর্ভোগ কমাতে ফুটপাত উচ্ছেদের পাশাপাশি হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ধরনের জনস্বার্থমূলক কাজে বিরোধী দলের ইতিবাচক সমর্থন দেওয়া উচিত। সরকারের প্রতিটি উদ্যোগের বিরোধিতা না করে ভালো কাজের প্রশংসা ও সহযোগিতা করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%